প্রায় আধা ঘণ্টা ধরে দাঁড়িয়ে আছেন তিনি মগবাজার মোড়ে। পল্টন যাওয়ার মতো একটা গাড়ীও আসছে না। বিরক্তির মাত্রাটা বাড়তে শুরু করছে। দাঁড়িয়ে থেকেই ভুল করেছেন। এতক্ষণ হাঁটা শুরু করলেই ভালো হতো। হণ্টন পদ্ধতিতে হয়তো পল্টন পৌঁছতে পারতেন। ভাড়ার টাকাটাও বাঁচত আবার হাঁটার ব্যায়ামও হতো।
আশার আলো দেখা দিয়ে অবশেষে একটি ৬ নম্বর আসছে। গাড়িতে উঠার জন্য প্রস্তুতি নিতে গিয়েই থমকে গেলেন। ওটা মতিঝিলের গাড়ি। তবুও অর্ধেক রাস্তা তো যাওয়া যাবে।
কিন্তু না বাঁধ সাধল কণ্টাক্টর- সোজা কমলাপুর, সোজা কমলাপুর। কাকরাইল যাবে না।
বিরক্ত মাপার মিটার থাকলে বুঝা যেত, মাত্রাটা সর্বোচ্চ পর্যায়েই উঠে গেছে এতক্ষণে। গাড়িতে ওঠা হলো না। আবার দাঁড়িয়ে অপেক্ষা।
কিছুক্ষণ পরই আর একটা গাড়ি এবং পল্টনেরই গাড়ি। উঠে পড়লেন। ছিটে বসতেই হেল্পারের চিৎকার- গুলিস্তান যাবে না! গুলিস্তান যাবে না!
তিনি আর থাকতে পারলেন না- ওই মিয়া! তোদের রুট কোনটা?
ভাইজান, রাস্তায় জ্যাম।
জ্যাম তো কি হয়েছে? তোদের রুট মানবি না?
পাশের ভদ্রলোক বললেন, আচ্ছা কাকরাইল পর্যন্ত যা!
হেল্পারের কথা, কাকরাইল যাইতে পারলে তো গুলিস্তানই যামু।
কি আর করার! আবার নেমে পড়লেন তিনি। কোন দিকে না তাকিয়ে এবার হাঁটতে শুরু করলেন। এটাই উত্তম পন্থা!
কিন্তু এই উত্তম পন্থা অবলম্বন করতে আমাদের সবারই একটু দেরী হয়ে যায়।
সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০০৯ বিকাল ৩:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


