যেহেতু অতিরিক্ত কিছু উপার্জন, বউয়ের গঞ্জনা (কারণ বউ মনে করে মাটি কাটার চাইতে রিকশা চালানোতে সম্মান বেশি) থেকে মুক্তি এবং এদিক-ওদিক বেড়ানোর খায়েশ নিয়ে আমাদের মনু মিয়া ঢাকা শহরে রিকশা চালাচ্ছে...
এই রিকশা চালাতে চালাতেই একদিন মনু মিয়া টের পেলো রাত ১১টার পর থেকে রিকশা চালানো টাকা-চোখ কিংবা জিহ্বার লালারস নিঃসরণের দিক দিয়ে বেশি লাভজনক;কারণ তখন পুরুষ মানুষের চেয়ে বিশেষ বিশেষ মেয়ে মানুষ তার রিকশায় উঠে- তাই মনু মিয়া কোনো কোনো রাতে রিকশা নিয়ে বেরিয়ে পড়তে শুরু করলো বউয়ের তীব্র ডাক বা আকাঙ্ক্ষা বা কামনা উপেক্ষা করে...
যদিও মনু মিয়া সচ্চরিত্রবান কিন্তু ক্ষুধার জ্বালায় মানুষ আর কতোক্ষণ চরিত্র মুঠোবন্দি করে রাখতে পারে বিশেষ করে যে ক্ষুধা লাগে চোখে কিংবা খাবার বাড়িতে ফেলে ক্ষুধাকে যখন কেউ পুঁটুলি বেঁধে বন্ধে নিয়ে যায়...
মনু মিয়া তার রিকশার আরোহীর দিকে তাকায় না খুব একটা কেবল চোরা চাহনি ছাড়া এবং প্রতিবারই কামনা করে বাতাস এলে যদি শাড়ি ওড়ে, তবে মেয়েটির সাথে কোনো পুরুষ মানুষ বসলে মনু মিয়া রিকশা রেখে দূরে যখন বিড়ি ফুঁকতে যায় তখন রিকশার হুডের ফাঁক দিয়ে দেখতে চেষ্টা করে আসলে সেখানে কী হচ্ছে এবং পরে যখন তারা রিকশা ছেড়ে সোহরাওয়ার্দী উদ্যানে ঢোকে মনু মিয়ারই বৃষ্টি তাড়ানো প্লাস্টিকের কাপড় নিয়ে...
মনু মিয়া তখন কুলুপ নিয়ে রাস্তার ধারে বসে কিন্তু কুলুপ আর লাগানো হয় না তবে কিছু এটা হয় তখন তার বউয়ের কথা মনে পড়ে যে আজ রাতে না আসলেই হতো!...
ওদিকে দিনের পর দিন উপোস থাকতে থাকতে মনু মিয়ার বউ দূর সম্পর্কের এক দেবরের কাছ থেকে খাবার পেয়ে যায় ফলে রাতে আর না খেয়ে থাকতে হয় না এবং মনু মিয়াকেও আজকাল আর কেউ রাতবিরাতে রিকশা নিয়ে বেরুতে বাধা দেয় না...
ওদিকে মনু মিয়া কিছু টাকা পয়সা জমিয়ে রিকশার আরোহীকে নিয়েই একদিন ঢোকে সোহরাওয়ার্দীতে এবং একটা নির্দিষ্ট সময় পর কাপড়চোপড় ঠিক করে চলে আসে তবে মেয়েটির বুদ্ধিতে সকালবেলা সেখানে একটি প্লাস্টিকের রক্তজবা পড়ে থাকতে দেখা যায়...
এবং মাঝেমাঝেই যেহেতু এটা হতে থাকে এবং বাসায় বউয়ের ওটা হতে থাকে তখন দুজনই একদিন নিজস্ব নারীমুখো-পুরুষমুখো হয় এবং তখনই বুঝে যায় তারা আসলে স্বাদ বদল করতে গিয়েছিলো তবে তাদের ভালোবাসাটা নাকি অটুট ছিলো...
এই গল্প অবশ্য এখানেই শেষ তবে আজকাল অবশ্য স্বাদবদল ঘনঘনই হয় তবে যেহেতু এ ব্যাপারে দুজনই দার্শনিক দৃষ্টিভঙ্গি নিয়ে উদারতা প্রদর্শন করতে চেষ্টা করে এবং একটা সময় টের পায় দর্শনটা ঠিক উপাদেয় নয় তখন কাতরতা ফুটে উঠলেও আরেকজনের খাবার সবসময় লোভনীয় বলে দোটানায় পড়ে থাকে দুজনই এবং কাতরাতে থাকে...
ফলে গল্প শেষ হয়েও হয় না শেষ এবং প্রতিটা রাতই আসলে নতুন গল্পের জন্মবিধাতা।
সর্বশেষ এডিট : ২৬ শে জুলাই, ২০০৯ বিকাল ৩:৩৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


