সকাল থেকেই অঝোর ধারায় বৃষ্টি হচ্ছিল। বিরামহীন সেই বৃষ্টি শেষে আকাশে রংধনুটার আবির্ভাব ঘটেছে এইমাত্র। কেউ যেন খুব নিখুঁতভাবে গোটা আকাশটাকে লেপে দিয়েছে সাত রঙের সাতটা তুলি দিয়ে।
বৃষ্টির ঝাপটা থেকে নিজেদের রক্ষা করার জন্য নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া পাখিগুলো আবারো ভিড় জমাচ্ছে মুক্ত আকাশে। কত্ত স্বাধীন ওরা! ইস! আমার যদি ওদের মত ডানা থাকতো! হারিয়ে যেতাম আমার এই চেনা জগতটা ছেড়ে অনেক দূরে. . .
কয়েকদিন ধরে এমন কেন মনে হচ্ছে আমার? যে আমি ঘরে থাকতে পারতাম না একদমই, নিঃশ্বাস নিতে কষ্ট হত খুব, সেই আমিই আজ স্বেচ্ছায় বন্দী হয়ে আছি এই চারকোণা ঘরটায়। অবশ্য ঘরটার সাথে এক চিলতে বারান্দাও আছে। এইটুকু জুড়েই আমার পৃথিবী।
ঘুম থেকে উঠেই চলে আসি এই বারান্দায়। মাত্র এই কয়েকটা দিনেই ভোরের লাল সূর্য দেখাটা অভ্যাসে পরিণত হয়ে গেছে আমার। যতক্ষণ না পর্যন্ত সূর্যটা গাছপালার আড়াল থেকে বের হয়ে আকাশের অনেক উপরে উঠে যায়, ততক্ষণ পর্যন্ত আমি তাকিয়েই থাকি. . .
সূর্য দেখাটা আসলে আমার একটা অজুহাত। সূর্যটা সর্বোচ্চ গাছটার নাগালের বাইরে যেতে যেতে বাসার সবাই ঘুম থেকে উঠে নিজেদের কাজে ব্যস্ত হয়ে পড়ে। তখন আমি নিশ্চিন্তে ঘরে আসি। আমি যে চাইনা, কারো সকাল হোক আমার মুখটা দেখে!
রংধনুটা মিলিয়ে যাচ্ছে আস্তে আস্তে। আকাশকে হয়তো খুব ভালোবাসে রঙধনুটা। তাই তো নিজের সবটুকু রং ঢেলে সাজিয়ে দেয় আকাশের বুক, তারপর ধীরে ধীরে আকাশের বুকেই বিলীন করে দেয় নিজেকে। আমারও খুব ইচ্ছে হয় কাব্যর বুকে মিশে যেতে। নিজেকে বিলীন করে দিতে ইচ্ছে হয় ওর অস্তিত্বের সাথে। এগুলো না হয় শুধু আমার ইচ্ছে হয়েই থাক!
সন্ধ্যা হয়ে গেছে। আস্তে আস্তে সূর্যের জায়গাটা দখল করে নিচ্ছে রূপালী চাঁদটা। বারান্দায় বসে বসে চাঁদ দেখতে ভালোই লাগে আমার। নিজের অন্ধকার জীবনটার সাথে চাঁদের আলো মিশিয়ে বুনি আমার সাদা-কালো স্বপ্নগুলো। রঙিন স্বপ্ন দেখা যে আমার কাছে এখন দুঃস্বপ্নের মত!
অথচ কিছুদিন আগ পর্যন্তও কাব্যর কাঁধে মাথা রেখে হারিয়ে যেতাম স্বপ্নের দেশে। যেখানে আমাদের স্বপ্নের প্রজাপতিগুলো ডানা মেলে উড়ে বেড়াতো সারা আকাশ জুড়ে। ও তখন আমার দিকে পলকহীনভাবে তাকিয়ে থাকত। কি যে এক অদ্ভুত মায়া ছিল সেই চোখে! মনে হত ধীরে ধীরে যেন ডুবে যাচ্ছি ঐ দুচোখে, যেখানে বইছে ভালোবাসার স্রোত।
ওর সাথে থাকা প্রতিটা মুহুর্ত আমি সযত্নে রেখে দিয়েছি আমার বুকের মণিকোঠায়। সেসব না হয় আজীবন তোমার স্মৃতি হয়েই থেকে যাবে।
আচ্ছা, কাব্য কি আর কখনো আমার দিকে ঠিক ঐভাবে তাকিয়ে থাকবে? আমাকে আগের মত ভালোবাসবে??
হঠাত্ ঘরের ভেতর থেকে ফোনটা বেজে উঠলো। অনিচ্ছাসত্বেও উঠে গিয়ে ফোনটা হাতে নিয়ে আবার বারান্দায় এলাম। কাব্যর ফোন। ফোনটা ধরে বললাম- "হুম, বলো।"
-"ব্যাপার কি? আমার টুনটুনিপাখিটা কয়েকদিন ধরে আগের মত টুনটুন করছে না কেন? কি হয়েছে বলে ফেলো তো।"
-"কিছু হয়নি তো।"
-"কিছু হয়নি বললেই হবে? আমি তোমাকে চিনি না?"
-"তেমন কিছুই হয়নি কাব্য।"
-"কিছু না হলে তুমি আজকের এই বিশেষ দিনটার কথা ভুলে যেতে?"
হঠাত্ আমার মনে পড়ল আজকের দিনটার কথা। আজ যে আমাদের ভালোবাসার তিন বছর পূর্তি! ঘড়িটার দিকে তাকিয়ে দেখি ঠিক ১২টা বাজে। প্রতিবার আমিই ওকে আগে ফোন দেই। আর আজ আমি দিনটাকে এইভাবে ভুলে গেলাম?
-"Sorry কাব্য. . .আসলে..."
-"আচ্ছা। আর কিছু শুনতে চাইনা আমি। এবার তুমি আমার কথা শোন।"
-"বলো"
-"তোমাকে আমি অনেক অনেক অনেক ভালোবাসি। আজকের চাঁদটা তোমাকে গিফ্ট করলাম।"
এই প্রথম ওকে 'ভালোবাসি' কথাটা বলতে গিয়ে গলা কাঁপছে। খুব ভয় হচ্ছে। ওর ভালোবাসাটা হারিয়ে ফেলার ভয়।
তবুও বললাম- "আমিও তোমাকে অনেক ভালোবাসি কাব্য।"
কথাটা বলতে গিয়ে ঝাপসা হয়ে এলো দুচোখ।
ফোনটা রেখে তাকিয়ে থাকলাম চাঁদটার দিকে। আজকের এই চাঁদটা যে শুধুই আমার. . .
আচ্ছা,এই কয়েকদিন ধরে যে আমি নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করছি,ও কি সেটা বুঝতে পারছে? যদি পারে, তাহলে কেন এর জন্য আমাকে কোন জবাবদিহি করতে হচ্ছেনা? ও তো কখনো এমন ছিল না। আমি কোন কারণে মন খারাপ করলে সেই কারণটা না জেনে আমাকে ছাড়তোই না। তবে আজ কেন আমার মন খারাপ নিয়ে ওর কোন মাথাব্যথা নেই??
তাহলে কি ও সবকিছু জেনে গেছে? সত্যিটা জেনে কি ও নিজেই আমাকে দূরে সরিয়ে দিচ্ছে? দিলে দিক না! আমিও তো সেটাই চাই। এই মুখে আমি ওর সামনে দাঁড়াতে পারব না। কিন্তু ওকে ছাড়া আমি থাকব কিভাবে?
এসব ভাবতে ভাবতে কখন যে রাত পেরিয়ে সকাল হয়ে গেছে, টেরই পাইনি।
হঠাত্ কলিংবেলটা বেজে উঠল। এত সকালে আবার কে আসবে? যে আসে আসুক। আমি আর কিছু না ভেবে সূর্য দেখায় মন দিলাম।
হঠাত্ আমার কাঁধে কারো স্পর্শ অনুভব করলাম। খুব চেনা লাগল স্পর্শটা। শরীরের ঘ্রাণ তো একদম কাব্যর মত।
-"কাব্য তুমি? এখানে?"
আমি সাথে সাথে দুহাত দিয়ে ঢেকে ফেললাম আমার বিভত্স মুখটা। ওকে আমি কখনো দেখাতে চাইনা এই মুখটা,কখনো না
কাব্য আমার হাত দুটো মুখ থেকে সরিয়ে শক্ত করে চেপে ধরে বললো- "কি ভেবেছিলে তুমি? সবকিছু জানলে আমি তোমাকে দূরে সরিয়ে দেবো,তাই তো? তুমি কি জানো, যেদিন মানুষরূপী পশুগুলো এসিড মেরে ঝলসে দিয়েছিল তোমার সুন্দর মুখটা, সেদিনই তোমার মা আমাকে ফোনে সব জানিয়েছে।"
-"কি বলছ? তুমি সব জানতে?"
-"হুম, জানো সেদিন খুব ইচ্ছা করছিলো তোমার তুলতুলে গালটা একটু ছুঁয়ে দিতে। হোক না সেটা দগ্ধ! কিন্তু এতদূর ছুটে আসাটা সম্ভব হয়নি।"
-"আজ এলে যে?"
-"এই বিশেষ দিনে আমার পাগলীটা মন খারাপ করে বসে থাকবে,তা কি হয়? তাই সব কাজ ফেলে ছুটে এলাম।"
-"তুমি এত ভালোবাসো আমায়?
-"হুম,আমি তোমাকে পৃথিবীর সবকিছুর চেয়ে বেশি ভালোবাসি। তাই তো এই মুখটা এখনো আমার কাছে আগের মতই প্রিয়।"
আমার চোখের জল মুছিয়ে আমাকে বুকে জড়িয়ে ধরে বললো- "আমাকে আজ কোন গিফ্ট দেবে না?"
-"বলো, কি চাও?"
-"এই পবিত্র মুখটা দেখে ঘুম থেকে উঠার অধিকার চাই, দেবে?"
আমার দুচোখ থেকে সুখের যে অশ্রুজল গড়িয়ে পড়তে লাগলো, তার প্রতিটি ফোঁটা নীরবে উত্তর দিল- "দেবো, দেবো, দেবো . . . . ."
উত্সর্গ: সেই মানুষটাকে, যে আমাকে ভালোবাসতে শিখিয়েছে।
সর্বশেষ এডিট : ৩০ শে জুন, ২০১২ রাত ৮:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




