আমার প্রতিটি লোমকূপে লেগে আছে এই দেশের ধুলো। এই দেশের মেঠো পথ, খাল-বিল, নদী-নালা আমায় জড়িয়ে রেখেছে ভালবাসার বন্ধনে। মাটির সোঁদা গন্ধ, কাঁচা-পাকা ধানের মাঠ, সবুজে ছাওয়া বন। আমাকে ক্লান্ত হতে দেয় না। বাতাস যখন আলোড়ন তোলে ধানের বুকে, যখন নুয়ে নুয়ে যায় পাটের ক্ষেত, যখন ঢেউ উঠে নদীর বুকে। তখন মন বলে উঠে বিধাতা তুমি ধন্য করেছো আমায়, তুমি ধন্য করেছো আমায়।কি এক লজ্জায় সারাক্ষনই লাল হয়ে থাকে শিমুলের ডালগুলো। আর তাতে নেচে বেড়ায় কোকিল শুনিয়ে যায় দেশের গান। আর ফুলেরা হেসে হেসে স্বাগত জানায় মৌমাছিদের। ধান শালিকের বনে বসে সুরের প্রতিযোগিতা। শীত এসে শুনিয়ে যায় ঝরাপাতার গান। আর কুয়াসা ভেজানো খেজুরের ঘ্রাণ। জানালার ফাঁক গলে কাপিয়ে দিয়ে যায় শীতের হিম হাওয়া। যেন দুষ্ট কোন কিশোরীর আদর। শিশিরেরা সজীব করে তোলে মাঠের ঘাসগুলো আর তাতে রং এর বর্নালী একে দেয় সূর্যি মামা।
চাষিরা লাঙ্গল কাধে রওনা হয়ে যায়। শিশুরা গায়ে মাখে সকালের মিঠে রোদ। পরমানন্দে আকাশে বুকে ডানা মেলে গাঙ্গচিল। ভাঙ্গা আর গড়ার খেলায় যেথায় নিত্য ছুটে চলে তটিনী। যার বুকে গান গেয়ে সূদুরে যায় পাল তোলা খেয়ার মাঝি। নানান রুপে অপরুপ এই দেশ আমার প্রথম প্রেম, প্রথম ভালবাসা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


