তুমি আজ বহুদূরে চলে গেছ, নব উদ্দামে জীবনের পথ খুজছ নতুন রুপে নতুন ঢঙে। পেয়েছ কিনা জানি না? জানার প্রয়োজনও নেই। চুপি চুপি যখন এসে বলেছিলে, চল হারিয়ে যাই দু'জনে সমুদ্রে। সেই স্মৃতি আজও আমায় কাঁদায় কেন জানি না। এরপর তোমার সাথে আর কোনদিন চোখাচোখি হয় নি। তোমার মুখ-খানাও আর দেখি নি।
কালের পরিক্রমায় যখন শুনলাম তুমি মুসাফির বেশে ঘুরে বেড়াচ্ছ শহরে-নগরে, তখন ঠিক করলাম তোমার সাথে একবার হলেও মুখো-মুখি হই। কিন্তু সে সুযোগ পেলাম না। তুমি অধরা রয়ে গেলে। তখন একদিন ঠিক করলাম, তোমার মতই ভবঘুরে বা মুসাফির যাই বলি না কেন তাই হতে হবে।
গাছের ফুল ঝরে গেল, নতুন পাতা গজাল, নবান্ন এল, নদীতে কত বার যে জোয়ার-ভাটা হল তবু আমি মুসাফির হলাম না। বলতে পার সে সাহস আমার হল না। কেন হল না? কারণ হয়ত একটাই আমি তো তুমি না। তুমি আমাকে যতটা ভালবাসতে পেরেছ, আমি তো তা পারি নি।
তাই এখনও সংসার নামক কারাগারে বন্দী হয়ে হা-হুতাশ করছি। তিনটে ছেলে-মেয়ের মা হয়েছি। স্বামী এখন বিরাট সরকারী কমকর্তা। সবই করছি। তবু বুকের কোন এক কোণে এখনও তুমি লুকিয়ে আছ, কিন্তু কোন কোণে সেটা আচ করতে পারছি না। মাঝে মাঝে জান, আমার বাম দিকে ব্যথা করে উঠে। হয়ত সেখানেই আছ। ব্যথা হওয়ারও কারণ হয়ত তুমি। তুমি বারবার মনে করিয়ে দিতে চাও, তোমার কথা, তা আমি বুঝতে পারি। কিন্তু তোমার মত সাহস তো আমার নেই।
এখন আমি বুঝতে পারি, তুমি কতটা ভালবাসতে আমায়। এতটা ভাল না বাসলে কেউ মুসাফির হতে পারে না। জানি কোনদিন চেষ্টা করেও তোমার মত হতে পারব না। তুমি থাক আমার মাঝেই। তা জেনেও মুখ বুজে থাকি।
হয়ত কোনদিন অন্য কোন জনমে, তোমার-আমার দেখা হবে, তখন বুকে জড়িয়ে ধরে আমায় ভালবেস।
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০১৬ রাত ৯:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


