সময়টা ১৯৭১, একটি অসহায় পরিবার গ্রামের রাস্তায় দাড়িয়ে আছে।
পাকিস্তানী সেনাদের ভয়ে শহর ছেড়ে গ্রামে এসেছে। গ্রামে কোন আত্মীয়স্বজন না থাকায় বুঝতে পারছেনা কোথায় যাবে। পরিবারের কর্তা অসহায়ভাবে এদিক ওদিক তাকাচ্ছে। রাত বাড়ছে, সাথে তরুণী মেয়ে, কি করবে কিছুই বুঝতে পারছেনা। তার স্ত্রীর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে।
গ্রামের একজন লোক পাশ দিয়ে যাচ্ছিল, সে তাদের কাছ থেকে সমস্ত ঘটনা শুনে, নিজের বাড়িতে নিয়ে গেল। তাদের থাকা খাওয়ার ব্যাবস্থা করলো।
দেশের চরম দুঃসময়ে সারা বাংলাদেশ যেন এক হয়ে গিয়েছিল। তাই কোন যুবক, অসহায় তরুণীকে নির্বিঘ্নে তার ঠিকানায় পৌঁছে দিয়েছে।
অল্প খাবার সবাই মিলে খেয়েছে তৃপ্তি সহকারে।
আজ দেশ স্বাধীন। একটি বাংলাদেশ পেয়েছি আমরা, কিন্তু বাংলাদেশীরা সবাই বিচ্ছিন্ন হয়ে গেছি। আমাদের সেই একাত্তরের চেতনা, জাতীয়তাবোধ আমরা হারিয়ে ফেলেছি। আজ চলছে হত্যার রাজনীতি, সংঘাতের রাজনীতি। প্রচণ্ড দুঃসময়ে যে মানুষগুলো এক হয়েছিল, আজ সুসময়ে তারা একে অপরের শত্রু হয়ে গেল।
আমরা কি পারতাম না এই দেশটাকে ভালবাসতে? কার জন্য এসব হচ্ছে, কি জন্য এসব হচ্ছে, আমরা তা না দেখেই চিলের পিছনে দৌড়াতে শুরু করেছি। আজ আমরা নষ্ট হয়ে গেছি। আমরা আজ পচে গেছি। এই পচে যাওয়া আমরা শুধু সমাজের বুকে দুর্গন্ধ ছড়াচ্ছি।
কিন্তু সবাই একটু সহনশীল হলেই আমরা সেই একত্ববোধটা ধরে রাখতে পারতাম। স্বাধীনতা বিচ্ছিন্ন হওয়ার জন্য আসেনি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




