আমার নারীত্বকে আমি অনুভব করি
কারণে অকারণে, ক্ষণে ক্ষণে, সচেতনে আর অবহেলায়
যখন দেখি ছোট্ট শিশু ধুলোয় বসে করছে খেলা
আদর করে গালটা টিপে বলি, "পরী, তুই বুঝি হারিয়ে গেছিস এই সন্ধ্যেবেলা?"
আমার নারীত্বকে আমি অনুভব করি
গভীর রাতে পাশের বাড়ির নিঃসঙ্গ মানুষটার কান্না শুনে
বুকের মাঝে তীব্র ব্যথা জাগে। রাত কাটিয়ে দেই তারা গুনে গুনে
আমার নারীত্ব কথা বলে ওঠে কখনও মিছেমিছি
ভোরের সূর্যের কোমল আলোকচ্ছটা মাখামাখি হয় ঘাসের বুকে
টলেটলে শিশিরকণা পেয়ে যায় হীরের দ্যূতি
আবেগে উচ্ছ্বাসে আমি দূরে...বহুদূরে ছুটি
পাগলাটে, ভবঘুরে যুবকের জন্য থৈ থে করে অপার ভালবাসা
বাদামের খোসায় উড়োউড়ো আড্ডা আর শেষ বিকেলের মন খারাপ করা গল্পে
প্রেমে আর মমতায় আমার নারী মন জোগায় তাকে আশা
প্রেমময়ী, সর্বসহা, করুণায় আর্দ্র নারী আমি
শান্ত, লক্ষ্মী বটে।
তবু মনে রেখো প্রশান্ত মহাসাগরেও বিশাল ঝড় ওঠে!
আমার নারী হৃদয় উত্তাল হয় বিক্ষোভে আর সংগ্রামে
থর থর কাঁপে, ভেঙে চুরে দেয় শোষন আর অন্যায়ের নামে
যখন তুমি আঘাত করো আমার কোমল মনকে
ধর্ষনে, লুন্ঠনে আদিম বন্য পশুত্ব দেখাও তোমার
জেনে রেখো নারীর অপরাজেয় শক্তিকে
চূর্ণ করি তোমায় দ্বিগুণ প্রতিরোধে
দ্রোহের মন্ত্রে দীক্ষা আমার
আমিই প্রীতিলতা
ফরাসি দেশে জন্মেছিলাম
নাম জোয়ান অব আর্ক
সুলতান রাজিয়াও পূর্বসুরী আমার।
যুগে যুগে আমি দ্রৌপদী,
মেরী উইলস্টনক্রাফট,
সরোজিনী নাইড়ু....
আমিই প্রেমিকা
চন্ডালিনী আমি
আমিই মাতা
শাস্তিদাতা
আমার মাঝেই পাবে তুমি জগতের সব রূপ
হিংসে করোনা, আঘাত করো না, ভালবাসা পাবে খুব খুব।
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




