"আমার স্বামী নেই, পুত্র নেই, মিত্র নেই, পিতা নেই। আমি একাকী।"
পাশাখেলার জনাকীর্ণ সভাতে দ্রৌপদীর বস্ত্রহরণের যে অপমান , সেটা তাকে কতটা যে দুঃখ দিয়েছে 'মহাভারত'-এর কবি তা আমাদের স্মরণ করিয়ে দেন দ্রৌপদীর সাথে তার সখা কৃষ্ণের সাক্ষাৎকারের ভেতর দিয়ে।
দ্রৌপদীরা তখন বনবাসে। কিন্তু তিনি বনবাসের কষ্টের কথা বলছেন না, রাজার মেয়ে ভিখারী হয়েছেন, এ নিয়ে তাঁর কোনও অভিযোগ নেই, তাঁর ক্ষোভ সেই অপমান নিয়ে। সেই যুধিষ্ঠিরের পাশা খেলায় দ্রৌপদীকে পণ করা এবং হেরে যাওয়া। অতঃপর প্রকাশ্য দরবারে শত শত পুরুষ মানুষের উপস্হিতিতে, অধিকাংশের জন্য উপহাসের, অল্প কয়েকজনের জন্য করুনার পাত্র হয়ে বস্ত্রহরণের নির্মম খেলা 'মহাভারত' এর এই নায়িকাকে যে কতটা অভিভূত করেছিল তা আমরা অনুমান করতে পারি।
অপমান! পদে পদে অপমান! অপমান পাশাখেলার আসরে। অপমান আরও কিছুকাল পিছিয়ে স্বয়ংম্বরা সভার সমাপনীতে যখন শ্বাশুড়ি কুন্তির সামান্য ভ্রান্তিপূর্ণ উক্তি "যা এনেছো, পাঁচ ভাইয়ে সমানভাবে ভাগ করে খাও" আজীবনের জন্য তাঁকে পরিনত করল পাঁচ ভাইয়ের সাধারণ ভোগ্যসম্পদে। কবি ব্যাস এসময় পাঠকদের সান্ত্বনা দিতে হাজির করলেন অদ্ভুত গল্প। বললেন, "ওই পাঁচজন আসলে একজনই। তাঁদের সবার মাঝে ইন্দ্র আছেন, পাঁচ রূপে, পঞ্চ ইন্দ্রিয়ের ন্যায়"।
আহা! কত সৌভাগ্যবতী নারী যে ইন্দ্রের পাঁচরূপকে একই সাথে নিজের মাঝে ধারণ করতে পারবেন!
কিন্তু একসঙ্গে পাঁচজন স্বামী পেয়ে দ্রৌপদী নিজের পঞ্চ ইন্দ্রিয় কে তৃপ্ত করছেন এমনটা কল্পনাতেই সম্ভব। বাস্তবে ব্যাপারটা অসম্ভব, কেননা তা অমানবিক।
প্রথমত, দ্রৌপদী তেমনটা চাননি। তিনি ভালবেসেছিলেন এবং বরমাল্য দিয়েছিলেন শুধুমাত্র অর্জুনকেই।
দ্বিতীয়ত, পাঁচজন স্বামী যদি চাইতেনও তবু তারা পরস্পর ভাই হবে, যিনি ভাসুর তিনিই স্বামী, আবার যিনি স্বামী তিনি আবার দেবরও, প্রত্যেকের সঙ্গে বাধ্যতামূলকভাবে এক বছর করে থাকতে হবে, পালাক্রমে, প্রত্যেককে একটি করে সন্তান উপহার দিতে হবে এবং সেই সন্তানকে পুত্র সন্তানই হতে হবে- এই যে ব্যবস্হা তাতে নারী ব্যবহৃত হচ্ছেন যন্ত্রের মত। তাঁর অবস্হা নারী স্বাধীনতার দৃষ্টান্ত নয়, চরম পরাধীনতার নিদর্শন বটে।
দ্রৌপদী এক পর্যায়ে আফসোস করে বলেছেন, "দেখতে পাচ্ছি, মানুষ হচ্ছে কাঠের পুতুল, দেবতারা তাদের নিয়ে ইচ্ছেমত খেলা করে।"
তিনি বলতে পারতেন দেবতাদের নয়, ব্যবস্হাটা মানুষেরই তৈরী। পুরুষ মানুষের। পুরুষ মানুষ জুয়া খেলে এবং যুদ্ধ করে। তারাই কারণ। নিজেরাই। নারী শুধু দূর্ভোগই সহ্য করে। কী পুরানের গল্পে, কী আধুনিক যুগের ঝাঁ-চকচকে মোড়কে সজ্জিত সমাজে। এসব কথা তিনি বলেননি। এসব বলা হয় না, বলা যায় না।
সবকিছু পুরুষতান্ত্রিক। কেবল পুত্র, পুত্র, এবং পুত্র। যার পুত্র নেই তার কিছু নেই। নিজের ঔরসে না জন্মালে ক্ষেত্রজ হলেও চলবে। ধৃতরাষ্ট্রের পুত্র একশ'জন, কন্যা একটি। পাণ্ডবদের প্রত্যেকের একটি করে পুত্র, কন্যা নেই। দ্রৌপদী যে ঘৃণা প্রকাশ করেছেন তাঁর সে ক্ষমতা খুবই কমে যেত যদি তিনি পুত্র সন্তানের পরিবর্তে পাঁচটি কন্যা সন্তানের জন্ম দিতেন। বালাই ষাট!
এমনকি দ্রৌপদীর জন্মও ছিল অনাকাংখিত। পিতা দ্রৌপদ যে ব্রত করেন তা পুত্র সন্তানেরই জন্য। ভাইয়ের সাথে এই অগ্নিকন্যার ধরায় আগমন ছিল নিতান্তই বাড়তি, সহজ বাংলায় যাকে বলে "ফাও"।
হায়রে নারী! আজও কী তুমি সেই মহাভারতের অতিপ্রাকৃতিক আধিভৌতিক জগতের অবস্হান থেকে বিন্দুমাত্র উন্নতি করতে পেরেছ নিজেকে?
দ্রৌপদী তেজস্বী, প্রতিবাদী, দুঃসাহসী, প্রতিশোধপরায়ন নারী। যেন এক জ্যা-বিহীন ধনুকেরই প্রতিমূর্তি। আবার সেই অগ্নিকন্যারও আছে আত্মসমর্পনের অধ্যায় এবং সেটিই সবচেয়ে করুন। এই যে আত্মসমর্পন, একে অধঃপতন বলি কিংবা পরিস্হিতির কাছে অসহায়ত্ব বলি, দ্রৌপদী তথা সকল নারীর জীবনের এটি খুবই মর্মন্তিক সত্য। দ্রৌপদীর রুখে দাঁড়ানো তাঁর এই আত্মসম্মানকে আরও প্রত্যক্ষ করে তোলে, আকাশের বিদ্যুল্লতায় যেমন ধরণীর সরোবরকে দেখা যায়, অনুমান করা যায় তার গভীরতাও। আমরাও অনুমান করতে পারি কতটা অচরিতার্থ এবং কেন অচরিতার্থ দ্রৌপদীর জীবন।
আজকের নারী পুরানের সেই মহানায়িকাকে কতটুকু অতিক্রম করতে পেরেছে? কোন কোন ক্ষেত্রে? বরং ক্ষেত্রবিশেষে নারী আজ আরও বেশি অবলা, রুদ্ধদ্বারবাসিনী, ভীতু ও নির্যাতনসহা। শৃঙ্খলকে অলংকার ভাবতে থাকা নারীর সংখ্যা আরও বেশি সেই পৌরানিক গালগল্পের জগতের চেয়ে। ক্ষোভ আজ লুপ্ত ষড়যন্ত্রে জালে।
পুরুষতন্ত্রের জয় যুগে যুগে!
জয় শোষনের, জয় দুঃশাসনের!
(উদ্ধৃতিসহ কাহিনী বর্ণনা প্রফেসর সিরাজুল ইসলামের লেখনী হতে)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




