নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) নব নির্বাচিত মেয়র সেলিনা হায়াত আইভীকে অভিন্দন জানিয়েছেন আওয়ামী লীগ সমর্থিত পরাজিত প্রার্থী শামীম ওসমান।
সোমবার বিকেল সাড়ে তিনটায় শামীম ওসমানের পিতৃনিবাস হীরা মহলে এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে তাকে অভিনন্দন জানান।
শামীম ওসমান বলেন, এ নির্বাচনে আমি পরাজিত হলেও আমার নেত্রী এবং আমার দল বিজয়ী হয়েছে।
এ সময় তিনি গতকালের অভিযোগগুলো প্রত্যাহার করে নেন।
শামীম ওসমান আরও বলেন, পরাজয়ের মাধ্যমেও অনেক কিছু শেখার আছে।
সংবাদ সম্মেলনের শুরুতে তিনি সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, ‘সবার কাছে ধন্যবাদ প্রকাশ করছি, নির্বাচনে অক্লান্ত পরিশ্রম করেছি। আমি যেভাবে কথা বলবো সেভাবেই উত্থাপন করলে খুশি হবো। বেশি প্রশ্নের জবাব দিতে পারবো না, আপনারা নির্বাচনকে সার্থক করেছেন। দেশবাসীসহ সারা বিশ্ববাসীর সামনে আপনারা এ নির্বাচনকে তুলে ধরেছেন।’
শামীম ওসমান বলেন, ‘যাকে প্রথম থেকেই ছোট বোন হিসেবে দেখেছি সে নির্বাচিত হয়েছে আমি তাকে অভিনন্দন জানাচ্ছি। যে কমিটমেন্ট দিয়ে তিনি নির্বাচিত হয়েছেন তিনি যেন তা পূরণ করতে পারেন। আল্লাহ বব্বুল আলামিন যেন তাকে তা পূরণ করার শক্তি দেন। গতকাল যে অভিযোগগুলো করেছিলাম আমি তা প্রত্যাহার করে নিচ্ছি। তাৎক্ষণিক অভিযোগ দিয়ে আমি এসব অভিযোগ দিয়েছিলাম। পরে যাচাই বাছাই করে তা প্রত্যাহার করছি। এতো বড় একটি নির্বাচনে ছোট খাট কিছু সমস্যা থাকতেই পারে।’
তিনি বলেন, ‘আমি রাজনীতি করি, রাজনীতিতে আছি এবং থাকবো। এ নির্বাচনে আমার পরাজয় হলেও আমার দলের এবং আমার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিজয় হয়েছে। অনেকেই আশঙ্খা করেছিল দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া সম্ভব নয়। শেখ হাসিনা সরকার তা প্রমাণ করেছেন। দেশবাসী এ নির্বাচন থেকে শিক্ষা নিবেন।’
তিনি বলেন, ‘আমাকে সন্ত্রাসী বানাতে গিয়ে পুরো নারায়ণগঞ্জবাসীকেই সন্ত্রাসী বানানো হয়েছিল। এখন এ বদনাম দূর হয়েছে। আমি রাজনীতি না করলেও নারায়ণগঞ্জবাসীর সেবা করে যাবো। আমার ছোট বোন নির্বাচনে জয়ী হয়েছে, আমরা ছয়জন নির্বাচনে দাঁড়িয়েছিলাম একজন বিজয়ী হয়েছি। সেটাই স্বাভাবিক।’
শামীম ওসমান বলেন, ‘পধানমন্ত্রী সরকার প্রমাণ করেছে ইচ্ছা করলেই সুষ্ঠু নির্বাচন করা সম্ভব। আমি এক স্বপ্ন দেখেছিলাম, আইভী এক স্বপ্ন দেখেছে। প্রথম নির্বাচিত মেয়র হিসেবে (আইভী) তার পাশে সব সময় থাকবো। যে টুকু স্বপ্ন নারায়ণগঞ্জবাসী দেখেছে আইভী হয়তো তার চেয়েও বেশি পূরণ করতে পারবে। সে সহযোগিতা চাইলে করবো। না চাইলেও হাত বাড়িয়ে দিবো।’
এ সময় তিনি বলেন, ‘অনেক বিতর্ক আছে, কথা আছে, প্রমাণ আছে তা বললে হয়তো আরও বিতর্কের সৃষ্টি হবে। আমাদের পরিবার নিয়ে অনেক অপপ্রচার হয়েছে আপনারা (সাংবাদিকরা) এক মাস আমাদের পাশে থেকে আমাদের কথা শুনেছেন আমাদের আচরণ দেখেছেন, বড় ভাই হিসেবে নয় মেয়র আইভীকে একজন সাধারণ নারায়ণগঞ্জবাসী হিসেবে বলবো যেন তার কথায় কেউ কষ্ট না পায়।’
শামীম ওসমান বলেন, ‘আমি সব সময় প্রগতীর পক্ষে, যদ্ধাপরাধীদের বিরুদ্ধে কথা বলতে চায়। আমৃত্যু মানুষের পাশে থাকতে চাই, সেবা করতে চাই। এ নির্বাচনের ডামাডোলে কোনও প্রতিদ্বন্দ্বী প্রার্থী আমার কথায় কষ্ট পেলে আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি।’
আইভী সম্পর্কে তিনি বলেন, ‘আমি জয়ী হলে এতক্ষণ তার বাসায় যেতাম। সে ছোট বোন তাই আমি তো তাকে সালাম করতে পারি না, আমি তার মাকে সালাম করতাম। আমি ভেবেছিলাম সে আসবে একসঙ্গে আনন্দ করবো। কিন্তু সে আসেনি। আমি সকালেই তাকে ফুল পাঠিয়ে অভিনন্দন জানিয়েছি।’
এ সময় উপস্থিত ছিলেন, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন শাহ, সহ-সভাপতি ওয়াজেদ আলী খোকন, জেলা যুব লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত বাদল প্রমুখ।
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


