আমি একটা ছায়া বয়ে চলেছি নিজের সাথে সর্বদা।
কেউ বলে- ওটা তোমার প্রতিকৃতি, আবার-
কেউ বলে- ওটা তোমার অধরা অবয়ব।
মাঝে মাঝে সেই ছায়াটাই আমাকে ছাপিয়ে উঠে
ক্রমে দীর্ঘ থেকে দীর্ঘতর হতে থাকে আর
আমার অস্তিত্বকে দাঁড় করিয়ে দেয় এক অজানা
প্রশ্নের সামনে। আমার সম্মোহনের পৃথিবীর রঙ্গিন
কাঁচগুলো ঝনঝন শব্দে ভাঙ্গতে থাকে,ক্ষয়ে যাওয়া
মূল্যবোধের শেষ তলানিটুকু সাপের মতো হঠাৎ মাথা
তুলে দাঁড়ায়। অবিরাম ভাঙ্গতে ভাঙ্গতে, নিজের ভেতর
নামতে নামতে আমি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর হতে থাকি,
আর শেষে বিন্দুতে পৌঁছালে সে প্রশ্ন করে-
এবার বুঝতে পেরেছো অর্বাচীনতায় কতটা
অন্ধ হয়ে ছিলে এতোদিন? বুঝতে পেরেছো তোমার
জরতী ভাবনারা কতো তুচ্ছ মহাকালের খতিয়ানে?
আমি নির্বাক- ভাবনায় শুধু একটি কথাই ঘুরপাক খায়-
সবার ছায়াগুলি যদি ঠিক এভাবে প্রশ্ন করতে জানতো !!! [/সাইজ] [/রং]
সর্বশেষ এডিট : ০৩ রা আগস্ট, ২০০৬ সকাল ১০:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




