তোমার জন্য একটা জলপ্রপাত এনেছি।
না, মোহনীয় জলতরঙ্গে হৃদয়ে পুলক জাগাবার
জন্য নয়, বিস্ময়ে মুগ্ধ হয়ে চেয়ে থাকার জন্যও নয়।
এনেছি তোমাকে শুদ্ধ করতে, তোমার ঘুণে ধরা জরতী
বিশ্বাসগুলোকে আর কলঙ্কিত ইতিহাসের প্রকোষ্ঠগুলোকে
প্রভাতের শুভ্র সাগরের ফেনিল জলের মতো
পরিশ্রুত করতে, সত্যাগ্রাহী করতে তোমার অন্তরকে।
আজ তোমাকে তুমুল ভেজাবো বলে
নায়াগ্রাকে আমার সাথে করে নিয়ে এসেছি।
ভিজতে ভিজতে, ভাঙ্গতে ভাঙ্গতে
তোমার তুমিতে নামতে নামতে যখন-
সমর্পণের যূপকাষ্ঠে নিজেকে আত্মাহুতি দেবে,
বিবেকের দংশনে জর্জরিত হবে,অঙ্গার হবে
অনুশোচনার অনলে- অবুঝ শিশুর মতো
দু'চোখ মেলে তাকাবে, খুজঁবে পরম নির্ভরতা-
নিশ্চিত জেনো, আমি এসে ধরবো তোমার দুটি হাত।
বুঝে নিও- তুমি তখন নির্মল, বিশুদ্ধ পারিজাত।
[/সাইজ] [/রং]
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০০৬ রাত ৮:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



