কতদূরে যাবে?
মৃত্যু মানেই কি
চিরতরে চলে যাওয়া?
না, তা নয়। বরং-
তার চেয়ে বেশি ফিরে আসা বার বার।
তুমিই তো গেয়েছিলে ইলেকট্রার গান,
নিহত জনক এ্যাগামেননকে শুনিয়েছিলে
আগামীর বিশ্বাস, হাওয়ার নীলিমায়
জ্বলন্ত মেঘের মতো উড়িয়েছিলে আসাদের শার্ট,
মৌলবাদীর শিশ্নসমাবেশে জ্বালিয়েছিলে
দ্রোহের দীপক রাগ- সেই রাগিনি আজ
শত বীণার ঝংকার হয়ে রাজপথ পেরিয়ে
ব্যারিকেড ডিঙিয়ে পৌঁছে গেছে বস্তিবাসী ফুল্লরার ঘুপচি-ঘরে।
অগনন হৃদয়ের অবারিত প্রেম শুধু তোমারই জন্যে,
চিরভাস্বর তুমি মানসপটে চিরকাল।
হে কালজয়ী কবি,
কালের ঈগল-
আমি নিশ্চিত, তুমি ফিরে আসবেই-
অভ্রভেদী আলোকডানার বিস্তারে
আমাদের স্মরণে বার বার,
চেতনার জ্বলজ্বলে রাঙা পোস্টার হয়ে।
সর্বশেষ এডিট : ১৭ ই আগস্ট, ২০০৬ সকাল ১১:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



