আওয়ামী লীগঃ নেতৃত্বে অনাকাঙ্ক্ষিত উপসর্গ
এম আবদুল হাফিজ
শেখ হাসিনা আওয়ামী লীগের বিশতম কাউন্সিল অধিবেশনে ষষ্ঠবারের মতো দলীয় সভাপতিত্বে অধিষ্ঠিত হলেন। প্রায় তিন যুগের কাছাকাছি সময় ধরে দলের সভানেত্রী থাকা ছাড়াও দ্বিতীয় মেয়াদে তিনি দেশের প্রধানমন্ত্রী। তার জন্য আবারও দলীয় প্রধানের পদে অধিষ্ঠান দৃষ্টিকটু হলেও আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে এমনটি হওয়াই স্বাভাবিক ছিল। কালেভদ্রে এমন একজন মঞ্চ-প্রস্তুতিসম্পন্না, প্রস্তাবিত ও সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে কেউ প্রতিযোগিতায় অবতীর্ণ হতে সাহস সঞ্চয় করবেন। অথচ বিভিন্ন সংবাদপত্রের অনানুষ্ঠানিক জরিপে কিন্তু দলীয় সমর্থক, মাঠ পর্যায়ের কর্মী এবং সাধারণ মানুষের প্রত্যাশা ছিল একটি নতুন নেতৃত্বের এবং দলীয় কাউন্সিলগুলো অনুষ্ঠিত হওয়ার উদ্দেশ্যও দলে নতুন রক্তের সঞ্চালন। এছাড়া একটি দীর্ঘ বিতর্কিত ও বহুল আলোচিত সময়ের ব্যবধানে অনেকের মনে জমেছিল অনেক প্রশ্ন, যার একটি বিশদ, প্রাঞ্জল ও খোলামেলা আলোচনার প্রয়োজনও এই কাউন্সিলে ছিল বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন।
পক্ষান্তরে আওয়ামী লীগের দীর্ঘ প্রতীক্ষিত এই কাউন্সিল যেভাবে তড়িঘড়ি করে অনুষ্ঠিত হলো এবং কোনো বিতর্ক বা মতান্তর ছাড়াই একদিনেই তার যবনিকাপাত ঘটল তাতে এমন ভাবার যথেষ্টই অবকাশ আছে যে, অন্দরমহলের গুটিকতক পাওয়ার ব্রোকার একটি পাওয়ার প্লের মঞ্চায়ন করে পহৃর্বাহ্নে গৃহীত সিদ্ধান্তগুলোর ঘোষণা দেওয়ার ছুতোয় এই ফেস্টিভিটির আয়োজন করে। এটিই বহুল প্রচারিত আওয়ামী লীগের ২০তম কাউন্সিল অধিবেশন। অথচ প্রচলিত ধারণা অনুযায়ী, কাউন্সিল মানেই দলের অতীতকে ব্যবচ্ছেদ করে সাফল্য-ব্যর্থতার খতিয়ান গ্রহণ করার পর দলকে সময় থেকে সময়ান্তরে নিয়ে যাওয়ার উপযোগী নেতৃত্ব অস্তিত্বে আনা। এমনই প্রক্রিয়ায় বঙ্গবন্ধুর মতো ব্যক্তিত্বরাও নেতৃত্বে আসতে পেরেছিলেন।
আওয়ামী লীগের ২০তম কাউন্সিলে স্পষ্টতই সেই প্রত্যাশা পহৃরণ হয়নি, অর্জিত হয়নি, অর্জিত হয়নি কাউন্সিল অধিবেশন অনুষ্ঠানের প্রচলিত উদ্দেশ্য। তবে এর ভেতর দিয়ে সামগ্রিকভাবে একটি ভয়াবহ উপসর্গ পরিস্ফুট হয়েছে। তা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলের ওপর একচ্ছত্র প্রভাব এবং তারও এ প্রভাবকে উপভোগ করার অদম্য প্রবণতা। তিনি হয়তো আকারে-ইঙ্গিতে দেশবাসীকে বুঝিয়ে দিতে চান, তিনি শুধু দলের জন্য নয়, দেশ ও জাতির জন্যও অপরিহার্য। যদিও এতে এককভাবে তার কোনো কৃতিত্ব নেই। ক্ষমতাসীন সব দলের নেতৃত্বের ভাগ্যেই এমনটা হয়ে থাকে।
আমাদের এই নশ্বর জীবনে অপরিহার্যতা বলে কিছু থাকার কথা নয়। তবু সেই উপসর্গ চাটুকার, স্তাবক ও মোসাহেবদের বদৌলতে বারবার আমাদের রাজনীতিতে ফিরে এসেছে। এরা বঙ্গবন্ধুকেও এ দেশের জন্য অপরিহার্য করে তুলেছিল। অথচ তার ট্র্যাজিক মৃত্যুর পর মাত্র চার জাতীয় নেতা ও কতিপয় অন্ধভক্ত ছাড়া সবাই ঘাতকদের সরকারে জুটেছিল। বঙ্গবন্ধু না হয় সরল মনের সহজ মানুষ ছিলেন। জীবনের নানা ঘাত-প্রতিঘাত এবং পঁচাত্তর-পরবর্তী কুটিল রাজনীতির চড়াই-উতরাই ও দুর্গম-বক্র পথ অতিক্রম করেও হাসিনা যে সেই স্তাবকদের খপ্পরে পড়তে পারেন_ সেটাই বিস্ময়!
তারা তাকে ষষ্ঠবার সভাপতিত্বের মাল্য পরিয়ে দিল। সেই মুহৃর্তে মাননীয় প্রধানমন্ত্রীর অভিব্যক্তি দেখে তাকে নিতান্তই গতানুগতিক আটপৌরে ও নিষ্প্রভ মনে হয়েছিল। অথচ তিনি ইচ্ছা করলেই ভারতের সোনিয়া গান্ধীর অন্তত সমকক্ষ হতে পারতেন। তখন আমার মনে হয়েছিল প্রধানমন্ত্রী হওয়ার আগেও বিগত সাত বছরের ঝঞ্ঝাসংকুল রাজনীতিতে তিনি অনেক বেশি ক্ষমতাবান ছিলেন। পদ বা পদমর্যাদা সবসময়ই মানুষকে বাড়তি ক্ষমতা দেয় না। যতটুকু দেয় তার বেশি কেড়ে নেয়।
এই নশ্বর পৃথিবীতে স্থায়িত্ব, অপরিহার্যতা ও অবিনশ্বর হওয়ার উদগ্র বাসনা একেবারেই শ্রান্তিবিলাস। আফটার অল (জীবনের সকল) 'সঞ্চয় দিনান্তে নিশান্তে শুধু পথ প্রান্তে ফেলে যেতে হয়।'
শেখ হাসিনার জন্য প্রজ্ঞা ও ঔদার্যের পরিচয় বহন করত যদি তিনি তার তরুণ কনিষ্ঠ কাউকে তার স্থলাভিষিক্ত হওয়ার সুযোগ দিতেন। তাতে তিনি কিছুই হারাতেন না, বরং ভোটাভুটির মাধ্যমে অন্য কেউ সভাপতি নির্বাচিত হলে দলে উদ্দীপনার সঞ্চার হতো এবং ভবিষ্যৎ নেতৃত্বও নিশ্চিত ও সংরক্ষিত হতো। আওয়ামী লীগের দুর্ভাগ্য, মাত্র অপরিবর্তনীয় একজন বিশেষ ব্যক্তির ওপর নির্ভরতা বেড়ে গেল। দল ১৪ কোটি মানুষের একটি জাতির সমবেত প্রজ্ঞা ও বিচারবুদ্ধি থেকে বঞ্চিত হলো।
দলে মাত্র একটি জিনিসই অপরিহার্য এবং তা হলো দলের আদর্শ যা থেকে আওয়ামী লীগ এখন অনেকটাই বিচ্যুত। প্রাক-স্বাধীনতা আমলের আওয়ামী লীগ এবং আজকের পদলোভী নেতা পরিবৃত আওয়ামী লীগের মধ্যে দুস্তর পার্থক্য। আজকের নেতাকর্মী আদর্শ, জনকল্যাণ ও জাতীয় স্বার্থের বিষয়গুলো নিয়ে উদাসীন। এখন শীর্ষ নেতৃত্বের সন্তুষ্টি ও মনোতুষ্টিই তাদের কাছে মুখ্য বিষয়। দলীয় প্রধানেরও প্রয়োজন তার ক্ষমতা প্রলম্বনের জন্য একঝাঁক অনুগত স্তাবক। দলের জন্য শেখ হাসিনার নেতৃত্বের অপরিহার্যতা এই স্তাবকতা শিল্পে মাত্রা সংযোজন করল। শেখ হাসিনা ও তার ইচ্ছা-অনিচ্ছা কার্যত আওয়ামী লীগ এ সত্যটি আরেকবার প্রমাণিত হলো।
দল বা যে কোনো সংগঠনে যখন মতান্তর থেমে যায়, কোনো প্রশম্ন উত্থাপিত হয় না এবং ভুল হোক বা নির্ভুল নেতৃত্বের সিদ্ধান্তকে অন্ধভাবে মেনে নেওয়ার রীতি প্রচলিত থাকে তখন সে দল বা সংগঠনে নিশ্চলতা দেখা দেয় এবং এক পর্যায়ে তার পতন অনিবার্য হয়ে পড়ে। আওয়ামী লীগের জন্য শেখ হাসিনার অপরহার্যতা এ ঐতিহ্যবাহী ঐতিহাসিক দলটির জন্য সেই সংকেতই বহন করে।
পদ, পদবি বা বিশেষণ কোনো নেতাকে অতিরিক্ত ক্ষমতা দেয় না। এমনকি রাষ্ট্রীয় ক্ষমতা লাভের পরও তাদের অসহায়ত্ব বহাল থাকে। তাই তারা কাঙালের মতো যে কোনো পদপদবিকে শেষ সম্বলের মতো অাঁকড়ে থাকতে চায়_ চাই তা তাদের মানাক বা না মানাক। বাস্তবেও এমন ক্ষমতার অন্তঃসারশহৃন্যতার প্রতিফলন সর্বত্র। তিন-চতুর্থাংশ সংখ্যাগরিষ্ঠ সরকার গঠন করেও শেখ হাসিনা তার কর্তৃত্ব প্রয়োগে হিমশিম খাচ্ছেন। যেন কোনো কিছু বাগে আসতে
চায় না। প্রশাসন স্থবির, আইন-শৃঙ্খলার বেহাল অবস্থা, অর্থনীতিতে গতিসঞ্চার
হয় না, বাজারে দ্রব্যমহৃল্যের অবাধ্যতা, বিনিয়োগে ভাটা, অভিবাসী শ্রমিকদের প্রত্যাবর্তন_ এসব একত্রে দেখলে তা কি কোনো যোগ্য ক্ষমতাবান সরকারের পরিচিতি বহন করে?
দলে ও সরকারে ক্ষমতার এখন যে বিন্যাস তা আরও একটি মারাত্মক উপসর্গের দিকে অঙ্গুলি নির্দেশ করে। তা হলো আস্থাহীনতা। মনে হয় যেন কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না। সোহেল তাজের রহস্যাবৃত পদত্যাগ এবং সংবাদপত্রে প্রকাশিত অনুমানগুলো কি তার দৃষ্টান্ত নয়? এমন আস্থাহীনতা আওয়ামী লীগে আগেও ঘটেছে যার পরিণতিতে এই দল থেকেই সর্বাধিক কুইসলিংয়ের উৎপত্তি হয়েছে। সর্ববৃহৎ এই দলেই দলত্যাগীর সংখ্যা সবচেয়ে বেশি। স্বাধীনতা-উত্তর বাংলাদেশে অন্য কোনো দল থেকে কদাচিৎ কেউ আওয়ামী দুর্গে প্রবেশ করেছে।
লেখক : সাবেক মহাপরিচালক
বিআইআইএসএস ও কলামিস্ট
সমকাল-এর সৌজন্যে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


