সেই দিনটির কথা কেন যেন প্রায়ই মনে পড়ে। আমার ছোট্ট কবি মনের প্রথম কবিতা যেন দিনটি।
ছোটবেলায় পাঁচ বছর বয়স পর্যন্ত নানাবাড়ীতেই ছিলাম। আমি আবার ছিলাম বিশিষ্ট পাড়া বেড়ানি। সকালে ঘুম ভাংতো আকাশবানী কোলকাতার টু..উ...ঊউ.. সুরের শব্দে, তারপর নাস্তা করে টুকটাক লেখাপড়া করে শুরু হোত আমার পাড়া বেড়ানি (স্কুলে যাওয়া তখনো শুরু করিনি)। বেড়ানি চলতো ১১/১২ পর্যন্ত। গোসল এবং খাওয়া দাওয়ার পর আবার শুরু হোত পাড়াবেড়ানি। আমাকে খাইয়ে দেবার প্রসঙ্গটা একটু বলি, আমাকে তখন খাইয়ে দেয়া লাগতো, নানুই বেশীর ভাগ সময় এই ধৈর্য্য পূর্ন কাজটি করতেন। খাওয়ানোর জন্য কত কিছু যে করতেন!!ভাতের ছোট ছোট লোকমা বানিয়ে বলতেন, "এইটা হইলো টুনটুনির ডিম, এইটা হইলো টিয়ার ডিম, এইটা হইলো ময়নার ডিম, আমি চোখ বন্ধ করলাম, দেখি কে খায় ডিম। " আমরা ছোটরা ঘোড়া সেজে এসে, টুক করে খেয়ে ফেলতাম। বুঝতাম আমাদের খাওয়ানোর জন্যই তিনি এইসব করছেন। আমরাও তাকে জ্বালিয়ে আনন্দ করে ভাত খেতাম।
নানাবাড়ীর পিছনেই ছিল হাতীর ঝিল, শুনেছিলাম শীতলক্ষ্যা নদীর শাখা। বেশ বিশাল ছিল সেই নদী। পাল তোলা নৌকা ভাসতো তখন। বড় বড় সব নাও মাটি নিয়ে,বালি নিয়ে কোথা থেকে যেন আসতো আবার কোথায় যেন হারিয়ে যেত। বিকেলবেলা নদীর পাড়ে উদাস হাওয়ায় ছেলেরা খেলাধূলা করতো, নদীর ছোট ছোট ঢেউ তীরে এসে আছড়ে পরতো তখন। অপূর্ব ছিল সেই দৃশ্য। নদীর মাঝ বরাবর সিমেন্টে বাঁধানো দুটি উচু পিলার ছিল, পিলার দুটি একটি বাঁশের সাকো দিয়ে যুক্ত ছিল এবং পিলার দুটির বিপরীত প্রান্তদ্বয় একটি সরু পায়ে চলা পথ দিয়ে যুক্ত ছিল। যার এক প্রান্ত চলে গেছে তেজগাঁওয়ের দিকে আর অপর প্রান্ত মধুবাগের দিকে। তবে বর্ষায় ঐ রাস্তাটি প্রায়ই ডুবে যেত। দু্ষ্ট ছেলের দল তখন কচুরীপানা দিয়ে ভেলা বানিয়ে নদীতে ভাসতো।
নদীজুড়ে কচুরীপানার বেগুনীফুল দারুন আকর্ষন করত আমাকে, মন চাইতো ভেলায় ভেসে নদী থেকে ফুল তুলে আনি। কিন্তু ভেলায় ভাসার সাহস পেতাম না। রাতের বেলা একতলার ছাদে দাড়ালে নদীর ভীষন উদ্দাম হাওয়া উড়িয়ে নিয়ে যেতে চাইতো। নদীর ঐ পাড়ে মধুবাগ এলাকায় একটা নিয়নবাতির সাইনবোর্ড জ্বলজ্বল করতো। একটা লাল এবং নীল আলোর বাচ্চা ছেলেমেয়ের মুখ ছিল সেই সাইনবোর্ডে , যা একটু পর পর জ্বলত নিভতো, সন্ধ্যাবেলায় আমি মুগ্ধ হয়ে দেখতাম। ভাবতাম ওই খানে আছে এক অন্য দুনিয়া, যা সভ্য, আধুনিক, সুন্দর। মনে মনে অস্হির হতাম কবে যে যাব ওই রঙচঙে স্বপ্নের দুনিয়ায়!! এখন বুঝি আমার ওই সরল সুন্দর দিন গুলোই ছিল জীবনের সবচেয়ে আনন্দময় অধ্যায়।
আশেপাশে তেমন কোন বিল্ডিং ছিল না। আকাশ ভরা অজস্র তারা জ্বলজ্বল করতো। কে যেন একদিন রাতে ছাদে শুতে চাইলো, শুনে আমারও ইচ্ছে করতে লাগল, ছাদে খোলা
আকাশের নীচে নদীর হাওয়ায় তারা দেখতে দেখতে ঘুমানোর। যাইহোক ছোট বলে বড়রা সেই ইচ্ছে পূরণ করতে দেয়নি। এখনো সেই ইচ্ছে আছে।
এবার প্রসংগে ফিরে আসি, সেইদিনও গিয়েছিলাম পাড়া বেড়াতে। একা একা গেলাম নদীর ধারে। দেখি বিরাট এক নাও ঘাটে ভিড়েছে। নাও ভর্তি লাল মাটি, আমি নাওয়ের উপর উঠলাম এবং মাঝির আসনে বসে মাঝির সাথে গল্প জুড়ে দিলাম। তিনি জানালেন তার কাজ মাটি পৌছে দেয়া এখন আর সেসব কথোপকথন মনে নেই শুধু মনে আছে নাওয়ে বসে নদীর উদ্দাম হাওয়ায় আমার মন হারিয়ে গিয়েছিল এবং নদীর ঢেউয়ে ঢেউয়ে ভেসে বেড়াচ্ছিল। হাল্কা সোনা রোদ আমার ছোটবেলার স্মৃতিকে পরম মমতায় হাত বুলিয়ে যাচ্ছিল। মন চাইছিল মাঝি হয়ে এমন করে ঘুরে বেড়াই। ভীষন স্বাধীন লাগছিল।
তারপর হাতে পায়ে মাটি মেখে ঘরে ফিরেছিলাম, মনে আছে ঘরে ফিরে দেখি খাবার টেবিলে আব্বার জন্য দুপুরের খাবার বেড়ে রাখা হয়েছে। বিভিন্ন পদের মধ্যে ছিল কইমাছ ভাজা, ভাজা কইমাছের লেজ আবার আমার খুব প্রিয় ছিল। সেই কই মাছের লেজ কামড় দিয়ে দৌড় দিয়েছিলাম।
তেমন উল্লেখযোগ্য কিছু না তবুও সেই দিনটিতে আমি এক অপূর্ব ভাললাগায় ভেসেছিলাম। মনের গোপন কুঠুরীতে সাধ জেগেছিল মুক্ত স্বাধীন হয়ে দূর-দুরান্তে, গ্রামে গঞ্জে, সোনালী রোদ গায়ে লাগিয়ে ঘুরে বেড়ানোর। আজও এই স্মৃতি মনে ভাসে। ব্যাক্তিস্বাধীনতা মানুষের অনেক প্রিয় তাই হয়তো ঐ সাধারন দিনটি আমার কাছে এত অসাধারন।
সর্বশেষ এডিট : ০১ লা আগস্ট, ২০০৯ রাত ১১:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


