ভাবছি দিন দিন ঝাপসা হয়ে যাচ্ছে প্রিয় মুখগুলো। বদলাচ্ছে বন্ধু বৃত্ত। বদলে যাচ্ছে বন্ধু নিজেই। সময়ের তাপে কর্পুরের মতো উড়ে গেছে কতশত বন্ধন। তবু কিছু কিছু বন্ধন আজো বিরান পথে ছুটে যেতে আমাকে করে অতীতচারী।
বাসায় ফিরে লাল রং এর খাতাটা নিয়ে বসলাম। আমার অদ্ভূত একটা স্বপ্নের কথা লিখব বলে।
অনেকদিন আগে এই স্বপ্নটা দেখেছিলাম। অদ্ভুত সুন্দর একটা স্বপ্ন।
একটা নীল মেঘ। মেঘের উপর কে যেন পা ঝুলিয়ে বসে আছে। মেঘ ভেসে যাচ্ছে। সেও ভেসে যাচ্ছে। কিন্তু মেঘেরা যাচ্ছে কোথায় সেটা বোঝা যাচ্ছে না। নীল মেঘটা এক সময় রুপালি চাঁদটাকে ঢেকে দিল। চাঁদের রুপালি আলো এসে পড়ল মেয়েটার মুখে। এক মুহুর্তের জন্য আমি মেয়েটার মুখটা দেখতে পেলাম। এরপর সেই মেঘটা মেয়েটাকে হারিয়ে গেল অনন্ত নক্ষত্রবীথির মাঝে। আকাশের চাঁদটা একাকী জোছনা ছড়ালো। বিষন্ন পূর্ণিমার আলোয় ঘুম ভেঙে গেল আমার। সেই মেঘটাকে আর কোথাও পাইনি। হাজারো বর্ষা রাতে কত শত মেঘের ভিড়ে সেই নীল মেঘটাকে আমি আজো খুঁজে ফিরি...
যখন খুব মন খারাপ হয় তখন দিত্বীয়বার মেয়েটাকে দেখতে ইচ্ছে হয়। বলতে ইচ্ছা হয়, 'কেমন আছো? আমি কিন্তু একদম ভালো নেই।'
(প্রায় বছর তিনেক আগের একটা ডাইরির পাতা থেকে নেয়া।)
০১-১২-২০০৬
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০০৯ সন্ধ্যা ৬:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


