
রাত ১১-৫০ । বেস্ট ফ্রেন্ড কে অনলাইন এ ম্যাসেজ দিলাম
কি করিস ?
এইতো এখন ঘুমুতে যাবো। তুই কি করিস ?
মিস করি, তাকে
ফ্রেন্ড এর রিপ্লাই
দূরে গিয়া মর
ফ্রেন্ড এর কথামত দূরে গিয়ে মরতে না পারলেও আপাতত একটা হাহা আর একটা রাগান্বিত ইমু দিয়ে অফলাইন হয়ে গেলাম
রাত হয় । শহর ঘুমায় । তারপরেও জেগে থাকে আমার মত কিছু নিশাচর ।
যখন লেখাটি লিখছিলাম তখন সময় ছিল রাত ১২-১০
এখন সময় রাত ১-০৫
এই মুহূর্তে ব্লগে অনলাইন এ আছেন ৪৭ জন ব্লগার (কিছু কম বেশী হতে পারে)
ও ভিজিটর আছেন ২৬৩৬ জন
আমার মত তারাও আজকে নিশাচর । কেউ একটু পর, কেউ আরও কিছুক্ষণ পর, কেউ অনেকক্ষণ পর, কেউবা যখন সূর্যি মামা উঁকি দিবে দিবে ভাব তখন সূর্যি মামার ভয়ে লুকোবে ।
রাত জাগে কারা ? রাত জাগার কথা বললেই সবার আগে নিশ্চয় বলবো নাইটগার্ড এর কথা
তবে আসলেই যারা রাত জাগে
লেখক লেখিকা- লেখার জন্য চাই নিরিবিলি আর শান্ত পরিবেশ । তবে আমার মত আনাড়ি আর ম্যাও প্যাঁও লেখক লেখিকারা না
সদ্য ব্রেক আপ হওয়া বেচারা বেচারি- যে সকল প্রেমিক বা প্রেমিকার সদ্য ব্রেক আপ হয়েছে তাদের জন্য তো রাতে ঘুমের দেখা পাওয়া আর অমাবস্যায় চাঁদের দেখা পাওয়া একই কথা
নতুন নতুন প্রেমে পরা যুগল- প্রেমের সাথে ঘুমের সম্পর্ক যেন কেমন । আই মিন, প্রেমে পরলেও ঘুম ভাগে আবার প্রেম ভাঙলেও ঘুম ভাগে । নতুন নতুন যারা প্রেম করা শুরু করবে তাদের তো সারারাত জেগে ফোনে ফিস ফিস না করলে সকালের ঘুমটা হবেনা
নাইট ডিউটিরত ডাক্তার- নাইটগার্ড এর ফাঁকি দেওয়ার অপশন থাকলেও নাইট ডিউটিরত ডাক্তারের সাধারণত ফাঁকি দেওয়ার উপায় থাকেনা । কিছুক্ষণ পর পর দিতে হবে রাউন্ড আর থাকতে হবে এ্যালার্ট ।
ছাত্র ছাত্রী যাদের সামনে পরীক্ষা - আমার ছাত্র জীবনে আমি কখনো রাত জেগে পড়াশোনা করিনি । ঘুম আমার কাছে সবচেয়ে প্রিয় । তবে অনেক শিক্ষার্থী আছে পরীক্ষা সামনে আসলেই তারা রাত জেগে পড়াশোনা করতে পছন্দ করে কিংবা কেউ সিলেবাস শেষ করতে পারেনি বলে রাত জেগে পড়ে তা শেষ করে ।
বেকার যুবক- একজন বেকার যুবকের জন্য কখনো রাত মানে সিনেমা, কমপিউটার গেম আর প্রযুক্তির বিভিন্ন মাধ্যমের সাথে পার্টি কখনো নিজের ভবিষ্যৎ আর পরিবারের চিন্তায় নির্ঘুম রাত্রি যাপন
জীবন জীবিকা পরিবার ও বিভিন্ন কারনে চিন্তিত ও হতাশাগ্রস্থ মানুষ - চিন্তা খুবই খারাপ জিনিস । আর চিন্তা হতাশা দুঃখ কষ্ট কেড়ে নেয় রাতের ঘুম । বেকার যুবক ছাড়াও পৃথিবীতে আরও অনেক মানুষ আছে যারা তাদের জীবনের বিভিন্ন সমস্যার কারনে হতাশাগ্রস্থ চিন্তাগ্রস্থ । আর সেই কারনে তারাও হয় নিশাচর
ফ্রিলান্সার - -- আরও এক প্রকার মানুষ আছে যারা কোন চিন্তা ভাবনা হতাশার কারনে রাত জাগে না । যাদের জীবন জীবিকাই নির্ভর করে রাত জাগার উপর । তারা ফ্রিলান্সার । যারা রাতে কাজ করে ।
আন্তর্জাতিক কল সেন্টার বা অফিসে রাতের চাকরী করা মানুষ - কিছু আন্তর্জাতিক কল সেন্টার আছে বা অফিস আছে যাদেরকে পৃথিবীর এমন কোন দেশের সাথে কাজ করতে হয় যেখানে তাদের সকাল আর আমাদের দেশে রাত । তাই এ সকল অফিসে কাজ করা মানুষগুলোকেও রাত জাগতে হয় ।
চোর -- রাতের সাথে যাদের সবচেয়ে বেশী বন্ধুত্ব চোর কিভাবে কিভাবে যেন তারাই বাদ পরে গিয়ছিল আমার লেখা থেকে
নির্ঘুম রাতের বিরক্তিকর কিছু বিষয় -
আইসক্রিমের বক্স নিয়ে প্রতারনা- রাতের বেলা জেগে থাকলে এটা ওটা খেতে মন চায় । তখন ফ্রিজে কি আছে খুজতে গিয়ে আইসক্রিমের বক্স দেখে খুশীতে ৩২ টি দাত বের হয়ে যাবে কিন্তু যখনই বক্সটা খুললেন, দেখলেন আপনার মা সেটাতে আদা রসুন বাটা কিংবা অন্য কিছু রেখে দিয়েছে
ইন্টারনেট কানেকশন চলে যাওয়া- এখনকার সময়ে ইন্টারনেট না থাকা আর জীবন না থাকা যেন একই কথা । ভাবলেই অবাক লাগে যখন এই ইন্টারনেট ছিলনা তখন কিভাবে ছিলাম । তখনই বরং ভালো ছিলাম । কিন্তু যখন আপনার এমনিতেই রাতে ঘুম আসছেনা আপনি মোবাইলে কিংবা ল্যাপটপে এটা ওটা করে সময় কাটাচ্ছেন আর চলে গেল আপনার বাসার ইন্টারনেট কানেকশন । মেজাজটা যে কি লাগে তখন
অপ্রত্যাশিত ফেসবুক ফ্রেন্ড- কিছু অনর্থক অভ্যাস বা কাজকর্ম আছে যেগুলোর আসলেই কোন মানে নেই। রাতে ঘুম না আসলে অযথাই ফেসবুক নিউজফিডে ঘোরাঘুরি করা এমনই একটি কাজ । হয়তো কোন কারনে অনলাইন হলেন আর ওমনি দু একজন অতি আগ্রহী আর আপনার জন্য অনেক বেশী চিন্তিত কিছু মানুষ আপনাকে ম্যাসেজ দিবে। এত রাতে অনলাইনে কি কর? ঘুম আসেনা ? প্রেম করছ নাকি ?
নির্ঘুম রাতে ভালো লাগার কিছু বিষয়
রাতের বেলায় বারান্দায় বসে বসে আকাশ দেখতে ও একাকী নিজের মনে ভাবা ভাবি করতে আমার খুব ভালো লাগে ।
লং ওয়াক আমার খুব পছন্দ । আমার খুব ইচ্ছে হয় আমার প্রিয় মানুষের সাথে রাতের বেলা লং ওয়াকে যেতে ।
রাতের বেলা পাশাপাশি বসে গল্প করতেও খুব ভালো লাগে ।
ভাই বোনরা মিলে এক সাথে রাতের বেলা সিনেমা দেখতেও দারুন লাগে ।
রাতের বেলা বাস জার্নি কিংবা ট্রেন জার্নি আমার খুব পছন্দ ।
কালকে শুক্রবার । বৃহস্পতিবার রাতটা আমার কাছে চাঁদ রাতের মত লাগে । পরেরদিন অফিস নেই, মোবাইলে অ্যালার্ম নেই, সকালবেলা জলদি ঘুম থেকে উঠে সময়মত অফিস যাওয়ার তাড়া নেই । কাল ইচ্ছে মত যতক্ষণ মন চায় ঘুমাবো
ফেসবুকে মাঝে মাঝে কিছু বলদের দেখা মিলে যারা রাত দুপুরে এই টাইপ স্ট্যাটাস দেয় "বন্ধুরা কে কে জেগে আছো ? কে কি করছো ? এসো আড্ডা দেই ?"
মাঝরাতে আমি ব্লগে এই ধরনের পোস্ট দিলাম বলে দয়া করে কেউ আবার আমাকে ওইরকম বলদ ভাববেন না । কিছুদিন আগে লেখার টপিকটা মাথায় এসেছিল আজ তাকে পূর্ণতা দিলাম । তবে রাত আর রাতজাগা মানুষগুলো কে নিয়ে লেখার টপিক কিন্তু আমার কোন নির্ঘুম রাতে মাথায় আসেনি । এসেছিল এক একা বসে থাকা সন্ধ্যায় ।
রাতের বেলা সবচেয়ে বেস্ট সঙ্গী হচ্ছে চা । রাতের বেলা রাত ও রাতজাগা মানুষগুলোকে নিয়ে লেখা হবে আর চা হবেনা তা কি করে হয়

সর্বশেষ এডিট : ২৩ শে নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





