গণজাগরণ মঞ্চকে আমরা নানান উপদেশ, পরামর্শ দিয়ে যাচ্ছি অহরহ, যার জন্য আমাদের কোনো চাপ শিকার করতে হয় না। আমরা সেই জনতা - যারা উপলব্ধি করেছি গণজাগরণ মঞ্চের কি বিপুল জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা, যারা প্রত্যাশা করছি গণজাগরণ মঞ্চ আমাদের উপহার দেবে নতুন প্রজন্মের অভাবনীয় দুরদর্শিতা আর এক সুস্থ্য রাজনৈতিক চর্চা। যারা আমাদের উপহার দেবে যুদ্ধাপরাধ মুক্ত বাংলাদেশ।
গণজাগরণ মঞ্চের কেন্দ্রীয় সংগঠকরা নিজেদের জীবন বিপন্ন করে, অনিরাপদ করে, মাথার উপর মৃত্যু পরোয়ানা নিয়ে এই আন্দোলনের জন্য নিজেদের জীবন উৎসর্গ করে চলছে। এটা প্রজন্মের চেতনাকে সমুন্নত রাখার লড়াই - এটা রাজনৈতিক আপোষের বিরুদ্ধে দুর্দমনীয় সংগ্রামের লড়াই। একে সরকারী দলের পৃষ্ঠপোষকতায় পরিচালিত আন্দোলন ভাবার কোনই সুযোগ নাই, কারণ লাখো লাখো সক্রিয় আন্দোলনকারী কোনো রাজনৈতিক দলের সক্রিয় কর্মী নয় - তাদের সম্পৃক্ততা কেবলই যুদ্ধাপরাধীদের ফাঁসি নিশ্চিত করার জন্য।
জনতার মুখপত্র হয়ে ওঠা এই মঞ্চকে আমাদের প্রতিনিয়ত চেতনা বিচ্ছুরণের সাহস ও মনোবল দিতে হবে। যারা মাঠে থেকে লড়াই করে যাচ্ছে, সংগঠকের দায়িত্ব পালন করছে তারাই এই আন্দোলনে আমাদের প্রতিনিধি। ৫-ই ফেব্রুয়ারী যেদিন আন্দোলন শুরু হয় সেদিন রাত থেকেই এ আন্দোলন জনতার। কয়েকজন ব্লগার এর মুখপত্র হয়ে উঠলেও এখানে রাতদিন যারা ত্যাগ শিকার করে গেছেন, রাজপথ আগলে বসে ছিলেন, তাদের বেশীরভাগই ব্লগার বা অনলাইন এ্যাক্টিভিস্ট নন।
ব্লগার ও অনলাইন এ্যাক্টিভিস্টদের বৃহৎ অংশ মূলত অনলাইনে বসে এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছেন। শাহবাগে, সড়কে - শারিরীক উপস্থিতির মাধ্যমে সক্রিয় অংশগ্রহণ এই ব্লগার ও অনলাইন এ্যাক্টিভিস্টদের পক্ষে নানা কারণে সম্ভব নয়। প্রথমত, তাদের বেশীরভাগই ভার্চুয়াল দুনিয়ায় অনেক তেজস্বীতা দেখাতে পারলেও মিছিলের অগ্রভাগে সাহসের সাথে দাঁড়াতে পারবে এটা প্রমাণিত নয়। আমরা অনেক দেখেছি, তাদের মধ্যে গুটিকয়েকদের শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকতে দেখলাম সম্মুখে। লাখো ব্লগারদের মধ্যে এই গুটিকয়েকজনই মাত্র পরীক্ষিত হলেন। দ্বিতীয়ত, এই লক্ষ লক্ষ ব্লগার/ফেসবুকারদের বেশীরভাগ নানা পেশায়, নানা জায়গায়, নানান দেশে, নানান বয়সের, নানান মতবাদের অনুসারী এবং তারা মুক্ত এবং স্বাধীনভাবে কাজ করতেই অভ্যস্ত। তাদের পক্ষে ঐক্যবদ্ধ রাজনৈতিক কাঠামোতে থাকা কোনভাবেই সম্ভব নয়।
মিডিয়া শাহবাগের জনতাকে ব্লগার/অনলাইন এ্যাক্টিভিস্ট হিসাবে চিহ্নিত করেছে মিডিয়া-দর্শকদের আকর্ষণ করার জন্য। কিন্তু শাহবাগে ফিজিক্যালী উপস্থিত হওয়া জনতা মূলত অরাজনৈতিক জনতা - মূলত যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবীতে সোচ্চার জনতা, বাংলাদেশের প্রগতিশীলতার পক্ষের জনতা। তাদের মাঝে আছে প্রগতিশীল ছাত্র সংগঠনের পরীক্ষিত নেতা-কর্মী - যারা রাজপথে আন্দোলন পরিচালনার দক্ষতা রাখেন, কঠিনতম ত্যাগ শিকার করতে পারেন। আমাদের রাজনৈতিক ইতিহাসে এর অসংখ্য দৃষ্টান্ত ভাস্বর হয়ে আছে।
ফলে গণজাগরণ মঞ্চকে যারা নেতৃত্ব দিচ্ছেন, সড়কে থেকে, রাজপথে থেকে, আমাদের স্বপ্ন দেখাচ্ছে - তাদের তুলনায় অনলাইনের সেফটি জোনে থেকে লেখালেখি করে বেড়ানো ব্লগারদের নিজেদের নিরাপত্তাহীনতা নিয়ে বেশী বিচলিত হওয়া কদর্য দেখায়। এতে যারা রাজপথে সরাসরি যুদ্ধের অগ্রভাগে - তাদেরকে আরো বেশি নিরাপত্তাহীন করে ফেলে।
ব্লগার/অনলাইন এ্যাক্টিভিস্টদের প্রিয়ভূমি ভার্চুয়াল দুনিয়ায় আপনি খুব সহজেই নিজের আইডেনটিটি হাইড করে ফেলতে পারেন, নিজেকে আস্তিক হিসাবে উপস্থাপন করতে পারেন, এই রিভার্স সুইং দেখে দেখে ব্লগাররা অভ্যস্ত। নাস্তিক ব্লগারদের ধরবে বলে ইঁদুরের গর্তে গিয়ে বসে থাকারও কোনো কারণ নাই। যারা ভয় পেয়েছে তারা অনেক আগেই গর্তে লুকিয়েছে। কিন্তু ইমরান ও তার সাথের সংগঠকরা কোথায় লুকাবে? তাদের সবকিছুই উন্মোচিত, তারা প্রকাশ্যে - যুদ্ধাপরাধী চক্রের সরাসরি হুমকি সামলাতে হচ্ছে তাদের - আপনার আমার ঝুঁকির সাথে তা কোনোভাবেই তুল্য নয়।
সুতরাং ভার্চুয়াল অঙ্গনের মানুষেরা নিজেদের অনিরাপদ ভাবার বিলাসিতার মধ্যে না গিয়ে একটু সাহসের পরিচয় দিন। জোরসে আওয়াজ তুলুন গণজাগরণ মঞ্চের জন্য - যারা সম্মুখ কাতারে দাঁড়িয়ে আছে তারা আমাদের জন্যই দাঁড়িয়েছে, সরকারী-বেসরকারী সকল আঘাত তাদের সহ্য করতে হচ্ছে। তাদের জন্য আপনার অনলাইন পরিমন্ডলেই আওয়াজ তুলুন। আপনার নিরাপত্তা বলয়ে থেকে গণজাগরণ মঞ্চের জন্য আপনার দক্ষ ব্লগিং ও লেখালেখি দিয়ে গণজাগরণ মঞ্চকে উজ্জীবিত রাখুন, ঐক্যবদ্ধ থাকুন।
গণজাগরণ মঞ্চ পরাজিত হলে বাংলাদেশে হেরে যাবে। হেরে যাবে সবাই। কিন্তু সবার জীবন বিপন্ন হবে না। জীবন বিপন্ন হবে ঐ রাজপথের সাহসী ভাইটির, বোনটির - তাদের জন্য অনলাইনে বসে এইটুকু ঝুঁকি কি আপনি নিতে পারবেন না?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




