লোকটি আজ মদ খেয়ে বাড়ি এলো। বাড়ি ঢোকার আগে তার মনে হয় কেন যে ফিরতে হয়! অবশ্য না ফিরলেও তো হয়। এ দেশের কত মানুষ তো রাতে বাড়ি ফেরেনা।
ফেরেনা অথবা ফিরতে পারেনা। কে জানে ফেরা আর না ফেরার দ্বন্দ্ব কত নির্মম!
বাড়ির সামনে একদম সামনেই পোঁতা একটা কামিনী গাছ। এই অন্ধকারে ভুতুড়ে লাগে। তারার মত ফুলে ছেয়ে আছে পুরো গাছ। সে কি তীব্র গন্ধ। মাতাল লোকটার আরো বেশি মাতাল লাগে। সে কি গন্ধ পায়? কি জানি! হয়ত ছেলেবেলায় পাওয়া ফুলের গন্ধটা মাথায় ঢুকে বসে আছে এখনো। টাকভুমভুম ভূতের মত হামা দিয়ে বসে আছে। আছেতো আছেই
এখন নিশ্চয় তার কালো রঙের গেঞ্জিটায় ঘামের গন্ধের সাথে মদের গন্ধ এক অদ্ভুত মিশ্রন তৈরি করছে। কেউ কি জানে প্রতিটি রঙের গন্ধ থাকে!
এখন কামিনীর পবিত্রতা টের পাওয়ার প্রশ্নই ওঠেনা।
তবু লোকটা পায়। খুব তীব্র হয়ে ফুলের গন্ধটা তার নাকে ঢুকে যায়।
আচ্ছা আজকের মেয়েটা কি এরকম কোন সুগন্ধি মেখেছিলো?
তাই হবে হয়ত। মেয়েটা কাছে আসলো কি অশ্লীল ভঙ্গি করে! মাতাল লোকটার হাসি পায়। খুব হাসি পায়। তার বাড়ির ভেতর ঢুকতে ইচ্ছে করেনা। ইচ্ছে করেনা করেনা করেনা।
সত্যই এই তীব্র গন্ধটা তাকে আটকে রাখে। বাড়ি ঢুকতে দেয়না। কিছুতেই দেয়না। কি জেদ! আহ! কি কঠিন জেদরে বাবা।
তার আবার ও একটু আগে সারা গায়ে মেখে আসা মেয়েটার কাছে ছুটে যেতে ইচ্ছে করছে। মেয়েটার ঘরে নিশ্চয় এখন অন্য খদ্দের। সেই অশ্লীল ভঙ্গী করে মেয়েটা নিশ্চয় অন্য আরেকটা লোকের গায়ে ঢলে পড়ছে।
মেয়েটা হয়ত আর কোন ভঙ্গীই জানেনা। হা হা হা।
মাতাল লোকটি হাসতে হাসতে গড়িয়ে পড়ছিলো। কোন রকমে কামিনী গাছটার শক্ত একটা ডাল ধরে নিজেকে সামলায়।
গন্ধটা একটা কোমল মেয়ের হাত হয়ে মাতাল লোকটিকে ধরে থাকে। অন্ধকার। খুব অন্ধকার। অন্ধকার বাড়তে থাকে। বেতের ঝুড়ির ভেতর একটা ডাঁসা পেয়ারার মত চাঁদ। মাতাল লোকটা দেখে ঝোপের পাশে একটা ভুল সময় গুটি মেরে বসে আছে।
সময়টা মানুষের মত কি? দুটো হাত দুটো পা। নতুন মাটির বাড়ি। খড়ের দেয়াল। সময়টা বাড়িতে বাস করে হ্যা।
কেমন যে লাগে। কি এক অস্থিরতা!
কেন জোর করে? জোর করে কি ভুল করে কেউ?
মাতাল লোকটা আজ ভুল করে মেয়েটির ঘরে গেল। কি এক নেশায় পেল তাকে। কাঁপতে থাকে লোকটির ভেতর। কি এক কঠিন নেশা। লোকটি টের পায়। এখন তার গন্ধের নেশা। আজ রাতে কি করে ঘুম আসবে!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




