বস্ত্র ও পাটমন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী বলেছেন, বাংলাদেশে কোনো যুদ্ধাপরাধী নেই, তবে মুক্তিযুদ্ধাপরাধী আছে। তিনি বলেন, যুদ্ধাপরাধ হয় দুই দেশের মধ্যে যুদ্ধ হলে। কিন্তু আমাদের যুদ্ধ হয়েছে মুক্তি ও স্বাধিকার আদায়ের লক্ষ্যে। বাংলাদেশের কিছু কুলাঙ্গার এই যুদ্ধে পাক বাহিনীকে সহযোগিতা করেছিল। তাদের বিচার হওয়া উচিত। গতকাল তথ্য অধিদফতরের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় মন্ত্রণালয় ও অধীনস্ত দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
লতিফ সিদ্দিকী বলেন, সরকার যুদ্ধাপরাধীদের বিচারের যে উদ্যোগ নিয়েছে, তার বিরোধিতা করছে পাকবাহিনীর সহায়ক গোষ্ঠী এবং বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সুবিধাভোগীরা। সরকার এই বিচার সম্পন্ন করবেই। বস্ত্র ও পাট মন্ত্রী বলেন, এই সরকার দায়িত্ব নেয়ার সময় রাষ্ট্রায়ত্ত ২৭টি পাটকলের মধ্যে ১২টি চালু ছিল। এ সরকারের উদ্যোগে ২টি চালু হয়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এখানে রাষ্ট্রায়ত্ত ৭৭টি পাটকল ছিল। এ সংখ্যা বর্তমানে ২৭টিতে নেমেছে।
তিনি বলেন, শ্রমিকদের মন থেকে বঙ্গবন্ধুকে মুছে ফেলার জন্য আদমজী পাটকল বন্ধ করা হয়েছে। আদমজী পাটকল আবার চালু করার বিষয়টি কোনো মন্ত্রণালয়ের সিদ্ধান্তের ব্যাপার নয়, সরকারের সিদ্ধান্তের ব্যাপার। লতিফ সিদ্দিকী বলেন, রাষ্ট্রায়ত্ত পাটকল, চটকল, সুতাকল ও বস্ত্রকলগুলো শুধু অনিয়ম, দুর্নীতির কারণেই লোকসান হচ্ছে তা নয়। এগুলোকে লোকসানি খাতেও পরিণত করা হয়েছে। প্রতি বছর এই খাতে সরকারকে ৭ থেকে ৮ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে। অথচ ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো ঠিকই চলছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বন্ধ ও বিক্রি করে দেয়া পাটকলের শ্রমিকদের বকেয়ার ৬শ কোটি টাকা সরকারের কাছে রয়েছে। ইতোমধ্যে একশ কোটি টাকা বকেয়া পরিশোধ করা হয়েছে। বাকি বকেয়াও পরিশোধ করা হবে।
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




