নদীর থেকে আমি প্রায় তিনশো মাইল দূরে
-----------------------------------------------------------
কতগুলো জার্মান শের্ফাড শহরটা তচনছ করে খুঁজে শেষে আমার কাঁধের
কাছে ছাড়ছে হাঁপানো নিঃশ্বাস এবং এটা আরো অনুভূত হচ্ছে তাদের
লালায় ভিজে যাওয়া আমার কাঁধ-পিঠে। ইদানিং আমি কিছুই লিখতে
পারছিনা- আমাকে লিখতে দেয়ার ফুরসতই দিচ্ছেনা।
নদীর সাথে খেলা করা আমার পুরোন অভ্যাস
অথচ
এই অন্ধকার সহ্য করা যাচ্ছেনা।
জোছনার মাখনে নদীর স্তনে দিতে পারি উষ্ণ আদর
আর
এই কপাটবদ্ধঅন্ধকার সহ্য করা যাচ্ছেনা।
জল বাড়ছে-জল বাড়ছে
তার একলাঘরে। প্রায় তিনশো মাইল দূর চটি পায়ে হেঁটে আসে তার
দীর্ঘশ্বাস-বিরহী রাতদিন।
কাঁপছে-কাঁপছে
অ-নে-ক বাতাস টেনে নিয়ে একলা ঘরের বুক কাঁপছে
আমি আস্তিনে লুকিয়ে রাখা কিছু সরষে দানা ছুড়ে ফেলেছি অন্ধকারে
তাদের শব্দ ধরে এই শহরটা থেকে এবার পালাতেই হবে। পালিয়েইবা
এমনকি হবে বলো যাবো কোথায় শুনি? সেইতো জুতো পরে চৌকাঠ
ডিঙ্গিয়ে উঠোন ছেড়ে যাবো শাশ্বত সত্যের সাথে ; বৃষ্টির স্নানে এই চৌকাঠ আবার স্যাতস্যাতে চোখে তাকিয়ে দেখবে পোয়াতি মেঘাকাশ
নদীর থেকে আমি প্রায় তিনশো মাইল দূরে
---------------------------------------
আল্লাইয়ার
সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০০৯ সকাল ১০:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


