আমার একজন বান্ধবী আছে। নাম সন্ধি। নামের মধ্যেই একটা বন্ধু বন্ধু ভাব আছে। তার সাথে আমার পরিচয় পর্বটা বেশ সাধারন। একটা কুইজ মিস করেছিলাম। পরে স্যারের হাতে পায়ে বিশেষ তেল মেখে মেকআপ কুইজের একটি দিন নির্ধারন করলাম। নির্ধারিত সময়ে কুইজ দিতে গেলাম। দেখলাম আমি ছাড়াও আরো একজন মেয়ে আছে। স্যার পরীক্ষার প্রশ্ন দিয়ে চলে গেলেন। আমরা লেখা শুরু করলাম। কিছুক্ষন পর মেয়েটি আমাকে বলল, হাই, আমি সন্ধি। তুমি?
আমি বললাম, ও, আমি বিচ্ছেদ।
মানে?
মানে আমার নাম বিচ্ছেদ।
ওয়াও! রিয়েলী!! তাহলে তো আমাদের এক সাথে থাকার কথা। সন্ধি ছাড়া বিচ্ছেদ হবে কি করে!
মনে মনে ভাবলাম, সেরেছে! এ দেখি সের উপর সোয়া সের। একটা বিগলিত হাসি উপহার দিলাম। সন্ধি আরো বিগলিত হাসি দিয়ে বলল, ঠিক আছে এখন আমার পাশে এসে বস, আমাকে দেখাও। আমি কিছুই পারি না।
তখনই বুঝলাম, সন্ধি মানেই বিচ্ছেদের সাথে সন্ধি। আর সেই থেকে সন্ধিবিচ্ছেদ।
যাই হোক, এই ভাবেই আমাদের বন্ধুত্ব শুরু হয়। সন্ধির ব্যাপারে প্রথমে তেমন কিছুই জানতাম না। পরে জানলাম ইনি দেশের বিখ্যাত একজন শিল্পপতির কন্যা। প্রতিনিয়ত তাদের কোম্পানীর বিজ্ঞাপন টেলিভিশনে দেখি। এই তথ্য আবিষ্কার করে আমরা তো ব্যপক খুশি। চরম বিনোদিত। যাক একটা চলতি ফিরতি এটিএম বুথ পাওয়া গেল। কোন কার্ড পাঞ্চ, কোন নাম্বার টিপাটিপি ছাড়াই সুন্দর ভাবে টাকাপয়সা সংক্রান্ত ব্যাপারটি এই ভাবে দূর হবে কিছুতেই ভাবতে পারি নাই। মনে মনে ভাবলাম এই আনন্দ মহাসমাহোরে উদযাপন করা দরকার। কোন রেস্টূরেন্টে ভরপেট খাওয়া ছাড়া আনন্দ পালনের আর তেমন ভালো কোন পরিকল্পনা পেলাম না।
একদিন সময় সুযোগ বুঝে সন্ধির শিল্পপতি বাবার টাকার যে বঙ্গোপসাগর আছে, সেখান থেকে একটি ক্ষুদ্র বালু কনার সমতুল্য টাকা খরচ করিবার নিমিত্তে তাকে নিয়ে আমরা কয়েকজন খেতে গেলাম। অন্যের টাকায় সবাই সর্বদা ভূভুক্ষের মত খায়-এটাই বাস্তব। ফলে আধাঘন্টার মধ্যে ৬ জন মানুষ ১৩ প্লেট কাচ্চি শেষ করে ফেললাম। খাওয়া শেষে ওয়েটার বিল নিয়ে আসল। আমরা সবাই মিটিমিটি করে সন্ধির দিকে চেয়ে হাসছি। হঠাৎ দেখি সন্ধি আরো বড় হাসি দিয়ে বলল, বিচ্ছেদ তোমাকে অনেক ধন্যবাদ। দারুন একটা ট্রিট দিলে। তা কি উপলক্ষে দিলে সেটাই তো জানলাম না।
আমার দুটো হার্টবিট মিস হলো। বলে কি এই মেয়ে? এত বড় শিল্পপতির মেয়ে, বন্ধুদের সাথে বাইরে গেলে তাকেই বিল দিতে হবে। এটাই নিপাতনে সিদ্ধ। আর সে কিনা এখন কাপঝাপ শুরু করছে!! মনে মনে ভাবলাম মাথা ঠান্ডা রাখতে হবে। খুব মিষ্টি করে হাসার চেষ্টা করলাম। কিন্তু কেন যেন, হাসি বের হল না। খানিকটা ঢোঁক গিলে বললাম, আমি কেন খাওয়াব! তোমার সাথে সবার পরিচয় হলো, ভাবলাম তুমি সবাইকে খাওয়াতে চেয়েছ, তাই খেতে আসলাম।
হা হা হা! ওহ মাই গড বিচ্ছেদ। তুমি এত ফানি! এত সুন্দর মজা কর! প্লীজ আমি একটা কোক খাব। হাসতে হাসতে আমার পেট ব্যথা করছে।
আমি তো পুরাই বিহবল হয়ে গেলাম। সবাইকে আমি ডেকে নিয়ে এসেছি। বলেছি সন্ধি খাওয়াবে। এখন কিনা উল্টা ফাপড়ে পড়লাম। আমার তো ডাক ছেড়ে কাঁদতে মন চাইছে। সম্বিত ফিরে এলো সন্ধির কথায়। ও হাসতে হাসতে বলল, বিচ্ছেদ এরা তো সবাই আমার আগের সেমিস্টারের ফ্রেন্ড। তুমিই না আমাদের গ্রুপে নতুন এসেছ, তাই তোমারই তো খাওয়ানোর কথা। আর সত্যি বলতে কি জান, আমার বাবা আমাকে কোন টাকাই দেন না। আমি আসি গাড়িতে, যাই গাড়িতে। কিছু লাগলে আমি আব্বুর অফিসে ফোন করে বলি। আব্বু অফিস থেকে ব্যবস্থা করে দেয়। আচ্ছা যাও, আমি পরে একদিন খাওয়াব। এখন উঠি। আমার ক্যাম্পাসে কাজ আছে। এই বলে সে উঠে গেল। সাথে সাথে অন্যদেরকেও দেখলাম প্রতিযোগিতা সহকারে বেরিয়ে যেতে।
ওয়েটার আমার দিকে রুক্ষ ভাবে চেয়ে আছে। আমি মাথায় হাত দিয়ে বসে আছি। অন্যকে সিল মারতে এসে এইভাবে সিল খাব, কল্পনাই করতে পারলাম না। কি করা যায় ভাবছি, মাথায় একটা বুদ্ধি এল। হোটেল মালিকের কাছে গেলাম। কাছে গিয়ে বললাম ভাইসাহেব, যে বিল আসছে, তার পুরো টাকা তো সাথে নাই, আপনি একজন ওয়েটারকে সাথে দেন। আমি বাসা থেকে টাকাটা দিয়ে দিব।
হোটেল মালিক কিছু বললেন না। আমার দিকে একটা হাসি হাসি মুখে তাকালেন। তারপর আয়েশ করে মুখে একটা পান ঢুকালেন। পান চিবুতে চিবুতে বললেন, বাবাজান গত সাপ্তাহে একজনেরও এই একই রকম সমস্যা হইছিল। আমি সাথে লোকও দিসিলাম। কিন্তু আফসোস, ঐ লোক আমার লোকরে ফেলে বাসে উঠে যায়। আমি ব্যবসায়ী মানুষ। আমি কি করুম কন? আমি আমার লোকের বেতন থেকে টাকা কাইটা রাখছি। আপনের কাছে যে বিল নিয়া গেসে, সে সেই লোক। এখন ওরে বইল্যা দেখেন, সে আফনের সাথে যেতে রাজি হয় কিনা। হইলে আমার আপত্তি নাই। আর রাজি না হইলে, টাকা কেমনে দিবেন সেইটা আফনের বিবেচনা।
আমি আবার ঐ ওয়েটারের দিকে তাকালাম। তার রক্তচক্ষু এবং ভাবভঙ্গি দেখে আমার সাথে যাওয়ার অনুরোধ করার সাহস পেলাম না। এর নাম যে মাইনা চিপা সেদিনই প্রথম টের পেলাম। মাইনকা চিপা খুবই নির্মম একটি ব্যাপার। মন মনে ভাবলাম সন্ধি!!! তোরে যদি আমি বিচ্ছেদ না করছি তাইলে নিজের নাম উল্টাইরা রাখুম।
হঠাৎ একটা বুদ্ধি মাথায় এলো। সন্ধির বাবার কোম্পানীতে আমার ছোট মামা চাকরী করতেন। তার একটি কার্ড আমার মানিব্যাগে ছিল। তখন তো মোবাইল ফোন এত সহজলভ্য ছিল না। রেস্টুরেন্টের ল্যান্ড ফোন থেকে মামাকে ফোন দিলাম।
বেশ উদ্গিন স্বরে জিজ্ঞেস করলাম মামা, তুমি কই?
বাসায়, তোর মামির কোলে। গাধা! কোথায় ফোন দিয়েছিস তুই?
ওহ! আরে মামা, আমার তো মাথা ঠিক নাই। তাই তোমারে ফোন দিলাম।
মামা সর্তক স্বরে জিজ্ঞেস করলেন কি হয়েছে?
আরে তোমাদের চেয়ারম্যান সাহেবের মেয়ে আছে না সন্ধি, ঐ যে বলেছিলাম আমার খুব্ব ঘনিষ্ট বান্ধবী। ও তো একটা বিপদে পড়ছে। ভীষন লজ্জার ব্যাপার।
মামা প্রায় চিৎকার দিয়ে উঠলেন। কি হয়েছে? কোনো ভিডিও?? কোনো স্কান্ডাল?? কত টাকা চাইছে??
মামার প্রশ্ন শুনে আমি হাসব কি কাদব বুঝতে পারছিলাম না। বিরক্তি হয়ে বললাম, আরে ধেত্তেরী। কি সব আজে বাজে কথা। সন্ধিকে তোমার এই রকম মেয়ে মনে হয়। তুমি জান ও শুনলে তোমার কি হবে??
এবার মামা খানিটা শান্ত হলেন। তারপর খুব আদুরে গলায় বললেন, না না আসলে আমি তেমনটা ভাবি নি। বুঝিস না দিন কাল খারাপ। কি থেকে কি হয়ে যায়। তো এখন বল কি হয়েছে?
আমি বললাম আরে না দূর এমন কিছু না। বড়লোকের খেয়ালী মেয়ে। বন্ধুদের নিয়ে খেতে গিয়েছে, কিন্তু এখন টাকা শর্ট পড়ে গিয়েছে। হোটেলওয়ালা ঝামেলা করছে।
বলিস কি?
আরে হ্যাঁ। তো আর বলছি কি? এখন যে কিভাবে টাকা ম্যানেজ করি। সেটা পরামর্শ করতেই তো তোমাকে ফোন দিলাম। সন্ধি অবশ্য চায়নি যে আমি তোমাকে জানাই। মি অবশ্য সন্ধিকে বলেছি, আমার মামা তোমাদের কোম্পানীতে বড় চাকরী করে। তিনি একটা পারেন না এমন কোন ব্যাপারই নেই।
মামা বললেন, না না ঠিক আছে। আমাকে বলবে না তো কাকে বলবে। আফটার অল আমি তাদের কোম্পানীতে চাকরী করি।
আমি বললাম, সেটাই তো মামা। সেই কারনেই তো তোমাকে ফোন দিলাম। সঠিক সময়ে সঠিক কাজ করতে পারলে তোমারই ভাল। বুঝনা মামা তোমার বস যদি জানে তার মেয়ের মানসম্মান তুমি সেফ করেছ, তাহলে কি দারুন একটা ব্যাপারই না হবে।
ঠিক বলেছিস। হোটেলের নাম আর কত টাকা বিল হয়েছে বল?
বেশি না মামা। হোটেল পূর্নিমা আর বিল মাত্র ১৬০০ টাকা।
ঠিক আছে, আমি লোক পাঠিয়ে দিচ্ছি। তুই সন্ধিকে বলবি খাবারের বিলে যেন ও একটা সিগনেচার করে দেয়। ব্যস তাহলেই হবে। আর আমার কথা বলিস, কিছু লাগলে যেন আমাকেই বলে।
আমি বললাম, ঠিক আছে, বাসায় গিয়ে মামীকেও একই কথা বলব।
এই বলে আমি ফোন রেখে দিলাম।
আহ! চরম একটা শান্তি লাগছে। মনে হল ঠান্ডা কিছু হলে মন্দ হত না। ওয়েটারকে ডেকে একটা রাম ধমক দিলাম। কাস্টমারের দিকে এই ভাবে কেউ তাকিয়ে কথা বলে!! কিছুক্ষন হম্বিতম্বি করে শান্ত হলাম। বললাম, ভালো করে ফালুদা নিয়ে আসতে। আমি ফালুদা খাই আর হোটেল মালিকের দিকে বড় বড় চোখে তাকাই।
আধাঘন্টার উপর পার হয়ে গেল। কেউ আসার কোন লক্ষন নেই। এখন প্রায় ফাঁকা হোটেল। ওয়েটারদের কে দেখলাম আমার দিকে তাকাচ্ছে। আর নিজেরা নিজেরা কি যেন বলছে। ভাবচক্কর দেখে মনে হল, তারা মনে হোটেলের বন্ধ করার চিন্তা ভাবনা করছে।
হোটেলের মালিক দেখলাম, কিছুটা নড়ে চড়ে বসল। আবার মুখে পান দিলেন। জিজ্ঞেস করলেন, তা বাবাজান, আফনের মামাজানের অফিস কি ঢাকার বাইরে??
ন না, ঢাকার বাইরে কেন হবে। কি বলছেন এসব। গুলশান ২ নাম্বারে।
ও না মানে কইছিলাম কি গুলশান ২ থেকে গুলশান ১ এ হাইটা আসলেও তো এতক্ষন লাগনের কথা না। সময় লাগুক সমস্যা নাই। তয় আইলেই ভালো।
আমি খানিকটা টেনশনে পড়ে গেলাম। ইয়া আল্লাহ কি যে কপালে আছে কে জানে। মামা যদি না আসে, তাইলে বহুত মুসিবতে পড়ে যাব। আমার সকল আত্মবিশ্বাস বালির বাঁধের মত চুর চুর করে ভেঙ্গে যাওয়া শুরু করল।
হঠাৎ দেখলাম সিঁড়ি বেয়ে মামা ঊঠে আসছেন। এসেই বললেন, আর বলিস না। হেঁটে আসলেও এত সময় লাগত না। যে জ্যামের জ্যাম। তাই এত দেরী হল। তা সন্ধি কই?
মামাকে দেখে আমার হারানো আত্মবিশ্বাস ফিরে এল। খুব দুঃখি মুখ করে বললাম, ও কেমনে থাকে বল, এই খানে লোকদের যে ব্যবহার। টাকার জন্য তো পারলে মাইর দেয়।
মামা একটা সেই রকম একশনে গেলেন। নানারকম ধাপকি ধুপকির পর মামা শান্ত হলেন। হোটেলের বিল দিয়ে বের হলে এলাম।
তারপরের ঘটনা খুবই সাধারন। মামা চলে যায় আর আমি ক্যম্পাসে যাই। সন্ধিকে খুঁজে বের করি। তাকে বলি, আমাকে যে সিল মেরেছ, সেটাতে তোমার একটা নিষ্ঠুর অটোগ্রাফ থাকলে ভাল লাগবে। তাই এখানে একটা সুন্দর আটোগ্রাফ দিয়ে দাও।
সন্ধি সুন্দর করে একটা অটগ্রাফ দিল। কৃতজ্ঞতা স্বরুপ সেখানে একটা হার্ট এর সাইন একে দিল। আমি ফেরার পথে মামাকে দিয়ে এলাম।
মামা ভূলে পকেটে করে সেই বিল বাসায় নিয়ে যায়। মামি সেই হার্ট সম্বলিত সাইন খানা দেখে ফেলেন। তারপর আসলে যা হবার কথা তাই হয়েছিল।
এই ঘটনাটি অনেক পরে, যে সন্ধি আমাদেরকে প্রথম খাওয়ায়, সেদিন আমি ফাঁস করি। খোদ সন্ধির বাবার সামনে। এত প্রান খোলা হাসি অনেকদিন আমি কাউকে দিতে দেখি নি। আর সন্ধি! কি আর বলব! এমন রাগী চেহারা ! আমি বহুত দিন দেখি নি।
আর একটা জিনিস পরে জানতে পারি, তা হল, সুন্দরী মেয়েদের সামনে অনেক ছেলেই নিজ বন্ধুদের সাথে প্রতারনা করে। যেমনটা করেছিল আমার বন্ধুরা। সবাই ভালো থাকার জন্য চামে সন্ধিকে আমার প্ল্যানের কথা আগেই জানিয়ে আসে। ফলশ্রুতিতে আমার সেই নির্মম মাইনকা চিপায় পড়া।
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০১৪ ভোর ৬:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




