বাংলাদেশ ক্রিকেট টিমের একটা অদ্ভুত ব্যাপার আছে। যখনই এই দলটা কোনো সমস্যায় পরে, কিংবা যখনই তারা প্রচণ্ড সমালোচনার মুখোমুখি হয়, তখনি তারা পারফর্ম করে। ২০০৮ সালে যখন আফতাব, নাফিসরা সবাই আসিএলে চলে গেল, তখন ভাবলাম বাংলাদেশ শেষ। অথচ নিউজিল্যান্ডের বিপক্ষে পরের সিরিজটাতেই দারুণ খেলল বাংলাদেশ। ১ম ওয়ানডে আরামেই জিতল। প্রথম টেস্টটাও প্রায় জিতেই গিয়েছিল। সাকিবের বোলার হিসেবে উত্থান সেই টেস্টেই। পরের ট্রাই সিরিজের ফাইনালে শ্রীলংকার সাথে সেই ট্র্যাজেডি। আবার ২০১১ বিশ্বকাপে উইন্ডিজের সাথে ৫৮ রানের লজ্জার পর ইংল্যান্ডের সাথে অসাধারণ জয়। গত বছরের এশিয়া কাপের আগে তামিমকে নিয়ে ঝামেলা। তারপর তো ইতিহাস। তামিমের পর পর চারটা ফিফটি, আর বাংলাদেশের অশ্রুসজল নয়নে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে আসা।
উইন্ডিজ সিরিজের ওয়ানডেতে সাকিব ইনজুরির কারণে নেই। ওয়ানডের নতুন নিয়ম-পাওয়ার প্লে ছাড়া অন্য সময়ে চারজন ফিল্ডার থাকবে বৃত্তের বাইরে। বাংলাদেশের মূল শক্তি স্পিন, আর উইন্ডিজ টিমে সব পিঞ্চ হিটার -গেইল, স্মিথ, স্যামুয়েলস, পোলার্ড, সামি। ফলাফল –বাংলাদেশ ৩ -২ এ সিরিজ জিতে গেল। আর এবার শ্রীলঙ্কার সাথে সিরিজের আগে তো ইনজুরি সমস্যায় পুরা টিমই জর্জরিত। সাকিব, তামিম, এনামুল জুনিয়র, নাইম, রুবেল –কেউই টিমে নাই। এবং এখন পর্যন্ত ফলাফল হচ্ছে প্রথম টেস্ট আমরা ড্র করেছি। সামনে হয়ত আরো সুদিন আসবে। সেই সুদিনের অপেক্ষায় আছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




