আমি একজন সুখী মানুষ|
এই কথাটি তুমি এবং আরও অনেকে
বিশ্বাস করতে পারনি।
হেসে উড়িয়ে দিলে।
তাকিয়েছিলে আষাঢ়ের বিশ্বাসঘাতক আকাশের মত।
সেখানে ছিল অবিশ্বাস, হিংসা, ক্রোধ আর করুনার আলো।
শৈশবের মামা বাড়িতে একদিন
এক সন্যাসী এসেছিল।
ইয়া বড় এক ঝুলি ঝুলানো ছিল কাঁধে।
বেশ হৃষ্টপুষ্ট, কৌতুহল জাগায় মনে।
সন্যাসী একেকজনকে একেকটি বর দিতে লাগল।
কাউকে ধনী বানিয়ে দিল, কাউকে সুখী,
কেউ হল প্রফেসর, কেউ ডাক্তার।
সবার শেষে আমি।
‘তুমি কি হবে বাবা?’ সন্যাসী বলেছিল।
আমি বলেছিলাম,‘আমি হব দুঃখী।’
তোমার কাছে যদি দুঃখ থাকে তবে
আমাকে দাও।
আমি না হয় দুঃখীই হলাম।।
সেদিন সন্যাসী আমাকে ঠিকই দুঃখ দিয়েছিল।
তার চোখে দেখেছিলাম কান্না;
শুনেছিলাম তার অপারগতা।
‘না বাবা, না!
তোমাকে আমি দুঃখ দিতে পারব না।
কারন দুঃখ ছাড়া যে আমার আর
কিছুই নেই। এতটুকুই আমার সম্বল।’
সেদিন সে সন্যাসী আমাকে
কোন দুঃখ না দিয়েই অনেক দুঃখ
দিয়ে চলে গেল।
আমি তার মত সন্যাসী হতে চেয়েছিলাম।।
সর্বশেষ এডিট : ২৩ শে জুলাই, ২০১৬ রাত ৯:৩১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


