২৪ মার্চ(রেডিও তেহরান):পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপিকে অর্থ দিয়েছিল বলে সম্প্রতি যে খবর প্রকাশিত হয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় তা প্রত্যাখ্যান করেছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, আইএসআই'র সাবেক প্রধান আসাদ দুররানি বিএনপিকে অর্থ দিয়েছিলেন বলে পাকিস্তানের আদালতে হলফনামায় স্বীকার করেছেন মর্মে বাংলাদেশের সংবাদ মাধ্যমে যে খবর বেরিয়েছে তা ভিত্তিহীন, মিথ্যা ও বিভ্রান্তিকর। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের উদ্ধৃতি দিয়ে বলা ওই বিবৃতি বলা হয়েছে, ১৯৯১ সালের নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আইএসআই অর্থ দিয়েছে বলে সংস্থাটির সাবেক প্রধানের যে স্বীকারোক্তির কথা বিভিন্ন সংবাদপত্রে প্রকাশ করা হয়েছে তা কেবল ভিত্তিহীনই নয়, দুই দেশের ভ্রাতৃপ্রতীম সম্পর্ক ক্ষতিগ্রস্ত করার অপপ্রয়াসও বটে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেছেন, পাকিস্তান ভিন্ন দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার বিষয়ে বদ্ধপরিকর এবং এমন মিথ্যা, বিভ্রান্তিকর ও বানোয়াট খবরকে আমলে নেওয়া হবে অনভিপ্রেত। সম্প্রতি বাংলাদেশের সংবাদ মাধ্যমের খবরে দাবি করা হয়েছিল, পাকিস্তানের আইএসআই'র সাবেক প্রধান আসাদ দুররানি ১৯৯১ সালে বাংলাদেশের সাধারণ নির্বাচনের আগে বিএনপিকে ৫ কোটি রুপি দেওয়ার কথা পাকিস্তান সুপ্রিমকোর্টে স্বীকার করেছেন। এ নিয়ে বাংলাদেশে রাজনৈতিক অঙ্গনে এখনও ব্যাপক বিতর্ক চলছে।#

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




