তখন রাতের মাত্র ন’টা
বাবা খেয়েছিস?
হলে একা একা কি করিস?
ভার্সিটি না ছুটি? বাড়ি আসবি না?
হয়তো মা
এ কথাগুলোই বলতেন ফোনে।
সে তখন গাঢ় ঘুমে ডুবে
নোকিয়ার পরিচিত টোন
পৌঁছল না কানে।
যখন মায়ের কল এলো
তখন আকাশে নীল চাঁদ।
উপচানো বেলপাতা
পেছনের ঝুলবারান্দায়।
আবছা আলোতে বেল ফল
হাত বাড়ালেই ধরা যায়।
যখন মায়ের কল এলো......
শূন্য রুম:
কারো কোনো সাড়া শব্দ নেয়।
শেষ সহবাসীটিও বাড়ি গেছে
দু’দিন আগেই।
নিচু স্বরে ইস্পিকারে বাজে
ব্রুস ডিকিনসনের গলা।
মনিটরে পস্ দেয়া
'মিডনাইট কাওবয়ে'র
শেষ দৃশ্য।
পড়ার টেবিলে পড়েছিলো
ডকসেপিনের খালি পাতা।
যখন মায়ের কল এলো
তখন রাতের মাত্র ন’টা...
হয়ত মা ভাবছেন তার ছেলে
টিউশনি হতে হলে এখনো ফেরেনি;
হতে পারে জ্যামে আটকেছে
ফোনটিও রুমে ফেলে গেছে ।
আবার মায়ের কল ......তখন ঘড়িতে
এগারোটা বাজে
হয়তো মা ভাবছেন তার ছেলে হলে ফিরে ঘুমিয়ে পড়েছে।
আবারো মায়ের কল......
এখন সকাল মাত্র ন’টা
কাকের অশনি ডাক
জারুলের ডালে:
ক্ষুধার্ত প্যাঁচার মতো ওরা জেগেছিল সারা রাত-
ওর ঘুম শিকার করবে বলে.........
যখন মায়ের কল এলো.........
তখন দিনের দ্বিপ্রহর
ওর ঘুমে ডানা ঝাপটায় লোভাতুর কনডর।
সর্বশেষ এডিট : ০৭ ই মে, ২০১৫ দুপুর ১২:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




