-ছেলেকে কোথায় ভর্তি করলেন ভাই?
-এইতো শাহীন স্কুলে।
-বাহ ভাল তো। শাহীনের ইংলিশ মিডিয়ামে?
-না বাংলা মিডিয়ামে।
-আহাহা করলেন কি ভাই! ছেলেটার ভবিষ্যত এভাবে আপনি জেনেশুনে নষ্ট করলেন! না না নিজের গোয়ারতুমির জন্য এটা আপনি পারেন না। এটা বাংলা নিয়ে আদিখ্যেতার বিষয় না। ছেলের ভবিষ্যৎ নিয়ে ইমোশন চলেনা। এখন যুগ অন্যরকম। ইংরেজী ছাড়া একদম অচল। বাংলাদেশের ছেলেরা বাইরে গেলে এই ইংরেজীর কারনে দাঁড়াতেই পারেনা। সাহস করে দুটো কথা পযর্ন্ত বলতে পারেনা। আমাদের যুগ আর নাই। এখনো সময় আছে ভাই। ছেলেটার লাইফ শেষ করবেন না।ইন্ডিয়ানরা কোথায় চলে গেছে…………..
প্রায় প্রতিদিনই এরকম শুভাকাংক্ষীর মুখোমুখি হতে হয়। সবচেয়ে মজা লাগে এদের সংলাপ গুলো একই রকম। সবাই একই টোনে প্রায় একই রকম শব্দ ব্যবহার করে। আমি বেশীরভাগ ক্ষেত্রেই একটি নিরীহ হাসি দেই। যারা ইংরেজী শিক্ষা আর ইংরেজী মিডিয়াম এর ভেতর পার্থক্যটা বোঝেনা তাদের কিছু বোঝানোর চেষ্টা করা বৃথা। চীন,জাপান বা কোরিয়ার উদাহরণ দেওয়াটাও এদের কাছে অনর্থক বাক্য অপচয়। একটি শিশুর বিকাশের সময়ে তার মনের জগতটাকে যারা ইংরেজীর চাদরে ঢেকে দিয়ে সুখ পায়, তারা পাক। তাদের আর কি বলার আছে?
আমাদের দেশে ইংলিশ মিডিয়ামের মত আরেকটা জিনিস আছে “ইংলিশ ভারসন”। যারা বাংলাদেশ ভক্ত আবার ইংরেজির চটকও পছন্দ করে তাদের জন্য এটা। আমি মাদ্রাসার শিক্ষার সাথে ইংরেজি ভারসন বা মিডিয়ামের শিক্ষায় বিশেষ পার্থক্য দেখিনা। একদিকে মধ্যপ্রাচ্য আরেকদিকে ইউরোপ আমেরিকা। পৃথিবীর আর কোন দেশে এরকম চতুর্মুখী ধারার শিক্ষা ব্যবস্থা আছে বলে আমার জানা নেই।
আমার ধারনা মাতৃভাষা ছাড়া আর কোন ভাষা শিশুর সহজাত সৃজনশীলতা আর মেধার বিকাশ ঘটাতে পারেনা।এটা যে শুধু আমার ধারনা তা নয় এটাই বিজ্ঞানসম্মত এবং পৃথিবীর সব মনস্তাত্বিকই এই কথা বলেন। তারপরও আমাদের প্রায় সব শিক্ষিত সচ্ছল মানুষেরাই তাদের ছেলে মেয়েদের ইংলিশ মিডিয়ামে পড়ান। এর মধ্যে কি কোন শ্রেনী চেতনা কাজ করে? নিজেকে প্রান্তিক এবং মধ্যবিত্তদের থেকে আলাদা করার চেষ্টা? কারন নিম্নমধ্যবিত্তরা চাইলেও এইসব স্কুলে ভরতি হতে পারেনা। সব সমাজের এলিটরা চিরকালই নিজেদের আর নিচুতলার মানুষের মধ্যে একটা পরদা রাখতে পছন্দ করে। ইংলিশ মিডিয়াম কি সেই পর্দা?
আমি জানিনা, এই বিপুল পরিমান ‘মাইকেল মধুসূদন’ নিয়ে আমরা কোন দিকে যাচ্ছি? আমার ধারনা খোদ ইংরেজরাই আমাদের এই মানসিকতা দেখে হাসাহাসি করে। আমি ভীষণ আতংকিত।
সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০১৩ রাত ২:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




