বিজয় সরনী দিয়ে যাওয়ার পথে বেশ সুন্দর লাগত বস্তুটা। প্রায়ই ভাবি- ঢুকব একদিন। বছরদুয়েক আগে আরো ৩ জন ঘোরাফেরা মানসিকতার বন্ধু সহ গিয়েছিলামও। দেখি বিশাল লাইন। হাড্ডিপাকা বুড়ো থেকে কোলে রাখা পুঁচকে, নাগরিক চেহারা ও পল্লী অঞ্চলের পর্যটক- সবই। না, টিকেট পাইনি। হতাশবদনে ভাবলুম- কত মজার জিনিস না জানি!
গত শনিবারে আবার ইস্যুটা পুনুরুজ্জীবিত হল। মাধ্যমিক পেরুনো ও না পেরুনো ভাগ্নেজুটি আবদার করে বসল মামা, নভোথিয়েটারে চল। অলস দুপুরের বিছানা গড়াগড়িটা কোরবান করে আমিও কৈলাম- চল্। এমনি এমনি যাওয়া হবেনা পিচ্চিদের উছিলায় ঢুঁ মেরে আসি।
আগেরবারের টিকেট সংক্রান্ত ছ্যাঁকার কারনে এবার ১ ঘন্টা আগে হাজির। না, সে রকম ভীড় নেই। কিন্তু টিকেট ৫০ টাকা (একসময় ৩০ টাকা ছিল মনে হয়)। ২ বছরের উপরে সবাই এখানে প্রাপ্তবয়স্ক! নারী পুরুষেও ভেদাভেদ নাই। মোটামুটি ৩ প্রজন্মের ৩ জন আমরা। হাত ধরাধরি করে বিরাট প্রত্যাশা নিয়ে ঢুকছি। হাতে আরো ৩০ মিনিট ৫.০০ টা বাজতে।
আস্তে আস্তে খটকা বাড়তে লাগল ভেতরের অপরিচ্ছন্নতা ও অবহেলার ছাপ দেখে। দেয়ালের ময়লা, ঝুল জানান দিল এটা কোন মহাকাশ প্রদর্শনী কেন্দ্র নয়- বরং একটি সরকারী প্রতিস্ঠান, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয় যার অভিভাবক! লবিতে ঘোরার মত কিছুই নাই। লোকজনের লাইনে কোথাও ঢুকার চিত্র দেখে আমরাও পিছু নিলাম।
বেশী খাড়া সিনেমা হল। প্রধান পার্থক্য পর্দায়। গোলাকৃতির গম্বুজের ভেতরের পুরাটাই। সুপরিচিত কন্ঠ জায়েদ ইকবালের উত্তেজিত ও কৃত্রিম ঘোষনা। কি কি যন্ত্র এখানে আছে। কিন্তু আগাগোড়া কেন উনি উত্তেজনা, আবেগ আর শিশুদেরকে আহ্লাদ দেখানোর ঢংয়ে মহাকাশের বয়ান দিলেন তা আমার মগজে ঢুকলনা। সিসিমপুরের নেপথ্য কন্ঠ হিসেবে এটা মানালেও বৈজ্ঞানিক প্রদর্শনীতে একদম বেমানান।
কন্ঠের কারুকাজ থাক। মূলে আসি। ঘোষক বললেন, ইতোপুর্বে আরেকটা লার্জ ফরমেট ফিল্ম দেখানো হত। লাইসেন্সের মেয়াদ শেষ হওয়ায় তা এখন দেখানো সম্ভব হচ্ছেনা। তাই ৪০ মিনিটের একটি শো দেখেই আপনাদেরকে ঢেকুঁর তুলতে হবে। টাকা কিন্তু সেইম!
শো শুরু হল। পৃথিবী, চাদঁ, নিকটবর্তী গ্রহ, গ্যালাক্সি গুলো, ষড় ঋতুর আকাশের তারকামন্ডল নিয়ে কিছু গ্রাফিক্স দেখানো হল। গ্রীক পুরানে নানাবিধ তারার গল্প বলতে বলতেই বেশীর ভাগ সময় শেষ। যার পুরোটাই ফালতু রূপকথা। না জানলেও চলে। শেষের দিকে বর্তমান বিজ্ঞানের আলোকে মহাকাশ নিয়ে সামান্য ধারনা দেয়ার চেস্টা করা হল। নক্ষত্র মরে গেলে ব্ল্যাকহোল হয়। সাঁ ........করে ব্ল্যাকহোলে ঢুকার একখানা গ্রাফিক্স দিয়ে শো শেষ। এ ও কে জিজ্ঞেস করছে বিরতি না শেষ? পাশে বসা ভদ্রমহিলা আমাকে জিজ্ঞেস করছেন। আমিও লা জবাব। বাতি জ্বলা আর বেশীরভাগ দর্শকের প্রস্থান দৃশ্য দেখে আমরাও অনুকরন করলাম। হিসেব করলাম প্রাথমিক গ্যাঁজাল পর্ব ছাড়া শো বড়জোর ৩৫ মিনিট! ভাগ্নেদের কাছে প্রতিক্রিয়া জানতে চাইলাম। ওরা বলল- মামা, বসুন্ধরায় চল!
আমার মগজে তখনো ঢুকেনি এটাই নভোথিয়েটার। বোধ হয় আরো কিছু আছে -এরকম ভাবনা। কি একটা ভার্চুয়াল রাইড ১০ টাকা করে লিখা দেখলাম। কিন্তু ইতি উতি করে কোন কাউন্টার বা এটেনডেন্ট পেলামনা। হতাশ মননে বেরিয়ে যেতে হল। মনে মনে বললাম, বালের নভোথিয়েটার! ৫ টাকা নিলেও বেশী।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


