মানব সভ্যতার বিকাশ, বিবর্তন ও অগ্রগতির বিবরণ হচ্ছে ইতিহাস। ইতিহাস মানুষকে দান করে জ্ঞান ও অভিজ্ঞতা। তাই রাজনীতিক, কবি, সাহিত্যিক, প্রশাসকসহ সকলের জন্যই ইতিহাস পাঠ প্রয়োজন। কোন সমাজ বা জনগোষ্ঠি অতীত থেকে বিচ্ছিন্ন হঠাৎ গজিয়ে ওঠা নয়। এ যুগে তাই শিকড় সংলগ্ন থাকার চেতনা দেশে দেশে প্রখরতর হয়েছে। একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জনপদের অভিজ্ঞতার ছবি ইতিহাস আসলে বহুমুখী জ্ঞানের একটি শাখা। বাংলাদেশে এই ইতিহাস চর্চার ইতিহাস উন্নত অনেক দেশের তুলনায় খুব উজ্জ্বল বলা যাবে না। তবু যা আছে তা নিতান্তই অকিঞ্চিৎকর নয়। জাতীয় ইতিহাস পুর্নগঠনে নব উদ্যমে এখন কাজ চলছে। এ কাজে স্থানীয় ইতিহাসও লাভ করেছে পৃথক গুরুত্ব। কারন স্থানীয় বা আঞ্চলিক ইতিহাসই জাতীয় ইতিহাসের নির্ভরযোগ্য ভিত্তি। আঞ্চলিক ইতিহাস রচনার সূত্রপাত হয় মূলত বৃটিশ আমলে। বৃটিশ আমলে জেলাগুলো ছিল প্রশাসনের মৌলিক ইউনিট। তাই প্রশাসকগণ জেলা ভিত্তিক ইতিহাস রচনা করতে শুরু করেন। সরকারী এ উদ্যোগ স্থানীয় পর্যায়ের ইতিহাস রচনায় প্রেরণা সঞ্চার করে। সিলেট অঞ্চলেও এর প্রভাবে ইতিহাস চর্চার ধারা শুরু হয়।
স্থানীয় ও আঞ্চলিক ইতিহাসের বিষয় ও প্রকৃতি অভিন্ন। তবে ইতিহাসবিদগণ গ্রাম, মৌজা, ইউনিয়ন, উপজেলা ও জেলা পর্যন্ত ইতিহাসকে আঞ্চলিক ইতিহাস বলেন। পরে আসেজাতীয় ইতিহাস। প্রতিটি অঞ্চলের কিছু কিছু বৈশিষ্ট্য থাকে। স্থানীয় বা আঞ্চলিক ইতিহাসে তা ধারণ করা হয়। এর বিষয়বস্তু বিচিত্র ও ব্যাপক। অপেক্ষাকৃত ছোট একটি প্রশাসনিক ইউনিটের অতীত ইতিহাস, বৃতাত্ত্বিক পরিচয়, ভৌগোলিক বিবরণ, আর্থ-সামাজিক রীতিনীতি, কৃষি, বাণিজ্য, শিক্ষা, ভাষা, সাহিত্য, ভূমিব্যবস্থা, প্রশাসন, বিখ্যাত স্থানের বিবরণ, বিশিষ্ট ব্যক্তিদের জীবন ও কর্ম ইত্যাদি হচ্ছে এর আওতাভুক্ত। স্থানীয় ইতিহাস চর্চায় দৃষ্টিভঙ্গির পার্থক্য থাকে। ইতিহাসবিদ জাতীয় ইতিহাস পূর্ণগঠনের লক্ষ্যে, প্রশাসক উন্নয়ন ও বৈশিষ্ট্য জানার জন্য এবং স্থানীয় জাতীয় লোকজন নিজের গৌরব ও ঐতিহ্য সম্পর্কে অবহিত হতে আঞ্চলিক ইতিহাস চর্চা করেন। এ জন্যই পেশাদার ইতিহাসবিদ না হলেও অনেকে এ বিষয়ে গ্রন্থ রচনা করেন। সিলেটের বৈশিষ্ট্য সকল দিক থেকেই উজ্জ্বল বিধায় স্থানীয় ইতিহাসের ওপর অসংখ্য বই বের হচ্ছে। সিলেটের ইতিহাস চর্চাকে সাধারণ তিনটি কালিক পর্বে ভাগ করা যায়। বৃটিশ আমল, পাকিস্তান ও মুক্তিযুদ্ধ পরবর্তী স্বাধীন বাংলাদেশ আমল। এর আগে সিলেট বিষয়ক তথ্যাদি বিশেষ করে হযরত শাহজালাল, শ্রী চৈতন্য সংশ্লিষ্ট তথ্যাদি ও সমকালীন সিলেটের প্রসঙ্গ ঐতিহাসিক, কবি ও পর্যটকদের বিবরণে পাওয়া যায়। প্রাচীন বাংলা পদ্য এবং ভিন্ন ভাষায় রচিত এ সব গ্রন্থ সিলেটের ইতিহাসের উপকরণ যোগালেও সিলেটের ইতিহাস বলা যায় না। এ ছাড়া প্রথম দিকে স্মৃতি, শ্রুতি কিংবদন্তী নির্ভর হয়েই লিখতে হয়েছে ইতিহাস। বিজ্ঞান সম্মত ইতিহাস রচনার প্রয়াস শুধু সিলেটে নয় সারা দেশেই শুরু হয়েছে অনেক পরে। আঞ্চলিক ইতিহাস গ্রন্থাদির এই সীমাবদ্ধতা অবশ্য ইতহাস চর্চার গুরুত্ব হ্রাস করে না এ জন্য যে, পরবর্তী গবেষকরা ঐগুলোর ভিত্তিতেই অগ্রসর হয়েছেন। জাতীয় ইতিহাসেও যাচাই বাছাই করে গ্রহণবর্জর করা হচ্ছে। সিলেটের হযরত শাহজালালের আগমত একটি গুরুত্বপূর্ণ ঘটনা। তার আগমনে এখানকার ইতিহাসের মোড় ঘুরে যায়। আবার তার জীবনী চর্চার অনুষঙ্গ হিসেবে গড়ে ওঠে সিলেট অঞ্চলের ইতিহাস। সিলেটের ইতিহাস চর্চাতেও তাই দরবেশ শাহজালার এক মাইল ফলক হয়ে আছেন। তার উপর প্রচুর গ্রন্থ রচিত হয়েছে। এর সবগুলোই বিজ্ঞানসম্মত ইতিহাস হয়তো নয়, তবু এতে সিলেটের মাটি ও মানুষের কথা আছে, আছে ইতিহাসের উপকরণ। সিলেট ঐতিহ্যবাহী প্রাচীন এক জনপদ। বিশ্বের প্রাচীনতম জনপদের একটি। সেই রামায়ন মহাভারতের যুগেও সিলেটের উল্লেখ পাওয়া যায়। ১৪৯২ খ্রিস্টাব্দের আগে আমেরিকার নাম ছিল অজানা। অথচ ১২০৪ খ্রিস্টাব্দের খিলজি এসে বঙ্গে হাজির। ১২০৫-১২০৬ খ্রিস্টাব্দে সিলেট ও খাসিয়া জৈন্তা পাহাড়ের মধ্য দিয়ে কামরুপ আক্রমণ করেন বখতিয়ার খিলজির পুত্র মোহাম্মদ খিলজি। এ বাহিনীর কেউ কেউ থেকে যান সিলেটে। শেখ বুর হান উদ্দিন তাদের বংশধর ছিলেন বলে অনুমান করা হয়। মহাভারতের যুগ তো আরো পুরনো খ্রিষ্টপূর্বকাল। 'জৈমিনীর ভারত' গ্রন্থের বর্ণনা মতে নারীরাজ্য নৈতআর রাণী প্রমীলা কুরুক্ষেত্রের যুদ্ধবিজয়ী যুধিষ্টিরের যজ্ঞের ঘোড়া আটক করেছিলেন। ঘটনা পৌরানিক হলেও বুঝতে কষ্ট হয় না যে, সিলেট প্রাচীন জনপদ। যোগিনীতন্ত্রে কামরুপভুক্ত সিলেট ভূমিরু সীমানা সম্পর্কে একটি শ্লোক আছে, শ্রীহট্ট শব্দেরও উল্লেখ আছে। বৌদ্ধদের চারটি সিদ্ধপীটের একটি শ্রীহট্ট। গোপীচন্দ্রের গীতিকায় আদ্যমাটি হিসেবে সিলেটের মর্যাদা স্বীকৃত। অদ্যক্ষ তোফায়েল আহমদ বলেন : বাংলাদেশের তিন ধরনের ভূপ্রকৃতির মধ্যে পার্বত্য চট্টগ্রাম ও সিলেটের পাহাড়ী অঞ্চল প্রায় এক কোটি বছর আগে টারশিয়ারী যুগের শেষের দিকে সৃষ্টি হয়। প্রাচীন জনপদ বলেই এখানকার ইতিহাসও সুদূর অতীত বিস্তৃত। কিন্তু ইতিহাস চেতনা এবং সংরক্ষনের প্রয়াস মানব বসতির মতো প্রাচীন নয়। ইতিহাসবিদদের মতে ১৭৮৯ খৃষ্টাব্দে ফরাসী বিপ্লবের পর থেকে শুরু হয়েছে ইতিহাসের আধুনিক যুগ। সিলেটের বৃহত্তর অর্থে বাংলাদেশের ইতিহাস চর্চায় আধুনিক যুগ ুস্পষ্টতই বিলম্বিত। ১৮৭৬ খ্রিষ্টাব্দের আগে সিলেটে কোন ছাপাখানাই ছিল না। ১৯০৩ খ্রিষ্টাব্দে ছিল মাত্র তিনটি। তাই পুস্তক প্রকাশনা ছিল রীতিমত কষ্টসাধ্য ব্যাপার ছিল নানা রকম সমস্যা। এরই মধ্যে সিলেট উর্দু , আরবি ফার্সি, সংস্কৃত ও সিলেটী। লিপিতে বই পুস্তক লিখিত হয়েছে। ইতিহাস গ্রন্থও রচিত হয়।
মুদ্রিত গ্রন্থাদি বা ইতিহাস চর্চা প্রসঙ্গে আলোকপাতের আগে ইতিহাসের আলোকেই পেছনে তাকানো প্রয়োজন। এখানকার ভৌগোলিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক জীবনে নানা কারনে গড়ে উঠেছে বেশ কিছু স্বাতন্ত্র্য। এ জনপদে অষ্ট্রিক, মঙ্গোলীয়, আর্যরা বসবাস করেছে। এরপর আসে মুসলামনরা। শাহজালালের স্গে বিভিন্ন ভাষাভাষী বিভিন্ন জনগোষ্ঠীর লোক আসেন। সিলেট ছিল সব সময় সকল রাজ্যের সীমান্তিক জনপদ, সীমান্ত রক্ষার তাগিদে এখানে রাখা হতো সুদক্ষ সেনাবাহীনি। এরাও ছিলেন নানা জনগোষ্ঠীর মানুষ। শাহজালালের বিজয়ের পর সঙ্গীরা এখানকার জনজীবনে, উৎপাদন ও সামাজিক প্রবাহে একাকার হয়ে যাযন। বঙ্গ বিজয়ের পর বঙ্গে শাসক অভিজাত শ্রেণী গড়ে উঠলেও সিলেটে ঘটে ব্যতিক্রম। ইসলামী সাম্যের প্রেরণায় সিলেটে গড়ে উঠে একটি মালটিকালচারেল নেশনের যে কনসেপ্ট আছে, তার প্রথম নজির হচ্ছে সিলেট। মোগল, পাঠান আমল ও বৃটিশ আমলেও সিলেটের ইতহাসে ব্যক্রিম আছে। ১৮৭৪ খ্রিষ্টাব্দে আসামভূক্ত হয় সিলেট। আবার ১৯০৫ এ বঙ্গভংগের ফলে বাংলাভুক্তি হলেও ১৯১১ তে বঙ্গভঙ্গ রোধের ফলে আসামে আসে পুনরায়। ১৯৪৭ খ্রিষ্টাব্দে গণভোটের মাধ্যমে সিলেট যোগ দেয় পাকিস্তানে। প্রশাসনিক, নৃতাত্ত্বিক, ভাষিক ইত্যাদি নানা কারণে সিলেট বাংলাদেশের একটি স্বতন্ত্র্য জনপদ হয়ে ওঠে। ভারতে অন্যান্য অঞ্চলের ইতিহাস যে ধারাবাহিক প্রক্রিয়ায় বিকশিত হয়েছে সিলেট সেভাবে হয়নি।
(চলবে)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


