১।
জমাট আঁধার। ধুমসে জল ঝরছে । বয়সী বৃক্ষ শুদ্ধ হচ্ছে স্থান সেরে। আমাদের বুকের জমিনগুলো পুড়ে ক্ষয়ে গেছে পুরাকীর্তির মত। অন্তর - অন্তরে মাকড়সার জাল পড়ছে। ওগো গর্ভবতী মেঘ তোমার জলে একটা প্লাবন আন, মহাপ্লাবন- আমরা ঢেউ কেটে কেটে সামনে এগিয়ে যাব নচেৎ সুনামির মত শেষ হয়ে যাব!
২।
পারিজাত স্বপ্নে আততায়ী হামলা। ছাত্ররা আজ শিক্ষকের উন্নতির কারিগর। আর ছাত্ররা দখল আর টেল্ডারবাজির। ডিজিটাল বাংলাদেশ' মানে কারেন্ট বিহীন রাত্রি পারাপার। অহেতুক স্বপ্ন দেখা। আদুভাইয়েরা আবারও ছাত্র দলের হোতা। এদের হাতে দেশ কীভাবে চলবে ঈশ্বর শুধু জানেন- আমরা না।
৩।
গুমোট ধরণী। রক্তের আল্পনায় জীবনের বিস্ময়। বয়সী ছাতিম গাছ চিন্তিত এই বুঝি ক্রসফায়ারে গেল আর একজন, অনাসৃষ্টিতে ভরপুর প্রিয় বসুন্ধরা ।
৪।
স্বপ্ন দেখি, কোন এক ইলশেগুড়ি বৃষ্টিতে যদি একই ছাতার নিচে দাঁড়াতো দেশনেত্রী এবং জননেত্রী তবে সম্ভবত বৃষ্টি ভয় পেয়ে যেত, এই বুঝি এগিয়ে যাচ্ছে বাংলাদেশ!
আমি কান পেতে শুনি, কোথাও বৃষ্টি হচ্ছে ঝুমঝুম!!
সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০০৯ দুপুর ১২:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


