বিস্তৃত হতে চান কবি,
কিন্তু চারিদিকে সংকীর্ণতার কঠিন দেয়াল,
উপরন্তু স্রষ্টার অসীম কৃপায় বিরামহীন বর্ষণে
ভেসে গিয়েছে সব রাস্তাঘাট;
বাড়ি থেকে বের হওয়াটাইতো দুঃসাধ্য ব্যাপার।
মহাকালের আবর্তন আর তারকারাজির এই ছুটে চলা
কিংবা বন্ধনহীন এই তারণ্য-
কোনটাই আপনার জন্যে নয়।
নিশ্চিতভাবেই আপনি বন্দী; যেমন বন্দী আপনার কবিতার মাঝে
অর্থহীন অসহায় শব্দগুলো।
সমুদ্রের প্রবল স্রোত আপনি দেখেননি
যেমন দেখেননি পূর্ণিমা রাতের ভরা জোয়ার
তবুও আপনার অসার কবিতাগুলোর মতোই
কল্পনার রথে সদা ঘুরে বেড়ান বালিময় সমুদ্রতটে,
অমাবস্যার ঘন অন্ধকারে খুঁজেন পূর্ণিমা রাতের আলো।
কবি, কেন এই বাস্তব বিমুখতা?
কেন এই কল্পনার ঘরে বসবাস?
কবি, এটাই সত্য এবং বিধি মোতাবেক
আপনাকে তা মেনে নিতেই হবে যে,
বিস্তৃত হওয়ার মতো যথেষ্ঠ যোগ্যতা, প্রচেষ্টা অথবা সাধ্যের
কোনটাই আপনার মাঝে নেই।
অতএব কবি, বাস্তব চিন্তা করে অনাগত দিনের কথা ভাবুন
নিজ যোগ্যতা অনুযায়ী কেবল সাড়ে তিনহাতের চিন্তা করুন।
সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ২:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


