১৯৯৩ সাল। ফেনীর জায়লস্কর এলাকায় একদিন এয়ারগান নিয়ে পাখি শিকারে বেরিয়েছিলাম। তখনো চড়ুই, বক, বুলবুলি ইত্যাদি পাখির ভুনা দারুন মজার। তখন খুব ছোট ছিলাম। পাখি শিকার অবৈধ ছিল কি না জানতাম না। এরপর ১৯৯৬ সালে আরো একবার পাখি শিকারে বেরিয়েছিলাম। সেবার নরসিংদীতে। এই ঘটনাগুলো মনে আছে। কারণ, এর মধ্যে অ্যাডভেঞ্চারের গন্ধ ছিল। এরপর কতগুলো বছর পাড় হয়ে গেল। বন্ধুদের সঙ্গে কক্সবাজার, বান্দরবন, রাঙ্গামাটি, শীতাকুন্ড, সেন্ট মার্টিন, কুয়াকাটা, নিঝুম দীপ ঘুরে আসার মজাগুলো চোখে ভাসে এখনো।
২০০৫ সালে গিয়েছিলাম নিঝুম দীপ। জীবনেও ভোলার নয়, এই ভ্রমণের কথা। সেবার কিসে চড়িনি আমরা? প্রথমে ট্রেনে চড়লাম। তারপর বাস। রিকশা, লঞ্চ, ট্রাক, অটোরিকশা সবকিছুতেই চড়েছিলাম। শেষ পর্যন্ত জাহাজে চড়ে পৌঁছেছিলাম ঢাকায়। সেই ভ্রমণের কথাগুলো কখনোই ভোলার নয়। নিঝুম দীপের গহীন অরণ্যে হারিয়ে যাওয়া। হরিণের পিছু পিছু ছুটে চলা। পথ হারিয়ে ভয়ে কাঁপতে থাকা। সবকিছুতেই ছিল চরম উত্তেজনা। নিঝুম দীপের গভীর বন থেকে বের হওয়ার জন্য এক কাঠুরের সাহায্য নিতে হয়েছিল। সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে আসার আগেই আমরা বন থেকে বের হতে পেরেছিলাম। তবে সেদিন সেই লোককে না পেলে, রাত হয়ত বনেই কাটাতে হতো। তাও হয়ত একটি নতুন অভিজ্ঞতা হতো। ফেরার পথে জাহাজমারার হোটেলে রাত কাটিয়েছিলাম। সে কি বিচ্ছিরি অবস্থা। রুম ভাড়া সম্ভবত ৫০ টাকা করে রেখেছিল।
২০০৫ সালেই গিয়েছিলাম কুয়াকাটা ভ্রমণে। ঘুরে বেড়ানোর দারুণ এক নেশা পেয়ে বসেছিল আমাকে। এরপর ফয়েজ লেক, বার বার শীতাকুন্ড যাওয়া, নীলগিরি, স্বর্ণ মন্দির, হিমছড়ি, পতেঙ্গা, চিম্বুক পাহাড় দেখা। পাহারপুড়ের বৌদ্ধ বিহার, বগুড়ার মহাস্থানগড়, দিনাজপুরের কান্তজীর মন্দির, রাম সাগর, মাথা সাগর, জমিদার বাড়ি, স্বপ্নপুরী, বিশাল এলাকা জুড়ে বিস্তৃত গজারি বন সবকিছুই এখন কেমন স্বপ্নের মতো মনে হয়। শেরপুরের গজনীতে যেবার গেলাম, হুট করেই গিয়েছিলাম। ক্লাসে বসে, বন্ধুকে বললাম, আজ রাতে চল কোথাও ঘুরে আসি। চলে গেলাম ট্রেন স্টেশনে। জামালপুরের ট্রেন পেয়েছিলাম। আমাদের তখনো কোন ধারণা নেই কোথায় যাব। জামালপুর নেমে শেরপুর হয়ে পৌঁছে গিয়েছিলাম গজনী। সিলেটের হামহাম জলপ্রপাতে যাওয়ার কাহিনিও অনেকটা এমনই। গিয়েছিলাম সেবার জাফলঙেও। নদীর ঠান্ডা পানিতে গোসল করার সময় যে অনুভূতি হয়েছিল, তার তুলনা নেই।
মানুষের জীবন খুব ছোট। এর মধ্যে যতটুকু সম্ভব বেশি করে প্রকৃতির আনন্দ উপভোগ করা প্রয়োজন। হয়ত সবাই এর সঙ্গে একমত হবে না। কিন্তু প্রকৃতি কত মহান, এই অনুভূতি কেবল প্রকৃতির কাছে গেলেই বুঝা যায়। আমি বার বার সমুদ্রের কাছে গিয়েছি। বার বার পাহাড়ের কাছে গিয়েছি। বার বার ঐতিহাসিক স্থানগুলোতে গিয়েছি। ক্লান্তিকর, একঘেয়ে এবং বিশৃঙ্খল এই পরিবেশে কিছুটা শান্তি পাওয়ার আশায়। এবং প্রকৃতি আমাকে কখনোই ফিরিয়ে দেয়নি। টেকনাফ থেকে তেতুলিয়া ঘুরেছি। সুন্দরবনটাই কেবল বাকি। সুন্দরবন শেষ করে যাত্রা হবে পার্শ্ববর্তী দেশ ভারতে। বেঁচে থাকার দিনগুলোতে আমি দেখে যেতে চাই পৃথিবীকে। ক্যামেরার চোখে নয়, নিজের চোখে। ইন্টারনেটের এই যোগে পৃথিবী দেখা খুব সহজ। কিন্তু নিজের চোখে কোন দৃশ্য দেখার অনুভূতি কেবল প্রত্যক্ষদর্শীই বুঝতে পারে।
সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




