আমি সব সময় জীবিত লেখকদের সম্ভাবনা আর অপারগতাগুলারে সম্যক করতে চাই । তাদের দুর্বলতা নির্ধারণই আমারে আমার লেখায় জায়গা দিয়া রাখে। আমার লেখার সামনে তারা কী কইরা জিব্বা আটকাইয়া, চোখ বেঁকাইয়া বইসা থাকেন আর মৃদু মৃদু হাসেন আমার তা ভালো লাগে। বা কোনো কোনো লেখক এই যে আল্লার দেওয়া বাকযন্ত্রখানি প্যাকেট কইরা আপনাপন সাহিত্য রক্ষা করতে আছেন... সবই আমারে আনন্দ দেয়। এগুলা ছোট আনন্দ। তবু পাইতে চাই। পছন্দ নামের কৃপা আমার ভালো লাগে না; আমার আগ্রহ ভক্তিতে বা বিস্ময়ে... বা অপছন্দে বা ঘৃণায়... লোকলজ্জায়ও।
কবিতা লেখার পর কারো ভালো লাগার কোনো গুরুত্ব নাই আমার কাছে। বরং যার কাছে কবিতাটা পছন্দ হইল তার কাছে তো সেইটা প্রায় আশীর্বাদেরই মত; সে কেন সেই কবিতা লইয়া চিন দেশে চইলা যায় না! যাদের কবিতা আমার ভালো লাগে তাদের সামনে সেইটা প্রকাশ করার স্পর্ধা আর নির্লজ্জতা আমারে পর্যুদস্ত কইরা রাখে। কবিতার বাজারে পাঠকের এই প্রশান্ত সমঝদারের ভঙ্গি... এই বুঝতে পারা বা না পারার চেষ্টা... হায় পাঠক, আপনের তাইলে কী হবে! আপনে তাইলে কী করবেন? আপনে কবিতার বাইরে বাইরেই ঘুরবেন! আপনে ছোট ছোট কবিদের সঙ্গে লুচি ভাজি খাইতে খাইতে মাসুদ খানের তীরে বইসা কবিতার সেকেন্ডারি মিনিং লইয়া ব্যস্ত হইয়া পড়বেন! পড়েন।
তবে এইটা ব্যাপার—যাদের লেখালেখির কোনো গুরুত্ব দেই না তাদেরও কেন সঙ্গে যাইতে চাই? বোধ করি সেই পুরাতন ভ্রম: সাহিত্যিকরা পাঠকদের চাইতে গুরুত্বপূর্ণ। হইতে পারে। কারণ যিনি লেখক তিনি তো সক্রিয়...। পাঠক—এক গ্রাহকযন্ত্র মাত্র। লেখক—হয়তো কোনো লেখকই নন তবু তার উপস্থিতি আমারে পিতৃত্বের নিরাপত্তা দেয়। আমার তার দরকার আছে।
রচনাকাল: ৭/৪/২০০৯
সর্বশেষ এডিট : ০৯ ই আগস্ট, ২০০৯ দুপুর ১:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


