রাগ করেছি, তাতে কী হয়েছে?
তাই বলে আমার জলের সুতায়
তোমায় টান পড়াতে হবে? ওই
জলই যে আমার সব! মধ্যরাতের
নির্বাক সুখ। তাই; সিলিঙের কার্নিশে
অপলক তাকিয়ে থেকে জল গড়াই
সেই ক্ষণে। কিন্তু; তুমি আমার ওই
জলটুকু কেন নিতে চাইছো?
রাগ করেছি, তাতে কী হয়েছে?
তাই বলে আমার রোদ্দুরে তোমায়
স্নান করতে কে বলেছে? যেটুকু রোদ
আমার আছে, ওটুকু নয় আমারই থাক?
তোমার তো রোদ্দুরের কমতি নেই, তাই
মিছিমিছি ভাগ বসাতে এসেছ কেন?
রাগ করেছি, তাতে কী হয়েছে?
তাই বলে আমার স্বপ্নে তুমি কেন
ভিজতে আসো? পোড় খাওয়া নিঃস্বের
কাছে আর যে কিছুই নেই! ওই স্বপ্ন
নিয়েই আমায় ভীষণ বাঁচতে ইচ্ছে
করে। মনে পড়ে কী সেই উক্তিটি
"আমি ভিজলে কেবল আমিই ভিজি
কিন্তু তুমি ভিজলে যে শহর ভিজে যায়।"
আমার কাছে যে আর কিছুই নেই।
যা ছিল, সব নিংড়ে দিয়েছি তোমায়।
তবুও কেন আমায় বারবার বিরক্ত
করতে আসো? যা চেয়েছিলে, চোখ
বন্ধ করে মুঠোভরে দিয়ে দিয়েছি
তোমায়। আর কী চাও তুমি?
আমার রাগটুকু? ওটুকু না হয় থাক?
ও না থাকলে যে আমি আর আমাতে
বাঁচতে পারবো না!
তোমায় অনুরোধ করছি, আমার শেষ
সম্বলটুকু কেড়ে নিয়ো না। আমি এখন
শুধুই একটুকরো বিরক্তি; সবার কাছেই।
আমার আমিতে আমায় বাঁচতে দাও, প্লিজ।
তোমার সুখে কখনো ভাগ বসাতে যাবো না।
রাগ করেছি, তাতে কী হয়েছে?
কী হয়েছে? বলো?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




