পহেলা ডিসেম্বর শনিবার। এলো মহান বিজয়ের মাস। সময় গলতে গলতে দেশের জীবন থেকে ৪১ বছর শেষ হয়ে গেল। এমাসের সাথে জাতীয় জীবনের সম্পর্ক রাজনৈতিক, সাংস্কৃতিক ও আবেগের। আমাদের লাল-সবুজ পতাকা, নিজস্ব মানচিত্র, নিজস্ব সত্তা-পরিচয় ও বিকাশের বীজ এ মাসেই পূর্ণরূপে অঙ্কুরিত হয়েছিল। যখনই ডিসেম্বর আসে তখন দেশপ্রেম ও দ্রোহের ফল্গুধারায় প্লাবিত হয় গোটা দেশ, এমনকি প্রবাসী বাংলাদেশীদের প্রতিটি হৃদয়।
১৯৭০ সাল পর্যন্ত আমাদের জাতীয় জীবনবোধে ইংরেজি বছরের শেষ মাসটির তেমন আবেদন ছিল না। পরের বছর ১৯৭১ সাল থেকেই এর সাথে নিবিড়ভাবে জড়িয়ে যায় বাংলাদেশের নামটি। এ মাস এলেই দেশপ্রেমিক জনতাসহ জাতীয় জীবনের সর্বত্র লাগে আবেগের ঢেউ। দীর্ঘ চল্লিশ বছরের ব্যবধানেও স্বকীয় বৈশিষ্ট্য সমুজ্জ্বল, প্রত্যাশা ও প্রাপ্তির প্রতীক এমাসটি।
১৯৭১ সালে টানা ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রাম ও অসংখ্য শহীদের তাজা রক্তের বিনিময়ে অর্জিত হয় এ দেশের স্বাধীনতা। বাংলার দামাল ছেলেরা পরাধীনতার শেকল ছিঁড়ে এ স্বাধীনতা ছিনিয়ে আনে। ১৯৪৭ সালের ১৪ আগস্ট প্রতিষ্ঠিত পাকিস্তানের একটি প্রদেশ পূর্ব পাকিস্তানের ভাষা ও আঞ্চলিক স্বায়ত্তশাসনের দাবিতে পর্যায়ক্রমিক সংগ্রামের চূড়ান্ত পর্যায় ছিল স্বাধীনতা সংগ্রাম। পূর্ব পাকিস্তানের ওপর পশ্চিম পাকিস্তানীদের অত্যাচর, নিপীড়নের বিরুদ্ধে প্রবল আন্দোলনের চরম পর্যায়ে স্বাধীতার আওয়াজ ওঠে। দাবি আদায়ের আন্দোলনে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ রাজপথে নেমে আসে। বিজয়ের জন্য বাংলার সংগ্রামী জনতা সংগ্রামের প্রস্তুতি নেয়।
১৯৭০ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ নিরংকুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও পূর্ব পাকিস্তানের জনগণকে মুক্ত করার উদ্যোগ- আয়োজন ছিল না। পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান এ অঞ্চলের নেতা শেখ মুজিবুর রহমানের সাথে আলোচনার নামে কালক্ষেপণ করতে থাকেন। এ অবস্থায় একাত্তরের ‘কালরাত' পঁচিশে মার্চে নিরীহ জনগেষ্ঠীর ওপর হানাদার বাহিনী ঝাঁপিয়ে পড়ে। সাধারণ মানুষ, চিকিৎসক, প্রকৌশলী, শিক্ষক, বুদ্ধিজীবী, সাংবাদিক, সাংস্কৃতিক ব্যক্তিত্বকে নির্বিচারে নিধন করা হয়। গ্রেফতার হন সংগ্রামের নেতা শেখ মুজিব । এমন এক উদ্বেগাকুল পরিস্থিতিতে চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ২৬ মার্চ তৎকালীন মেজর জিয়াউর রহমানের (পরবর্তীতে প্রেসিডেন্ট) স্বাধীনতা যুদ্ধের ঘোষণা পেয়ে দিকভ্রান্ত জাতি মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে। তাদের অপরিমেয় ত্যাগের বিনিময়ে অর্জিত হয় স্বাধীনতা। এভাবেই পরাজিত পাক বাহিনীর রাহু থেকে বাংলাদেশ পৃথক দেশ হিসেবে বিশ্ব মানচিত্রে ঠাঁই করে নেয় স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




