আম্মু বলে আমি নাকি একবারে পিচ্চি বয়সেই আয়ূব বাচ্চুর ”মেয়ে তুমি কি দুঃখ চেন” গানটা গাইতাম। কিভাবে গাইতাম তাও অনুকরণ করে দেখায় আম্মু। খুবই হাস্যকর সেটা। আমার সেসব মনে নেই, তবে যতদূর মনে পড়ে প্রথমবার তাকে দেখেছিলাম খুব সম্ভবত ২০০৭এ, তখনও অনেক ছোট আমি, ক্লাস ফাইভে পড়ি। আর গত ৫ তারিখে ক্যাম্পাসের র্যাগ কন্সার্টে তার সাথে দেখা হয় দ্বিতীয় ও শেষ বারের মত।সবাই অনেক আনন্দ উল্লাস করে উপভোগ করেছিলাম তার গিটারের সুর। কিন্তু কে জানত ঠিক ১২দিনের মাথায় তিনি সবকিছু এলোমেলো করে দিয়ে চলে যাবেন। কিংবদন্তী ব্যন্ড তারকা আয়ুব বাচ্চুর মৃত্যুর সংবাদটা দেশের সংগীত প্রেমীদের জন্য সত্যিই অনেক বড় একটা ধাক্কা।
তবে আমি আরও যে একটি জায়গায় ধাক্কা খেয়েছি তা হল, রূপলী গিটারের জাদুকর পৃথিবী ছাড়তে না ছাড়তেই কতিপয় জনগণ তার শূণ্যস্থান পূরণের চেষ্টা করছেন। আশ্চর্য! কিভাবে সম্ভব ? আর তার শূণ্যস্থানে বসিয়েছেন ভারতীয় বাংলা রিয়েলিটি শো সা রে গা মা পা এর বাংলাদেশী প্রতিযোগী নোবেলকে। হতভম্ব হতে হয়! সিরিয়াসলি ?
আচ্ছা, আমি মেনে নিলাম নোবেল অনেক ভাল গান গেয়েছে। সে আসলেই অনেক ভালই গায়। কিন্তু তাই বলে তাকে এতটা উচুঁতে তুলে ধরাটা নেহায়েত বাড়াবাড়ি পর্যায়ের আলোচনা নয় কি ? সে তার মেধা দিয়ে, তার অধ্যবসায় দিয়ে একটা জায়গায় পৌঁছেছে । তাকে তার মত করে এগিয়ে যেতে দেওয়া উচিত। এখনই তাকে নিয়ে এত মাতামাতি করাটা সমিচীন নয়। তাও আবার আয়ুব বাচ্চুর মত তারকার জায়গায় বসিয়ে দিয়ে!
আয়ুব বাচ্চু যে গানগুলো আমাদের উপহার দিয়ে গেছেন তা আমাদের মাঝে বেঁচে থাকবে চিরকাল। আমি মনে করি না যে সেগুলো ধরে রাখার জন্য বা বাচিঁয়ে রাখার জন্য আলাদা করে কাউকে লাগবে। এমন ধারণা থেকে বেরিয়ে আসা উচিত। তবে কেউ চাইলে নিজের মত করে চেষ্টা করতে পারে, সেটা ভিন্ন কথা। তবে গানগুলো যেন বিকৃত না হয় সেটাই অনুরোধ।
আর খুব সহজেই কারও অলটারনেটিভ পাওয়াটা আসলে সম্ভব নয় যেটাকে আমরা স্বভাব বানিয়ে ফেলেছি। আর আয়ুব বাচ্চুর মত মহারথীর অলটারনেটিভ আপনি কিভাবে পাবেন ? তিনি তার মত করেই আমাদের মাঝে বেঁচে থাকবেন। সরাসরি কারও মাধ্যমে নয়।
পরিশিষ্ঠঃ কিংবদন্তীদের বিকল্প কেউ হয় না। আর কিংবদন্তী তৈরীও করা যায় না। তারা জন্ম নেন যুগে যুগে। কেউ তার মেধা, শ্রম দিয়ে অনন্য কোন উচ্চতায় পৌঁছাতে পারে। তবে সেটা শুধুমাত্র তারই অবস্থান। অন্যকারও জায়গায় সে নয়।

ছবিঃ ফেসবুক থেকে
সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০১৮ রাত ১২:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



