ছোট বেলা থেকেই চশমা পড়ি।' চোখে সমস্যা । বেশ মনে আছে তখন স্যুটকেস নিয়ে ইশকুলে যেতাম। এখনকার মত বাহারি ব্যাগের প্রচলন ছিলোনা। আমার সাথে ব্যাগের পাশাপাশি চশমাও ইশকুলে যেত। ঠিক আমার নাকের উপর ভর করে। ক্লাশ ফোরে থাকতেই চশমার উপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়েছিলাম। সেই নির্ভরশীলতার গতি আজও সমানভাবে প্রবাহমান। সেই ছোটবেলায় চশমা ছাড়া পুরো পৃথিবীটা ছিলো ঝাপসা। ভীষণরকম ঝাপসা।
ক্লাশ সিক্সের শেষ থেকেই ঘরের ভিতর অন্যরকম হাওয়া। আব্বা চুপচাপ বসে থাকেন। তার সিলভারের অর্থাৎ এলমুনিয়ামের হারি পাতিল তৈরীর কারখানা পুড়ে ছাই হয়ে গেছে। সেই সময়ই শুনতে পেতাম যে ক্ষতির পরিমান প্রায় ১০ লক্ষ টাকা। ১০ লক্ষ টাকা যে কত বেশী বা কত কম টাকা সেই ধারনা ছিলোনা। এটুকু বুঝতাম আব্বা শোক কাটিয়ে ওঠার চেষ্টা করছেন। আর আমাদের দিনগুলো অন্যরকম হয়ে যাচ্ছে। ক্লাশ সেভেন-এ থাকতে গরীব দেবী আমদের ঘরে পাকাপোক্তভাবে আশ্রয় নিলেন। গরীব দেবী না বলে অভাব দেবী বলা ভালো। দেবীরা কখনও গরীব হননা, তারা ভক্তদের গরীব করেন মাত্র।
ক্লাশ সেভেন-এ থাকতে আমার চশমার ফ্রেম ভেঙে গেল। ঘরে তখন অভাব দেবী তার উপস্থিতি প্রতি মূহুর্তে জানান দিচ্ছেন। তাই ভেঙে যাওয়ার সাথে সাথে আর চশমা কেনা হলোনা। আব্বার মুখে অপারগতার ছাপ। চশমা ছাড়াই দিন যেতে লাগলো। প্রথমপ্রথমভীষণ সমস্যা হত। পুরো পৃথিবীটা ভীষণরকম ঝাপসা মনে হত। চার হাত দূরের মানুষ বা জিনিসকে স্পস্ট দখতে পেতাম না। একটা সময় এই ঝাপসা পৃথিবীটাই আমার কাছে স্বাভাবিক হয়ে উঠলো। ক্লাশে স্যাররা জিজ্ঞেগ করলে বলতাম চোখ ভালো হয়ে গেছে। চশমা ভাঙতে পারে কিন্তু মধ্যবিত্তের আত্নসম্মানবোধটাকে'তো আর জলাঞ্জলী দেয়া যায়না।
বেশ কয়েকমাস পরে একদিন আব্বা আমাকে নিয়ে বের হলেন। তখনও বাইরে বের হলে আব্বার হাত ধরে হাটতাম। আব্বা নিয়ে গেলেন কোট কাছারির পেছনে। সেখানে শস্তায় ফ্রেম পাওয়া যায়। পকেট থেকে আমার চশমার কাঁচ বের করে দোকানে দোকানে ঘুরছেন। অবশেষে এক বৃদ্ধ লোক কাঁচদুটোকে একটি শস্তা প¬াস্টিক কালো ফ্রেমে বন্ধি করে দিলেন। আব্বা যত্ন করে আমাকে চশমা পড়িয়ে দিলেন, তারপর বললেন, 'ঠিক আছে!!' অনেকদিন পর পৃথিবীটা আবার ষ্পষ্ট হয়ে উঠলো, সবকিছু এত পরিষ্কার...
আজ আব্বা নেই। চশমার পাওয়ারও বেড়েছে। তবু পৃথিবীটা প্রতিদিনই একটু একটু করে ঝাপসা হয়, কিন্তু স্মৃতি কখনো ঝাপসা হয়না....

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


