একটা পোস্ট কিভাবে স্টিকি হয় জানিনা, এটা জানি যে স্টিকি পোস্ট লিখবার ক্ষমতা আমার নেই। কিন্তু এই পোস্টটা স্টিকি হওয়া প্রয়োজন । ভীষণ প্রয়োজন। জীবনের চেয়ে মুল্যবান কিছু নেই। বেঁচে থাকার চেয়ে সুন্দর কিছু হতে পারেনা। এই পোস্টটি জুড়ে সাড়ে ৪(চার) মাস বয়সী সুমাইয়ার জীবন বাঁচানোর আকুল আবেদন তার বেঁচে থাকার লড়াইয়ে অংশগ্রহনের মানবিক আহ্বান।
শহীদ। আমার ইশকুল জীবনের বন্ধু। স্কুলে তার টাইটেল ছিল হাসি। এই নামেই সে পরিচিত ছিলো বেশী। তার মুখে কেউ কোনদিন কোন মলিনতা দেখেনি। তার চেহারায় ভর করেনি বিপুল বিষন্নতা। সে কান ধরে উঠবোস করছে অথচ তার মুখে লেগে আছে প্রশান্তির একটুকরো হাসি। সেই দিনগুলো শেষ হয়ে গেছে অনেক আগেই। আমাদের যোগাযোগও ছিলোনা তেমন একটা। মাঝে মাঝে তার অফিসে ঢু মারতাম বা সে আমার অফিসে। তবে তার হাসিটুকু অটুট ছিলো আগের মতই। ছোট চাকুরী, উর্দ্ধমূখী বাজারদর, বড় বড় অপ্রাপ্তি আর নিম্নমধ্যবিত্তের বলয় সেই হাসিকে বিষন্নতায় পরিণত করতে পারে নাই। আমরা যারা খুব সহজে হেসে উঠতে পারিনা, তারা ওকে ঈর্ষা করতাম, ভীষণ রকম ঈর্ষা।
শহীদ দুদিন আগে রাতে আমাকে ফোন করেছিল। অনেকদিন পর। ওর গলাটা বিষন্ন এবং কান্নায় ভারী হয়ে আছে। জানলাম তার আদরের একমাত্র কন্যাসন্তান সুমাইয়া ভালো নেই। পাঁচ বছরের ছেলের পর আদরের মেয়ে। একামত্র মেয়ে। তাই বাবার মন সামান্যতে বিচলিত হতে পারে। কিন্তু ঘটনা সামান্য নয়। সুমাইয়ার লিভারে এবং হার্টে জটিল সমস্যা। পাশাপাশি অন্য সকল উপসর্গ। মাত্র সাড়ে ৪ (মাস) বয়সে সুমাইয়া সহ্য করছে অসহ্য করুণ যন্ত্রণা।
শহীদের বাসায় গিয়েছিলাম ফোন করবার পরদিন। সে সুমাইয়াকে সুস্থ্য করবার জন্য চেস্টার কোন ক্রটি করেনি। দেশের অনেক নামকরা ডাক্তার তাকে দেখেছেন। সবাই মতামত দিয়েছেন অপারেশন করাতে হবে। তাদের মতে দেশে এপোলো হসপিটাল এই অপারেশন করানোর জন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। ভারতের প্রখ্যাত ডাঃ দেবী শেঠিকে ই-মেইল করে সুমাইয়ার মেডিক্যাল রিপোর্ট পাঠানো হয়েছিলো। তিনিও বলেছেন যত তাড়াতাড়ি সম্ভব অপারেশন করতে। কিন্তু অপারেশন করাবার জন্য প্রস্তুতি গ্রহন করা যাচ্ছেনা। সুমাইয়াকে বাঁচানোর লড়াইয়ে এখন সে প্রায় নিঃস্ব। তার পরিবারের এমন ধনবান কেউ নেই যে এগিয়ে আসবে। শহীদ জানেনা কিভাবে কি হবে। কোথা থেকে জোগাড় হবে মাত্র ৫ লক্ষ টাকা।
সুমাইয়ার অপারেশন অতি দ্রুত করা প্রয়োজন। কিন্তু একটা একটা করে দিন চলে যাচ্ছে। সমস্যা জটিল থেকে জটিলতর হচ্ছে। টাকার কাছে হেরে যাচ্ছে বেঁচে থাকার লড়াই, বাঁচিয়ে রাখার লড়াই। প্রিয় ব্লগার, মাত্র ৫(পাঁচ) লক্ষ টাকা হলেই সুমাইয়ার অপারেশন ডাঃ দেবী শেঠির তত্বাবধানে ভারতে করানো সম্ভব। প্রিয় ব্লগার, আমরা সকলে সহযোগিতার হাত বাড়ালেই ফিরিয়ে দিতে পারি সুমাইয়ার অপাপবিদ্ধ শৈশব, বর্ণালী কৈশোর আর যাপনের জন্য পুরো একটা জীবন। আমরা কি বাড়বো না আমদের মানবিক হাত তাঁকে বাচানোর জন্য!!
প্রিয় নটর ডেমিয়ান (আর্টস এইচ এবং জি, ৯২ ব্যাচ), শহীদের কথা মনে আছে তোদের। যার ডাক নাম ছিলো হাসি। খুব সাধারন আর সহজ-সরল একজন মানুষ। বিশেষত্ব শুধু মুখে একচিলতে অমায়িক হাসি। আজও মুখে হাসি আছে তবে গভীরতম কষ্টের হাসি। আমরা এই কষ্টকর হাসিটাকে মুছে দিতে পারি অনায়াসে। শুধু প্রয়োজন আমাদের হাত বাড়ানোর সদিচ্ছা। এই সদিচ্ছাটা জেগে উঠুক তোর মনে, সবার মনে।
(কেন হুমায়ূন আহমেদ বা মুহম্মদ জাফর ইকবাল হলাম না! কেন আনিসুল হকের মত মানবিক ভাবে লিখতে পারিনা। যে লেখা মানুষ কে তাড়িত করে এগিয়ে আসবার জন্য; অন্তরের সকল ভালোবাসা নিয়ে হাত বাড়াবার জন্য। এই অক্ষমতা কুড়ে কুড়ে খাচ্ছে প্রতিনিয়ত। কুড়ে কুড়ে খাচ্ছে যতবার মনে পড়ছে সাড়ে ৪ মাস বয়সী সুমাইয়ার যন্ত্রণা কাতর মুখশ্রী, মলিন হাসি আর দূর্বল নড়াচড়া।
আমি সাধারন মানুষ এক, এই কষ্ট পুষে রাখাই হয়তো নিয়তি আমার। কিন্তু সকলে মিলে সুমাইয়ার প্রতি হাত বাড়িয়ে অন্তত আর একবার’তো নিয়তিকে বুড়ো আঙ্গুল দেখাতে পারি। বলতে পারি বেঁচে থাকা সুন্দর, আমাদের সাথে সুমাইয়াও বাঁচবে।)
সাহায্য পাঠাবার ঠিকানা-
আবু সাঈদ আহমেদ,
একাউন্ট নং ঃ- ১৫১৩২০০৭২৬১৭৯০০১, ব্রাক ব্যাংক লিমিটেড।
ই-মেইল: [email protected]

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


