১।
কামরাঙা না কামরাংগা -এ নিয়ে আমাদের প্রায়শঃ তর্ক হতো।
ক্যাম্পাসের ফলওয়ালা মামুর কাছ থেকে কামরাঙা কিনতে যেয়ে...
উচ্চারণ কি হবে এই নিয়ে আমাদের অমিল ছিল।
তুমি একটু মোলায়েম স্বরে, ঠোঁট গোল করে বলতে "কামরাঙা" !
শীতের কবোষ্ণ রোদে ভিজে যখন ফলওয়ালা মামুকে আব্দারের স্বরে বলতে, মামু কামরাঙা দ্যান, ঝাল একটু বেশি- কি দারূণ ই না লাগতো!
আর আমি বলতাম কামরাংগা।
তুমি কত চেষ্টাই না করেছো তোমার মত করে যাতে কামরাঙা বলি। না পেরে আমাকে গেঁয়ো, ক্ষ্যাত বলে ক্ষেপিয়ে দিতে চাইতে।
আর আমার অস্ত্র ছিল কামরাংগার সন্ধি বিচ্ছেদে কিংবা চোখ টিপে জিজ্ঞেস করতাম আচ্ছা "কামরাংগা" শব্দটার সমাস বিশ্লেষন করে বলো তো ... তখন তোমার অবস্থা হতো পাকা করমচার মতো- লাল গোলাপি!
তবে উচ্চারণ নিয়ে অমিল থাকলেও, কামরাংগা বিষয়ে আমাদের একটা মিল ছিল - কামরাংগার সন্ধি বিচ্ছেদ বা সমাস বিশ্লেষণের কারনেই হোক...উচ্ছল সেই দিনগুলিতে এই আপাত অরঙীন সাদামাটা ফলের প্রসঙ্গ এলেই আমরা দুজনেই লাল হয়ে উঠতাম। তুমি কিছুটা বেশি আর আমি একটু কম। তোমার লাল হওয়া বোঝা যেত লাজরাঙা দু'গালে আর আমার লাল ছড়িয়ে পড়তো ভেতরে-
সাদামাটা টকটক একটা ফলের এমন সেক্সি নাম কেন কে জানে?
অবশ্য সেই সেক্সি নামের বদৌলতে লাল লাল হওয়ার সাথে সাথে আমাদের মধ্যের দূরত্ব ও দ্বিধার পর্দাও বোধ হয় কেটে যেতে শুরু করেছিল -
আমরা এসেছিলাম অনেক কাছাকাছি।
২।
গতকাল আমাদের বিয়ের বিশ বছর হলো।
গত বিশ বছরের দৈনন্দিন বিবাহিত জীবনে আমরা আরো অনেক সেক্সি-অশ্লীল শব্দ ব্যবহার করতে শিখেছি। তোমার মত আপাতঃ লাজুক ও কঠিন মহিলার শব্দভান্ড এত সমৃদ্ধ তা কে বলবে!
তবে এখন আর এসব শব্দ তেমন ছায়াপাত করে না।
আমরা সেসব শব্দেও লাল হয়ে উঠি না।
এ যেন প্রাত্যহিক একটা ব্যপার!
গত রাতে পার্টি শেষ হয়ে যাওয়ার পরে নির্জন ব্যালকনিতে বসে সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে জীবনের অদ্ভূত অধ্যায়গুলোর কথা ভাবছিলাম।
প্রথম যৌবনে তোমার কাছাকাছি আসা, জীবনের গতিতে আবার দূরে সরে যাওয়া কিংবা সংসারের প্রয়োজনে দূরে সরে থাকা... একসময়ে বনিবনা না হওয়া, পৃথক বসবাস - দু'জনের দু'জনাকে আর প্রয়োজন নেই এটা বিশ্বাস করতে চাওয়ার চেষ্টা... হাসি পায় ...
একসময় মনে হয় আবার যদি সেইসব দিন শুরু করা যেত...
৩।
আকাশ পাতাল ভাবনার এমন সময়ে তুমি এলে...
দরজার ওপাশ থেকে মুখ বাড়িয়ে বলে উঠলে, কি ব্যাপার ... এখানে তুমি?
কি করছো?
হঠাৎ একটু মোলায়েম স্বরে, ঠোঁট গোল করে চাঁপা হাসি হেসে বলে উঠলে, কামরাঙা খাবে?
এ কি , তুমি কি রাঙা হয়ে উঠলে!
আমিও কি?
বহুদিন আগের মত...
চরিত্র, কাহিনী: কাল্পনিক
ছবিসূত্র: ইন্টারনেট
সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০০৯ সকাল ৮:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


