আমি আর সেইসব মানুষের মতই যারা নিজেদের অনন্য বলে ভাবতে ভালবাসি। এবং অবশ্যই একটি উদ্দেশ্য আছে এর পেছনে। যেমন একটি কুকুরের উদ্দেশ্য থাকে কারণে অকারণে জিভ দোলানোর প্রায় সেরকমই। আপনিই বলুন, উদ্দেশ্য ছাড়া কি মানুষ হয়....একটা লক্ষ্য একটা গন্তব্য, কোথাও একটা পৌছানো। হ্যা, এই বিষয়টায় অন্যদের সাথে আমার মিল রয়েছে; আপনি ঠিকই ধরেছেন। আমি আশা করেছিলাম যে আপনি ধরতে পারবেন। তাহলে আপনাকে খুলেই বলি ব্যাপারটা। অন্যদের সাথে আমার মিল খুঁজে পেলেও একটি বিষয়ে আমি সত্যিই অনন্য। আমি যখনই বুঝতে পারি কোন বিষয়ের প্রতি আমার আর আগ্রহ নেই আমি সেখান থেকে সরে আসি। এমনকি কোন মানুষের ক্ষেত্রেও। আপনি আমার কথাগুলোকে হয়ত বিশ্বাস করছেন না, কিন্তু অনেকগুলো চাকুরী আমি ঠিক এই কারণেই ছেড়েছি। আসলে বিষয়টা হল এমন যে আমি প্রকৃতই একজন স্বাধীন অনন্য মানুষ। কি, আমার কথা আপনার বিশ্বাস হচ্ছেনা! আমি আপনাকে নিজের খরচে আমি যা করেছি তা একটা একটা করে প্রমাণ করে দেখাবো। আমি মিথ্যা বলছি না, আপনি চলুন। আশ্চর্য আপনি হাসছেন!!! চলুন আমার সাথে। কি বললেন! অনন্যতা প্রমাণের জন্য আমার কোথাও যেতে হবেনা, আমি এখানেই তা প্রমাণ করতে পারব?!!!কিভাবে? না না আপনি এটা কি বলছেন, আপনাকে পছন্দ হয়েছে বলেই তো আপনার সাথে এত কথা বলছি। আপনি আমাকে আপনাকে অপছন্দ করতে বলছেন? আপনার সত্যি মনে হয় তাতেই আমার অনন্যতা প্রমাণ হবে। কিন্তু এটা তো আমি করতে পারিনা আমি আপনাকে ভেতর থেকে পছন্দ করতে শুরু করেছি। এটা অন্যায়। প্লিজ এভাবে হেসে উঠবেন না আমার অস্বস্তি হচ্ছে, নিজেকে আমার খুব সাধারণ মনে হচ্ছে। দেখুন এমনিতে আমি কিন্তু আগ্রাসী মানুষ নই, আমি ভদ্রভাবে বলছি আপনি আপনার কথা ফিরিয়ে নিন। প্লিজ এভাবে চুপ করে থাকবেন না।
অনেকক্ষণ ধরেই নাপিতের কাঁচির শব্দ ছাড়িয়ে ডানদিকের ভদ্রলোকের বিড়বিড় শব্দ শফিক সাহেব শুনতে পাচ্ছিলেন । হঠাৎ আরো ভয়ানক শব্দ করে কিছু একটা যেন হুড়মুড় করে ভেঙ্গে পড়ল। শফিক সাহেব আতংক নিয়ে ডান দিকে তাকালেন এবং দেখতে পেলেন প্রায় তার সমান বয়সী একজন লোক রক্তাক্ত ন্যাড়া মাথায় গুঙ্গিয়ে কেঁদে কেঁদে অদৃশ্য কারো উদ্দেশ্যে বলছে, আমি অনন্য আমি এটা প্রমাণ করতে পারব। হয়ত দামী সেলুন বলেই ম্যানেজার তাকে অপমানজনক কিছু বললনা শুধু মাথার ক্ষতগুলোতে এ্যান্টিসেপটিক লাগাতে লাগাতে বলল,`স্যার আয়নার দামটা কিন্তু আপনাকে দিয়ে যেতে হবে।'

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



