একটা সময় মনে হতো মন টন বলে কিছু নেই আমার। কিন্তু সময়ই সবকিছু জানিয়ে দিয়ে যায় সবাইকে। কারো চোখে চোখ পড়লে কতটা প্রিয় সর্বনাশ হতে পারে তাও জেনেছি। তারপর একটা প্রাসাদ তৈরি করে নিয়েছি কল্পনায় কিন্তু বাস্তবের মাটিতে ভিত ছিলনা বলে যা হবার তাই হয়েছে। চোখের এতো কান্না, এতো মেঘ যে কোথা থেকে আসে? ইচ্ছে করে সব কান্নাকে রেখে আমি চলে যাই সেই নিরদয়ার কাছে। আমার দিনগুলো কেটে যায় একাকী নির্জনতায়। চারপাশের পরিচিত জনের কোলাহল নেই । কোন বন্ধুর উপস্থিতি নেই। সম্পূর্ন একা। সারাক্ষণ ছোট্র ফ্ল্যাটের ছোট কামরায় কেটে যায় আমার দিন। ভাবি আর কল্পনায় জগতে মেলে দেই আমার সমস্ত সত্ত্বাকে। কখনো কখনো আমর ভাবনাগুলে এলোমেলো। অশান্ত উন্মুক্ত ঢেউয়ের মতো অবিন্যস্ত অসীম আমার স্বপ্নগুলো। শরতের মেঘমুক্ত আকাশ কিংবা বর্ষণ সিক্ত দুপুরের মতো আমার কল্পনা, আমার একাকীত্ব!
একাকীত্ব যেন কেমন! কখনো দেয় অঢেল আনন্দের স্বাদ, আবার কখনো তীব্র কষ্টে আচ্ছাদিত করে ফেলে আমার সবকিছু। গুমোট একটা কান্না তখন বাসা বাঁধে আমার বুকের ভেতর। কপোল বেয়ে গড়িয়ে পড়েনা। চারপাশের মানুষ গুলো বড়ো অদ্ভুত। তাল মেলাতে পারিনা এদের সাথে। তাই গড়ে নিয়েছি নিজস্ব একটা পৃথিবী। এখানে শরতের আকাশ কথা বলে আমর সাথে। শেষ বিকেলের ডুবে যাওয়া মুহূর্তের সূর্যটা কি এক আশ্চর্য রঙ ছড়িয়ে যায় আকাশে। সেই সাথে রাঙিয়ে দিয়ে যায় ছাদে বসে থাকা এই আমাকেও। ঝমঝম করে ঝরে পড়া বৃষ্টির সুঁচ বিধানো ফোঁটা ধুয়ে দিয়ে যায় আমার সমস্ত গ্লানি। মধ্যরাতে নারিকেল পাতার ফাঁক দিয়ে বিছানায় গলে পড়া চাঁদের আলো সমস্ত ঘুম কেড়ে নেয় আমার! ছুটে যাই বারান্দায়। নৈঃশব্দের রাত্রি একাকার হয়ে মিশে গেছে চন্দ্রপ্রভের সাথে। ভাবতে ভালো লাগে প্রকৃতি তার আপন ভালো লাগা ঢেলে দিয়েছে শুধু আমারই জন্য!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


