উনত্রিশে অক্টোবর ২০০৭। নাহিনের ব্লগ পড়তে এসে সামহয়ারইন ব্লগে রেজিস্ট্রি করি। প্রথম ব্লগ "৭ই নভেম্বর ২০০৪" লিখেছিলাম অক্টোবরের ৯ তারিখে। সেই ব্লগে মন্তব্য ছিলো মাত্র দুটো। আমার বাংলায় ব্লগ লেখা সামহয়ারইন থেকে শুরু নয়। তখন (সদ্য বিলুপ্ত) ইয়াহু ৩৬০ প্লাটফর্মটাকেই ব্লগিং'এর জন্য বেশী ভাল লাগতো। সামুতে প্রথম দিকে শুধু কপি পেস্ট ব্লগ দিতাম, মানে ইয়াহু ৩৬০'তে লেখা ব্লগগুলোই কপি করে এখানে পোস্ট করতাম, আর ব্লগ পড়তাম প্রচুর। সামুতে এসে প্রথমেই যে জিনিসটা আমার চোখে লাগে তা হলো - কোন কোন ব্লগে অশ্রাব্য ভাষায় ব্লগারদের গালিগালাজ। ইয়াহু ৩৬০'তে আমরা ব্লগিং করেছি ২০০৫ থেকে কিন্তু ওখানকার ব্লগে গালিগালাজের স্থান ছিলনা। স্বভাবতই একটা ধাক্কা লাগে, কিন্তু অনেক পরে বুঝতে পারি যে সেটারও প্রয়োজন ছিল সামুতে। তারপর ২০০৮এর জানুয়ারী ও ডিসেম্বরে মাত্র ২টি করে ব্লগ দেই, মাঝখানের সময়টায় আর ব্লগে আসা হয়নি অনেকটা সে কারনেই। পহেলা জানুয়ারী ২০০৯'এ কিছু লিখি
বছরের প্রথম দিনটা থেকেই আমি সামুতে নিয়মিত হতে শুরু করি। তারপর ক্রমেই পরিচিত হয়ে উঠি এই পরিবেশে, ভাল লেগে যায় অনেক ব্লগারের লেখা। কিন্তু একটা সময় বুঝতে পারি আমি ঠিক ব্লগের মূল ধারাটার সাথে মিশে যেতে পারছিনা। কারনটা আবিস্কার করতে সময় লাগেনি। অনেককে দেখতাম ব্লগে জমিয়ে আড্ডা দেয়, কিন্তু আমি পড়ে থাকি আমার নিজের ব্লগ নিয়ে। অনেকের ব্লগে কমেন্ট করি, কিন্তু হৃদ্রতা না থাকায় কমেন্টের উত্তর গুলো হয় "ধন্যবাদ" টাইপের। সে কারনেই নিজেকে কেমন যেন আলাদা মনে হয়। যে কোন কমিউনিটিতে নিজেকে পরিচত করে তোলার সব চাইতে ভাল উপায় হচ্ছে কোন আড্ডায় অংশ নেয়া। সে সময় বাবুয়া সংক্রান্ত জটিলতার পর গনহারে জেনারেল ব্যান হওয়া শুরু হয়, আমার একটি পোস্ট ও কিছু কমেন্টও মুছে ফেলা হয়। সেই সুত্র ধরেই পরিচয় হয় ব্লগার শিরোনামহীনের সাথে। তারপর অনেক ভাল ব্লগারকে ব্লগ ছাড়তে দেখে চলমান প্রতিবাদের অংশ হয়ে পোস্ট বিরতি দিয়ে বসে থাকি কিছু দিন।
একসময় পরিবেশ শান্ত হয়ে আসে, ব্লগাররাও ফিরতে থাকেন সামুতে। সেই সময় রোবোট ভাই ও কাঁকনের আড্ডা পোস্টে অনেকটা অযাচিত ভাবেই ঢুকে পরি, কমেন্টের পর কমেন্ট করে নিজেকে পরিচিত করে তুলতে চেষ্টা করি। এবং এতে কাজ হয়, ব্লগে একটা বন্ধু সার্কেল তৈরী হয় আমার। তখন থেকেই ব্লগের মজাটা বেড়ে যায় ফলে আরও বেশী সময় দিতে থাকি এখানে। মার্চ মাসে গড়ে প্রতি দুদিনে একটা করে ব্লগ, এপ্রিলেও মোটামুটি সেরকমই হারেই ব্লগ দেই, আর অসংখ্য কমেন্ট করি। মে মাসে মোট ২৯টি ব্লগ পোস্ট করলেও কয়েকটি ব্লগ ড্রাফট ও পরে ডিলিট করে দেই। সে সময় মা দিবস ব্লগ সঙ্কলন নিয়ে আমার দুটি পোস্ট দুবার স্টিকি করা হয়, ফলে পরিচিতিটাও বেড়ে যায়।
নিজেকে এলিট শ্রেনীর বা সেলিব্রেটি ব্লগার ভাবার কোন অবকাশ নেই আমার। রাতের পর রাত জেগে যে সব অখাদ্য গল্প আর ফান ব্লগ লিখি, তার পাঠক মূলত আমার স্বজনেরাই। আটপৌড়ে জীবনের যে সব গল্প আমার লেখায় উঠে আসে, তার অনেকগুলোই আমার বা বন্ধুদের জীবন থেকে নেয়া। ব্লগে নিজেকে সবসময় যে কোন রকম বিতর্কের উর্ধে রাখার চেষ্টা করি। বিতর্কিত প্রসঙ্গের ব্লগগুলোতে কমেন্ট করি ভেবে চিন্তে, অনেকগুলো এড়িয়েও যাই। নিজের দৈনন্দিন হাজারো ঝুটঝামেলা সামলানোর পর ব্লগের ভার্চুয়াল জীবনটাতে আর বিতর্কে জড়াতে ইচ্ছে করেনা। কাজের প্রয়োজনে দিনের অনেকটা সময় ব্লগে লগইন করা থাকলেও সবসময় ব্লগ পড়া বা লেখা সম্ভব হয়ে ওঠেনা, কাজেই যেটুকু সময় থাকি এখানে, সে সময়টুকু নির্ঝঞ্ঝাটে কাটাতে চাই।
অসাধারন কিছু মানুষের সাথে পরিচিত হয়েছি ব্লগে এসে। তাদের কয়েকজনের কথা না বললেই নয়। প্রথমেই যার নামটা নিতে চাই, তিনি হচ্ছেন - আহমাদ মোস্তফা কামাল ভাই। শ্রদ্ধেয় কামাল ভাই সন্দেহাতীত ভাবে অত্যন্ত উঁচুমানের একজন লেখক ও স্বজ্জন মানুষ। আমার ব্লগে ওনার মাত্র দুটি কমেন্ট আছে, কিন্তু সে দুটি কমেন্টই আমার কাছে অনেক প্রিয়। আমার একটি গল্পের অন্তস্থিত ভাবটি উনি মাত্র কয়েক লাইনে যে ভাবে তুলে এনেছিলেন, আমি পড়ে অবাক হয়ে গিয়েছিলাম। লেখার সময় গল্পের কেন্দ্রিয় চরিত্রটির যে ছবি আমার মনে আঁকা ছিল, উনি ঠিক সেটাই বলেছিলেন। কামাল ভাইকে ব্লগে দেখিনা অনেকদিন। আশা করি উনি আবার আমাদের মাঝে ফিরে আসবেন।
নাজনীন খলিল আপুকে কেন যেন ভয় পেতাম খুব। উনার লেখা অসাধারন সব কবিতা পড়তে বহুদিন ওনার ব্লগে ঘুরে এসেছি, চুপিচুপি প্লাসও দিয়েছি, কিন্তু কমেন্ট করার সাহস হয়নি। আপু একসময় আমার ভয় ভাঙ্গিয়ে দিয়েছেন, মজার সব কমেন্ট করে বুঝিয়ে দিয়েছেন কত বড় মনের মানুষ উনি। এখন ওনার ব্লগে বা কমেন্টের জবাবে দুষ্টুমি করতে আর ভয় পাইনা।
ব্লগের সর্বসত্ব সংরক্ষিত করে রাখা নুশেরা আমার দেখা আরও একজন অসাধারন মানুষ। নুশেরার পোস্টে বাংলা ভাষার মাধুর্য আমাকে তার লেখার প্রতি আগ্রহী করে তোলে। পরে একটা সময় বুঝতে পারি, শুধু লেখাতেই না, মনের দিক দিয়েও নুশেরা অনেক বড় মাপের একজন মানুষ। সমবয়সী হওয়াতে নুশেরার সাথে খুনিশুটিতে মেতে থাকা আমার একটা প্রিয় কাজ। আমার লেখাগুলোতে বানান ভুল সংশোধন করে দেয়াই শুধু না, আমাকে আরও লেখার জন্য উৎসাহিত করতেও নুশেরার চেষ্টার কমতি দেখিনি।
মা দিবসের ব্লগ সঙ্কলন টি তৈরী করতে গিয়ে পরিচয় হয় জানা আপুর সাথে। অসাধারন এই আপু ব্লগের গন্ডী পেড়িয়ে আমার ব্যক্তিগত সুখ দুঃক্ষেও আমার পাশে থেকেছেন সবসময়। বাবুর অপারেশনের সময় নিয়মিত খোজ খবর নিয়েছেন ফোন এবং এসএমএস করে। তেমনি ভাবে আরিল আমার কষ্টের সময় গুলোতে ফেইসবুক এবং আওয়াজে আমার পাশে থেকেছেন, হয়ে উঠেছেন আমার একান্ত স্বজন।
ভার্সিটির বড় আপু শ্রাবনসন্ধ্যা কেমন করে যেন অনেক আপন হয়ে গেছেন। ভার্চুয়াল পরিচয়ের সীমাবদ্ধতা অতিক্রম করে আপুকে এখন আমার পরিবারের একজন বলেই মনে হয়। শ্রাবন আপুই একমাত্র আপু, যিনি আমাকে তুই করে বলেন
ব্লগিং অথবা নেট লাইফটাকে কখনই খুব বেশী সিরিয়ার ভাবে নেইনি আমি। কিন্তু ব্লগে পাওয়া ভার্চুয়াল বন্ধুদের অবদান আমার জীবনে নেহাৎ কম নয়। হয়তো তাদের অনেকের সাথেই ব্লগের বাইরে দেখা তো দুরের কথা, কথা পর্যন্ত হয়নি, তবুও তারা আমার জীবনেরই একটি অংশ। তারা যেমন আমার আনন্দের সাথী হয়, তেমনি কষ্টের দিনেও হয় সমব্যাথী। তারা আমাকে উৎসাহ দেয়, অনুপ্রানিত করে আরো লিখবার জন্য। ঘর পালানো, ঠিকানা বিহীন আমি যেন নিজেকে খুঁজে পাই তাদের মাঝে। নাম ধরে বলতে গেলে অবস্যই শতকের ঘর পেরিয়ে যাবে, তাই সবাইকেই একসাথে আমার কৃতজ্ঞ্যতা জানাই।
শুভ কামনা সবার জন্য। সবাই ভাল থাকবেন।
{ অপ্সরা কেমন করে যেন আমার শততম ব্লগের আইডিয়াটা আগেই টের পেয়ে গেছিলো। ঝাতি এর বিচার চায়
ছবি সুত্রঃ
সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০০৯ দুপুর ২:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


