১.
মিছিলটি সেদিকে যাবার কোন কথা ছিলো না। টাউন হলের মোড় থেকে ডিসি অফিসের সামনে শেষ হবে বলে শুনেছিলাম। অত বড় কোন কর্মসূচী নয়। তবুও বেশ ভালোই অংশগ্রহণ হয়েছে। তানিম আমাদের দলকে সমর্থন করলেও মিছিল টিছিলে যেতে আগ্রহী ছিলো না। মাঝে মধ্যে দু’একটা ঘরোয়া সভায় এসে চেহারা দেখিয়ে যেতো। সেদিন কেন যে এলো!
তার বাবা আমাকে আগেই তেমন একটা ভালো জানতো না। মহল্লার পঞ্চায়েত বলে সবাই তাকে চেনে। একটা বড় দলের স্থানীয় নেতাও। সভাপতি টভাপতি হবে বোধ হয়। আমি পাত্তা দিই না। সেই পাত্তা না দেয়াই কাল হলো। তানিম নিজ ইচ্ছাতেই মিছিলে এলো। মিছিলে অংশগ্রহণকারীর সংখ্যা বেশি দেখে একটু বেশিই ঘোরাঘোরি হচ্ছিলো। ক্ষমতাসীন দলের অফিসের সামনে যেতেই পুলিশ বাধা দিলো। সবাই দাড়িয়ে থাকলেও তানিমকে দেখলাম হাতা গুটাতে। তাকে থামাতে যাবার আগেই শুয়ে পড়লো। একটা চিৎকার দেয়ারও সুযোগ পেলো না। কিন্তু গুলিটা কোন দিক থেকে আসলো তার কোন হদিস পাওয়া যায়নি।
থানার ওসি মামলা নিতে না চাইলেও এমপিকে দিয়ে ফোন করিয়ে আমার নামে মিথ্যা হত্যা মামলা দায়ের হলো। আমি ওসব ঝামেলায় জড়াতে চাইনি। আবার অনেকদিন হলো কোথাও বেড়াতে যাই না। সুযোগ বুঝে বেরিয়ে পড়লাম।
মা হয়তো এতোদিনে জ্যোতিষ দেখিয়ে আমার শনির দশা আবিষ্কার করে ফেলেছেন। নইলে বেড়াতে এসে আবার গন্ডগোলে পড়ার কোন মানে হয় না। এটাকে সিনেমাটিকও বলা যায় না। এতো ঘনঘন ঘূর্ণিঝড় হলে কি বিরক্তই না লাগে। প্রতিবছর দু’একটা লেগেই আছে।
এখন কোন আত্মীয় বা পরিচিত মানুষের বাড়িতে নেই। সম্পূর্ণ অপিরিচিত বিশাল এক বাড়িতে আমি আশ্রয় পেয়েছি। কিন্তু ওরা আমাকে জোর করেই ধরে রেখেছেন এবং রাতে একা থাকতে দিয়ে ভালোভাবেই রেখেছেন। বাড়িতে প্রায় সব ঘরই পাথরের। একটিমাত্র ইঁটের ঘর আছে। যেখানে আমি আছি। ইঁটের উপরের চামড়া ক্ষয়ে যাবার কারণে পুরো ঘরটাকে লাল রঙের দেখায়। লালতো আবার আমার সহনীয়। যদিও একসময় রক্ত দেখে বমি করতাম।
শোবার ঘরের সব ক’টি দেয়াল মাত্রারিতিরিক্ত সমৃদ্ধ। কারো না কারো জীবনের কথা খুব সুন্দরভাবে লেখা আছে। “সকালটা লেবু রঙা, দুপুরটা সাদাকালো সিনেমার মতো আর রাতটা বসন্তের সন্ধ্যার মতো”- এটা পশ্চিমের দেয়ালে আমার থেকে সর্বোচ্চ মার্ক প্রাপ্ত কথা। ঘরের এক কোণে বেশ কিছু চুলের ফিতা আবিষ্কার করে এ ঘরে থাকা আগের মানুষটি যে মহিলা, সে বিষয়ে সিদ্ধান্ত নিয়ে নিলাম। আরো ভাবলাম- তার কাছে সকালটা খুব সতেজ, কারণ রাতটা বসন্তের সন্ধ্যার মতো নতুন বৌয়ের মুখ। বেচারনীকে বোধ হয় দুপুরের সময়টাতে কোন বিষয় আটকে রাখতো, তাই সে অতীতে চলে যেতো। তার মানে সে সুখী ছিলো না। অন্তত ক্লান্তি বিনাশের সময়ে যদি সে সাবলীল না ছিলো, তবে অসুখীই বটে।
২.
বাড়িতে বুড়োর সংখ্যা মাত্রারিতিরিক্ত বেশি। নানান ধাঁচের নানান সাইজের বুড়োদের আভ্যন্তরীন যোগাযোগ অযোগ্য কূটনৈতিকের মতো। কেমন যে মুঠচাউল ব্যক্তিত্বের ভাব। সে যাই হোক, এদের কয়েকজন আবার আমাকে দিয়ে জর্দা সিগারেট আনাতে স্বাচ্ছন্দ্যবোধ করে। বর্ষাকালে এমনিতেই জর্দা তামাক ঝিমিয়ে থাকে। তার উপর গুঁড়িগুঁড়ি বৃষ্টিতো লেগেই আছে। আনার সময় একটু পলিথিনে মুড়িয়ে আনি বলেই আমি খুব দক্ষ বনে গেলাম। বুড়োদের একজন কাউকে গালি দিতে শালা কম্যুনিস্ট বলতে আরাম পায়। আমিও শুনতে আরাম পাই। গালির ঢংয়েই বুঝা যায় কম্যুনিস্ট মানেই ডেনঞ্জারাস পাবলিক। তা যদি হয় জমিদারের উত্তরসূরীর মুখে তবেতো আমার ধেই ধেই নাচার কথা!
মাকে ফোন করে জানা গেলো মামলার কোন অগ্রগতি নেই। মা অতিমাত্রায় হতাশ। বাবার খবর শুনিনি। নিশ্চয় দোকানে বেদম বেচাকেনা আছে। ওটা থাকলে সবই ভুলে থাকা সম্ভব। আসার সময় দোস্তের ল্যাপ্পিটা আনলেও নিজে ব্যবহার করতে পারছি না। অনলাইনে যাওয়া সম্ভব হচ্ছে না। এ বাড়ির লোকদের কম্পিউটারাইজড করতেই জান শেষ। গভীর রাতে যখন ফ্রি হই তখন আমি দেয়ালের সাথে মিশে থাকি। ঘরের চারদেয়ালে অসংখ্য প্রশ্ন। তার জবাব লেখার চেষ্টা করছি।
এখানের রাতগুলো খুব হ্যাংলা। ঝিঁঝিঁ ডাকে না, অত গাঢ় আঁধার নামে না। গভীর রাত পর্যন্ত বুড়োরা ঝিকির করে, বকবকায়। আমি যে সিগারেটসেবী, এটা একবুড়ো জেনে গেছে। নিজেরটা শেষ হলে মাঝরাতে দরজায় টোকা দিবে। খুলতে দেরী হলেই “শালার কম্যুনিস্ট” বলে চিৎকার করবে। সিগারেট খুব প্রিয় বলে ওটা নিয়ে মিথ্যা বলি না। মাঝে মাঝে যখন আমার সর্বশেষ সিগারেটটা তার হাতে তুলে দিই তখন আমিও মনে মনে “শালার কম্যুনিস্ট” বলেই গালি দিই।
৩.
বাড়িটির শরীরের চাইতে পেট বড়। উঠোন আছে কয়েকটা। প্রয়োজনের তুলনায় ঘরও অনেক বেশি। কোন কোন অংশকে অজানা কোন কারণে রাজাকার ক্যাম্পের মতো লাগে। জমিদারের বাচ্চারা কতো বেশি পরিমান জমি দখল করে রেখেছে। তারউপর একেকটার ভাব দেখে মনে হয় নব্বই’র দশকের হিন্দি সিনেমার নায়িকার বাবা। বাড়ির বৌগুলোর কাজ খালি সাজগোজ করে থাকা আর রাতের অভিসারের জন্য সারাদিন গায়ে ফুল চন্দন মাখা। সে কাজ খুব ভালোভাবেই করে বলে মনে হয়। দূর্গা দেবীর মতো আমারও যদি দশ হাত থাকতো, তবে বরাবর দশটা রাইফেলই নিতাম। সমস্যা নেই, এখন আর রক্ত দেখে বমি হয় না। আমি জীবিত থাকতে থাকতে যদি পার্টি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয় তবে এ বাড়িকে শিশুপার্ক বানানোর প্রস্তাব দিবো। আন্দাজ করে নেয়া দমবন্ধ করা অতীতকে ধুয়ে মুছে দিতে হবে।
খুব সম্ভবত আমাকে তারা এ বাড়িতে থেকে মুক্তি দেবে ভেবেছে। সন্ধ্যায় ঘরে ঢুকে আমার বইগুলোকে এলেমেলো দেখেই বিষয়টি সন্দেহ করি। আর মাঝরাতে যখন “শালার কম্যুনিস্ট” কর্তৃক বেহেশত দোযখের রচনা মার্কা বক্তব্য শুনি তখন ছেঁড়া স্যান্ডেল জোড়া কোন ব্যাগে রাখবো তা নিয়ে ভাবছিলাম। হঠাৎ মনে পড়লো এখান থেকেতো নোয়াখালীর সরাসরি কোন বাস বা ট্রেন নেই। ঢাকা হয়েই যেতে হবে। সুতরাং ভোরে ভোরে ট্রেন ধরে রওয়ানা দেয়াই ভালো।
আমার যে মন খারাপ হয় তাও বুঝতে পারলাম। এ বাড়িতে হাঁড় মাংসের একটা পুতুল আছে। খুব সুন্দর একটা বাচ্চা মেয়ে। আমি নিশ্চিত এ মেয়ে বড় হয়ে কারো সাথে প্রতারনা করবে না। পাজল খেলা আর ট্যাটু তার খুব প্রিয়। গালে ট্যাটু লাগাতে পছন্দ করে। আমি তার গালে প্রতিদিন ২টা করে ট্যাটু এঁকে দিই। সকালে আমার ঘুম ভাঙার পরই পড়ার টেবিলের সামনে তাকে আবিষ্কার করি। হাতে অবশ্যই ফেব্রিক্স আর তুলি থাকে।
তানিমকে নিয়ে তেমন ভাবতে হয় না। একেবারেই ভুলে থাকা সম্ভব। তানিমরা ৫ ভাই। সে ৩ নাম্বার। মেধাবী ছিলো বটে কিন্তু সংসারের কোন কাজে আসতো বলে মনে হয় না। আবার কোন প্রেমটেমও ছিলো না। মৃত্যুটা অস্বাভাবিক হলেও মেনে নেয়ার মতো। কিন্তু তার মৃত্যুর জের ধরে এ বাড়িতে অবস্থান মেনে নিতে পারছি না। ওই শালা কেন যে ওই দিন মিছিলে এসেছিলো! এখন আবার মামলাটাও ওর বাবার জন্য মানসম্মানের বিষয় হয়ে দাঁড়িয়েছে। অত সস্তায় আমাকে ছাড়বে না। দেখি পার্টি কি করে। নইলে নিজেই সাইজ করে নিবো।
৪.
ট্রেন ধরার এখনো ১ কিলোমিটার দেরী। কাদাপথ বলে হেঁটে হেঁটেই যাচ্ছি। আমাকে বিদায় দেয়ার পর বাড়ির সদস্যরা কি এখনো ঘরে ফিরে যায়নি? বাড়ির কাজের ছেলেটা ইচ্ছে করলে আমার সাথে আসতে পারতো। কিন্তু আসেনি। এখনো হয়তো মিথিল তার মায়ের কোলে থেকে কান্না করছে। হয়েতো তার গালে এঁকে দেয়া পুরো বাংলাদেশকে ঢলে মুছে ফেলেছে। কিন্তু তার মনের ভেতর জাগিয়ে দেয়া বাংলাদেশ দিন দিন ফুটতে থাকবে। এ স্টেশন থেকে ট্রেনের হুঁইসেলের শব্দ মিথিলদের বাড়ি থেকেও শোনা যায়। আমি নিশ্চিত, ট্রেন ছাড়ার শব্দ মিথিলের কানে গিয়ে টোকা দিতেই তার চারপাশকে দেখিয়ে দেখিয়ে কান্না জুড়ে দিবে। যেমন কেঁদেছিলো আজ তার গালে সর্বশেষ ট্যাটুটি এঁকে দেয়ার সময়।
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০১০ বিকাল ৪:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


