প্রতিটি ছেলে জীবনে একবার হলেও দেবদাস হয়, তার এই দেবদাস হওয়াটা তার পৌরূষত্ব কে পূর্ণতা দেয়। বেশিরভাগ ছেলে দেবদাস হয় প্রথম প্রেম বিয়োগের পর। অস্থির হাহাকার শুরু হয় তার মাঝে, এসময় সে সিগারেট খেতে শিখে, আকাশের দিকে অকারনে তাকিয়ে থাকে, কবিতা লেখে, হাল্কা পাতলা মদ্যপান/শুকনো পান করে প্রেমিকার নম্বরে ফোন দেয়। পার্বতীদের ফোন বরাবর বন্ধই থাকে, তবু দেবদাসরা হতাশ হয়না। সারাজীবনে আপনার কোন ফোন নাম্বার মুখস্থ না হলেও প্রথম প্রেমিকার নাম্বার আপনার আজীবন মনে থাকতে বাধ্য!
এসময় দেবদাসরা খোঁচা খোঁচা দাড়ি রাখে, গোসল করতে তারা প্রায়শঃই ভুলে যায়। পার্বতীদের স্মৃতি লালন করে তারা হা-হুতাশ করতে থাকে। বন্ধু মহলে পার্বতীদের নিয়ে নিত্য নতুন অশালীন ভাষায় গালি-গালাজ করে। এ যেন কিছুটা পার্বতী বিদ্বেষ জন্মানোর একটি বৃথা প্রচেষ্টা। বন্ধুদের কে তারা প্রেমের অপকারিতা সম্পর্কে বিষদ জ্ঞান দেয় এসময়।
আবহাওয়ার সাথে দেবদাস দের সম্পর্কটা বেশ গভীর। বৃষ্টি বাদলায় তারা নস্টালজিক হয়, আর নস্টালজিক হয় জোছনারাতে, তবে এসময় তারা চন্দ্রাহত হয়না, হাজারো তারার বুকে তারা পার্বতীকে কল্পনা করতে বেশ ভালোবাসে। এমনকি মাঝে মাঝে সিগারেটের নীল ধোঁয়াতে তারা পার্বতী কে দেখতে পায়। তারা পার্বতীদের মত স্বার্থপর হয়না ইউজুয়ালী। তারা একটু পরপর দূরে সরিয়ে রাখা ফোন হাতে নিয়ে দেখে কোন মিসকল আসে কিনা, নিদেন পক্ষে একটা টেক্সট!!হায়, পার্বতীরা বড্ড নিষ্ঠূর!
মাঝে মাঝে গভীর রাতে ফেসবুকে তারা পার্বতীদের নাম ফেসবুকের সার্চ অপশনে লিখে খোঁজে, যদি নিদেন পক্ষে তার একটা ছবি দেখা যায়, ছবি দেখে দেবদাসরা আন্দাজ করার চেস্টা করে তার সেই বোকা সোকা পার্বতী কতটা সুখে আছে! অধিকাংশ চেস্টা করে একটা মেইল করতে-ফলশ্রুতিতে পার্বতীরা তাদের ব্লক করে দেয়। পার্বতীরা বড্ড কস্ট দিতে ভালোবাসে, তাই বোধ হয় দেবদাসেরা বারেবারে ফিরে ফিরে আসে।
এরি মাঝে কিন্তু দেবদাসদের জীবনে ভালোবাসার প্যাকেজ নিয়ে আবির্ভাব হয় চন্দ্রমুখীরা। নতুন নতুন ভালোবাসার প্যাকেজে দেবদাস দের প্রথমে মৃদু সায় থাকলেও দিন আগানোর সাথে তা ঘনীভুত হয়।দেবদাসেরা প্রথমেই যে বোকামি করে, তা হল চন্দ্রমুখীদের মাঝে তারা পার্বতীদের খোঁজার চেস্টা করে। চন্দ্রমুখীর হাসি, চন্দ্রমুখীর গন্ধ, চন্দ্রমুখীর চাউনী সব কিছুকে তারা পার্বতীদের সাথে মেলানোর অকারন পরিশ্রম করে মূহুর্তের মিলে ভেবে নেয় এই তার পার্বতী!!
হায় দেবদাস!!
দেবদাসেরা চন্দ্রমুখীর সাথে রাস্তায়-পার্কে-চার দেয়ালের মাঝে আবদ্ধ থাকার সময়ও চোখে চোখে পার্বতীদের বেশ খোঁজে। তারা ভাবে, ইশ! পার্বতী হঠাৎ করেও কেন দেখা হয়না তোমার সাথে! চন্দ্রমুখীরা কখনো পার্বতীদের সাথে তাদের ফারাক বোঝেনা, পার্বতীর সাদা কালো স্মৃতি যে চন্দ্রমুখীর রঙ্গিন বাস্তবতার চাইতে বড্ড বেশি সুখের তারা তা জানেনা।
হায় চন্দ্রমুখী!!
পার্বতীরা কিন্তু বড্ড সুখে থাকে। তারা ঝটপট বিয়ে করে বেশ সংসারী হয়, বছর ঘুরতে না ঘুরতেই বাচ্চার মা হয়ে সুখী রমনী হয়ে পড়ে। তারা একসময় ভুলেও যায় তাদের জীবনে দেবদাস নামের কারো অস্তিত্ব ছিল। পার্বতীদের স্মৃতি কাতর হওয়ার সময় হয়ে উঠে না। নিজেকে সান্ত্বনা দেয়ার জন্য হয়তো তারা ইচ্ছে করে সেইসব স্মৃতি ভুলে যায়। মাঝে মাঝে একঘেয়ে সংসারে তারা গভীর রাতে ছোট একটা দীর্ঘ শ্বাস ফেলে! দেবদাসেরা এভাবেই কল্পনা করে নেয়!
হায় পার্বতী!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




