ভাবনা যখন কবিতা
সৈয়দ আফসার
কবিতা ভাবনা কি? এ মুহুর্তে কবিতা নিয়ে আমি কি ভাবছি হয়ত থাকেই বুঝায়। কিন্তু কথা হচ্ছে কবিতা ভাবনা কি আমার দৈনন্দিন জীবনযাপনের অভিজ্ঞতালব্ধ থেকে আলাদা কিছু, তা কি জীবন থেকে আলাদা? কারণ যে সৃষ্টিতে আনন্দ আছে, তৃপ্তি আছে, আছে পারিপাশ্বিকতা। ভাবনাকে এমনই ভাবি বাংলা কবিতা ভাবনা শুরু সেই চর্যাপদ থেকে, কিন্তু মনে প্রশ্ন জাগতেই পারে কবিতায় চর্যাপদ আমার দরকার কি-না? সে প্রশ্ন আসতে পারে কিন্তু নতুন দিনের বাস্তবতা, নতুন সময়ের নৈতিকতা চিন্তা মাথায় রেখে এই সময়ের কবিরা কি ভাবছেন?তখনই প্রশ্ন আসে আধুনিকা, প্রসঙ্গ তবে কি বলবো— আধুনিকা ত্রিশে শুরু হয়নি তারও আগেও শুরু হয়েছিল?নাকি সত্যিকার অর্থে আধুনিকতার শুরু আশির দশকে? আশির দশকের লেখকরা আধুনিকতাকে আবার উত্তরাধুনিকতা বলেন, তা কি সত্যিই উত্তরাধুনিতা? সে প্রশ্ন কিন্তু থেকেই যায়।একজন লেখক যেভাবে তাঁর জীবনকে তিনি যাপিত করবেন, তেমনি তাঁর যাপনের সঙ্গে ঘোরলাগা সময়ও অতিবাহিত করেন। হয়ত এটাই স্বাভাবিক।
এখন প্রশ্ন কবিতা নিয়ে আমার যে যাপিতজীবন, আমি কবিতাকে কিভাবে ভাবি— আমার কবিতায় উত্তরাধুনিকতা নয়, আধুনিকতা নয়, চর্যাপদের ঢাল নয়, মধ্যযুগের কবিতা ভাবনা নয়, আমি এই সময়ের কবিতা লিখতে চাই, নতুন করে শুরু করতে চাই। প্রশ্ন আসতে পারে, তা কিভাবে শুরু হবে? কিন্তু কিভাবে লিখবো তা আমার জানা নেই, কবিতা লিখতে লিখতে হয়ত সে-পথ খুঁজে পাবো, আবার হয়ত কোন এক সময় প্রমানিত হবে আমি যে গুলোকে কবিতা বলে পাঠকের দিকে যা চাপিয়ে দিচ্ছি তা আদো কবিতা নয়, তা বহু পুরনো প্রকাশ ভঙ্গি, তা কবিতার ভাষাই নয়। সুতরাং আমার সব প্রশ্নর উত্তর মিলবে আমার কবিতা থেকে।
কবিতা তিনটি ধ্বনির সমষ্টি একটি শব্দ মাত্র। যার ভেতর থাকে উম্মাদনা-উত্তেজনা-ভাবনা-সাধনা। লক্ষ্য-অনুভব-অনুভূতি দ্বারা নিয়ন্ত্রিতও বলা যেতে পারে। যদি কবিতাকে এভাবে ভাবি— ফুল ফোটার প্রথম কৌশল কাউকে বলেনি প্রস্ফূটিত না-হওয়ার আকাঙ্ক্ষা-যন্ত্রণা সে-ই ভাল বুঝে, তেমনি একটি কবিতা লেখার ভেতরের গল্প কবি ছাড়া আর কেউ বলতে পারবেন কি? একটি কবিতাকে পূর্ণ রূপ না-দেয়া পর্যন্ত তাঁর উত্তেজনার রেশ কাটবে না। কারণ কবিতা লেখার পেছনে কবির মনে হয়ত তিন ধরনের অনুভব-অনুভূতি কাজ করে, যেমন— লেখার আগের অনুভূতি, লেখার ভেতরের অনুভূতি, লেখার পরের অনুভূতি। আগে পরিস্কার করা দরকার কবিরা কি শুধু কবিতা লিখেন, নাকি পড়েনও? না তার বাহিরের অন্য কিছু তাঁকে আচ্ছন্ন করে রাখে? নাকি বিভিন্ন বিষয়বস্তুর ভেতর কবিকে ভাবায়? যদি তাই হয়, তবে বলবো কবিতা ভাবনা কবির প্রতিদিনের আশা থেকে উঠে আসা জীবনী, দোলায়িত কথা। আর কথাই যদি হয় কবিতার প্রথম স্তুতি তবে বলবো— কথা-ব্যর্থতা-কথকতা মিললেই বাধা হয় কবিতা। কবিতা ভাবনা বলতে অন্যকিছু ভাবি না, তাকালেই যখন দেখি ‘সারাদিনের ব্যস্ততা আমার চোখের সামনে এক পায়ে খাড়া!’ তাও হতে পারে ক্লান্তিহীন কবিতা ভাবনা।
কবিতা ভাবনাকে সারাজীবন এভাবেই ভাববো— যা এখনও অদৃশ্য থেকে গেল, এখনও উপলব্দি করিনি, যা এখনও লেখা হয়নি, ভাবিনি, স্পর্শ করিনি, স্মৃতিপটে হাঁটেনি, জলপথে নামেনি, আকাশপথে উড়েনি, ঘুমের মধ্যে জাগেনি, কাজের ফাঁকে পালায়নি তাই হতে পারে কবিতা ভাবনা।
সর্বশেষ এডিট : ২০ শে আগস্ট, ২০০৯ সকাল ৭:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




