(নিজের কোনো লেখাই অন্ততঃ বছর পাঁচেক পুরোনো না হলে মুল্যায়ন করা যায় না। অন্য আরো অনেকের মতোই লিখতে শুরু করেছিলাম পড়তে শুরু করার আগে। এরপর পড়ায় ডুব দিয়ে লেখার সাহস হারিয়ে ফেলেছি। আজ যা লিখছি পরদিনই মনে হচ্ছে কি ছাই পাশ! কিছু বোধ আছে যাদের জন্ম হয় অন্তরের অন্তরগহীনে, মনোঃস্তাত্ত্বিকরা বলবেন- অবচেতন। আসলেই তো! চেতন মনের অবকাশ কোথায় তাকে বোঝার! বোঝা না বোঝার দ্বন্দ্বে অনেকগুলোই হারিয়ে গেছে, না বুঝতে পারার তীব্র যন্ত্রণায় রয়ে গেছে কিছু। এদের কে পারি না এড়াতে। সুভাষ মুখার্যী'র বিষাদ এর মতো সারাক্ষন আমার মাথার ভিতরে (পায়ে পায়ে) ঘুরঘুর করে। ভীষণ রকম মানবিক হয়ে উঠে যখন একা থাকি। আমার কাছে আসে, হাত ধরে, এরপর খুব যত্ন করে ধীরে ধীরে আমার সর্বাঙ্গে আদর মাখিয়ে অবসন্ন করে হঠাৎ করেই ফেলে দেয় কোনো অন্তহীন খাদে। আমার অসম্ভব যন্ত্রণার চিৎকার কিছু শব্দের রূপ ধরে, ভাষারই বা অত সাহস কোথায় ভাবকে ধারণ করবার!)
।।এক।।
রঙিন কাফনে মোড়া উৎসুক চোখে
ছায়া ছায়া প্রতিবিম্ব দেখি;
মানুষ দেখি না।।
।।দুই।।
প্রতিটি মানুষেরই থাকুক
একটি করে চাঁদ;
একান্তে কথোপকথনের।।
।।তিন।।
ঘূর্ণিজল
ছলছল
দুঃসহ
মনমোহ।।
।।চার।।
ছাই আর কয়লা- একই আগুনের
শান্তি পাবে না জেনো,
পুড়তেই যদি ভয় তাহলে
পোড়াতে চাও কেনো!
।।পাঁচ।।
পরগাছা স্বপ্নগুলো ছুড়ে ফেলার সময় এখন
শতচ্ছিন্ন শেকড়গুলোর দিকে তাকিয়ে-
।।ছয়।।
সবুজের আহবানে
আজন্ম বিচ্ছিন্ন দু'টো নদী এক এক করে দ্বীপ গড়ে যায়
সংগোপন সঙ্গমের আগে।
।।সাত।।
নদী, পাহাড়, অরণ্য- কী না চষে বেড়াই!
অবিরাম-
আজও তুমি না পৌছানোরই দুরত্বে।
।।আট।।
কেন্দ্রে আছো! তোমাকেই
সৌরজগৎ আছে ঘিরে।
'অহল্যা' পুরনো হলে
পৃথিবী পাবে না 'শ্বাশ্বতী' রে।
।।নয়।।
করপুটে বিষ মেখেও যদি বলো-
"আমি তোমার চুম্বন-প্রত্যাশী"
আমি নির্দ্বিধায় নীল বিষে জর্জরিত হবো।
।।দশ।।
এইখানে শুন্যতা অবিরাম; হু হু বেদুঈন হাওয়া দিনরাত বয়ে যায়,
কখনো কখনো হলদে চাঁদের আভায় অকস্মাৎ মধ্যরাত্রির বুক খান খান করে
সুর্য উঠে দাঁড়ায় মাথার উপর,
তারাদের নীল গালিচা ভেসে যায় শুন্যতার পুজাপাঠে।
এই পথে পা দিও না-
।।এগার।।
ঘুম ছুঁয়েছে নতজানু বোধ,
ঘুম ছুঁয়েছে ভালোবাসা,
ঘুম ছুঁয়ে থাকা অহল্যারাতে,
নৈরাশ্যের অধিকারে আশা।
।।বার।।
আসছি বলেই নিরুদ্দেশে-
চলে যেতে পারে ক'জন এমন!
আসছি বলেই চলে যাওয়া যায়!
।।তের।।
এখনো- জোৎস্নাজলে
শিখিনি সাঁতার!
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০১৫ রাত ৩:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


