রাত দুটো।
একটু ভাবুনতো- মাঠের মাঝখানে এমন ছোট্ট একটা ব্রীজ করে রাখার কী মানে! অদ্ভুত! দুপাশে কোনো রাস্তা নেই। চারপাশে নেই কোনো জলধারা, একপাশে একটু দূরে রেললাইন অন্যপাশে এর সমান্তরালে চা-বাগান কতোদূর গেছে জানা হয়নি। কিন্তু মধ্যমাঠে এই বিচ্ছিন্ন দ্বীপের মতো এই ব্রীজটা কেনো তৈরী করা হলো! যাইহোক ভালোই হলো আমাদের জন্য- কি বলুন? জোৎস্নাস্নাত সুনসান নিরব রাতে বহুদূর হেঁটে আসার ক্লান্তিটা একটু দূর করে নেয়া যাক এর উপর পা ছড়িয়ে বসে।
একবার চাঁদটাকে দেখুন!
“রাতের ঘুমের নিরব সময় মুখর তোমার নামের গানে
প্রতি মুহূর্ত ফুটে ঝ’রে যায়, ফেটে মরে যায় ফুলের মতো,
...কঙ্কা-কঙ্কা-কঙ্কাবতী
কঙ্কাবতী গো!”
আজকের কঙ্কাবতী আর কেউ নয়, এই চন্দ্রসুন্দরী ছাড়া। যেনো বহুদিন ধরে অপেক্ষা করে আছে ‘সাকী’ হয়ে রাতের পেয়ালায় তার আজন্ম লালিত রূপসুধা দিয়ে কোনো এক মধ্যরাতে, গন্তব্যহীন আমরা চার যুবক কে আকন্ঠ পান করিয়ে জীবনের সমস্ত লেনদেন ভুলিয়ে দিতে।
একটু আগে পিছনে ফেলে আসা চা-বাগানের পাশের ছোট্ট রেল ষ্টেশনে ছোট্ট খুপড়ি-দোকানে বসে আমরা যখন চা খাচ্ছিলাম, তখন লোকজন কেমন উৎসুক চোখে আমাদের দেখছিলো লক্ষ্য করেছেন? একজনের অতিউৎসাহী প্রশ্ন- ‘কোথায় যাবেন?’টাকে পাশ কাটিয়ে জাভেদ হঠাৎ বলে উঠলো, “চল একটু চা বাগান ঘুরে আসি, আজ পুর্ণিমা, চাঁদের আলোয় কচি চা পাতার ঝিকিমিকি দেখা যাবে”। কীবা উত্তর করতে পারতো ওই লোককে! আমরাতো আসলেই জানি না কোথায় যাচ্ছি। লোকজনের উৎসাহও অমুলক নয়- আমাদের বেশভুষাতো দেখছেন, কোথাও যাবার প্রস্তুতি নিয়ে আমরা ঘর ছেড়েছি বলে কি মনে হয়? কি আর করার ছিলো! দেখলেনইতো- মাত্র দু’মিনিটের সিদ্ধান্তে গন্তব্য ঠিক না করেই, সিলেট থেকে রাত আটটার মেইল ট্রেন ধরে কিভাবে অতদুর চলে এসেছি!
খুউব বেশি বিষয়-বিবেচনা করে যে আমাদের কিছু করা হয় না তাতো জানেনই।
রেল ষ্টেশন থেকে বের হয়ে, চা-বাগানের পাশ ধরে কচি পাতায় চাঁদের আলোর ঝিকিমিকি দেখতে দেখতে গল্পে গল্পে কখন যে এতদূর চলে এসেছি খেয়ালই ছিলো না।
নিঃসঙ্গ ব্রীজের ঊপর পা ছড়িয়ে বসে গল্পে গল্পে অনেকসময় কাটলো, এখন কি করা যায় বলুনতো? আমাদের হয়ে কমল জিজ্ঞেস করলো জাভেদ কে- “এবার কোনদিকে যাবো বল?” – কারণ জাভেদই আমাদের একমাত্র সিলেটের বন্ধু এবং মধ্যরাতে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানোর অভিজ্ঞতায় আমাদের সবাইকে ছাড়িয়ে। জাভেদ ‘তোদের ইচ্ছে’ বলে চাঁদের দিকে আরো একবার মুখ তুলে তাকালো। আজ যে কারোরই কোথাও যাবার তাড়া নেই! তবে, যাত্রাওতো থেমে নেই। দ্বিধা কাটাতে জোনায়েদ প্রস্তাব করলো-“চল উলটো দিকের ট্রেন ধরে এবার কুলাউরায় করিমা’র বাসায় যাই, শবে বরাতে সারারাত জেগে নামাজ পড়িয়ে ঘুমুতে যাওয়া কুলাউড়া মাসজিদ এর ঈমাম সাহেব করিমা’র বাবা সাত সকালে বিশ্ববিদ্যালয় পড়ুয়া তাঁর মেয়ের চারজন বন্ধু দেখে কেমন আঁতকে উঠে দেখা যাক!” করিমা সিলেতের কনজারভেটিভ মুসলিম পরিবার থেকে আসা আমাদের ক্লাসের সবচেয়ে মেধাবী ছাত্রীটি, চিনতে পেরেছেন? এমন উত্তম প্রস্তাবে না করার কোনো মানে হয় না। রাত চারটের ট্রেন ধরে রওনা হলাম কুলাউড়ার উদ্দেশ্যে। বিপত্তি ঘটলো- সকাল ছ’টায় কুলাউড়া ষ্টেশনে নেমে যখন দেখি আমাদের কারো কাছেই করিমার বাসার ঠিকানা নেই!
আশেপাশে কোনো মসজিদ খুঁজে পেলাম না। করিমা’র বাবার নামও জানা নেই, তেমন কোনো লোকও দেখছি না যাকে জিজ্ঞেস করা যায়- কীবা জিজ্ঞেস করবো! প্রয়জনীয় মুহূর্তে কাধের ব্যাগ থেকে ক্লাসনোট নেয়ার খাতা খুঁজতে খুঁজতে তার আইডিয়ার কথা বললো কমল। কুল্লুড়া থেকে ভ্যানে করে দু’ঘন্টা গেলে কোনো এক অজ পাড়া গাঁয়ে আমাদের আরেক ক্লাসমেট আফিয়া’র বাড়ি। ঠিকানা পাওয়া গেছে, জানালো কমল! ক্লাসনোট এর খাতায় সুদর্শন কমলকে আফিয়া কবে কী ভেবে তাঁর বাড়ির ঠিকানা লিখে দিয়েছিলো। শবে বরাতের বন্ধে আফিয়াও এখন বাড়িতে।
আমাদের সাথেই ট্রেন থেকে নামা, পাশে দাঁড়ানো পরিপাটি পোষাকের ভদ্রলোক্টি কী মনে করে জিজ্ঞেস করলো- “আপনারা কঠায় যাবেন?” গ্রামের নাম বলার পর জানালো সেও ওই গ্রামেই যাবে, আফিয়া’র চাচা স্থানীয় চেয়ারম্যান, ঠিকানার সাথে তার নামও ছিলো, নাম বলাতে বললো সে ওদের পাশের বাড়িতেই থাকেন, ভদ্রলোককে পেয়ে যেনো সারারাত জেগে দেখা চাঁদটাই এবার হাতে এলো।
ভ্যান এর পরিবর্তে ভটভটি ঠিক করে ফেললেন ভদ্রলোক, দু’ঘন্টার পরিবর্তে এক ঘন্টায় পৌছে গেলাম আফিয়াদের বাড়ি, সকাল সাড়ে সাতটায়। দরজায় নক করার কিছুক্ষন পর ওর বাবা এসে চোখ কচলাতে কচলাতে দরজা খুলে বিরুক্তি ছাড়াই জিজ্ঞেস করলেন- “তোমরা?”। পরিচয় দেয়ার পর দ্বিতীয় প্রশ্ন না করে আনন্দিত হয়েই যেনো ভিতরে যেতে বললেন। এটা অপ্রত্যাশিত! শবে বরাতের নামাজ পরে ক্লান্ত হয়ে ঘুমুতে যাওয়া পুরো বাড়িটা ধীরে ধীরে জেগে উঠলো। কিছুক্ষন পর আফিয়া আসলো, একে একে পরিচয় হলো মা, ছোট ভাই-বোন সবার সাথেই। চা এর সাথে ঘন্টাদুই গল্পের পর আন্টি এসে জানালেন রান্না করা শেষ। আহ! যে ক্ষুধাটা পেয়েছে, গতকাল রাত থেকে যে চা আর সিগেরেট ছাড়া আর কিছুই খাইনি দেখেছেন।
আন্টি এতো অল্প সময়ে এতকিছু কী করে করলেন- ভাবুনতো! আর বাটা মশলায় রান্না মুরগীর মাংস থেকে শুরু করে শুটকি ভর্তা প্রতিটা রান্নাই এতো সুস্বাদু হয়েছে! আন্টিকে নিঃসন্দেহে সিলেট অঞ্চলের সেরা রাধুনী বলা যায়।
পেটপুরে খাওয়া শেষ করে, আফিয়া’র কাছ থেকে জানলাম, ওদের ওখান থেকে বেশ কাছাকাছি মৌলভীবাজার ইকোপার্ক। ওর বলার ধরন দেখে কতোদুর বোঝা না গেলেও রওনা হলাম তার উদ্দেশ্যে। পথে লোকজনদের জিজ্ঞেস করতে করতে আমরা হাঁটতে থাকলাম ইকোপার্ক এর উদ্দেশ্যে। পাহারী উচু নিচু রাস্তা, কয়েকবার থেমে রাস্তার পাশের আদিবাসী দের দোকানে চা খেলাম। হাঁটছি আর হাঁটছি, রাস্তা যেনো আর শেষ হয় না। যতদুর পথই পাড়ি দিয়ে আসি, যাকেই জিজ্ঞেস করি, সবাই খালি বলছে- এইতো সামনেই! চারঘন্টা হেঁটে পৌছলাম ইকোপার্কে।
আদিবাসীদের জীবনযাত্রা, কিছু বন্য জীবজন্তু, পাহাড় আর জঙ্গল দেখতে দেখতে চমৎকার সময় কাটলো। মনে হলো- ইকোপার্ক করার যেমন অমানবিক কিছু দিক আছে আছে কিছু ভালো দিকও। একসময় হঠাৎ কে যেনো মনে করিয়ে দিলো একটা কাজ বাকী রয়ে গেছে!
করিমার বাসায় যাওয়া হয়নি। আমরা আফিয়ার কাছ থেকে ঠিকানা নিয়ে কেন যাচ্ছি না! ফেরার পথে অর্ধেক রাস্তা হেঁটে এসে রিকশা নিলামম কারণ ততক্ষনে সবারই পা ভারী হয়ে এসেছে। রিকশায় উঠে হঠাৎ আমার ডানপায়ে চোখ পড়লো- প্যান্ট এর নিচের দিকে অনেকখানি অংশ রক্তে ভিজে পায়ের সাথে আটকে আছে। জঙ্গলে হাঁটতে হাঁটতে কখন যে জোঁক ধরেছিলো টের পাইনি।
আফিয়া’র বাসা থেকে খেয়ে দেয়ে কিছুক্ষন গল্প করে রাত আটটায় আবার রওনা হলাম কুলাউড়া করিমা’র বাসার উদ্দেশ্যে। সকাল চ’টায় না পারলেও রাত দশটায় করিমা’র বাবাকে বিরক্ত করা যায় এমন মোক্ষম একটা সুযোগ পাওয়া গেলো! নাহ! ভদ্রলোক তেমন বিরক্ত হলেন বলে মনে হলো না। বরং যে কারো সাথে অল্প সময়ে গল্প জমিয়ে তুলতে পটু জাভেদ এর কল্যানে কিছুক্ষন পরই আমাদের বেশ খাতির যত্ন করতে শুরু করলেন। আমাদের জন্য রান্না হলো। খেতে বসলাম। বিশাল টেবিলের চারপাশে পুরো পরিবার মুগ্ধ হয়ে আমাদের খাওয়া দেখছে, করিমা’র পিঠেপিঠি বাকী ছ’বোন, বড় ভাইয়া, মা-বাবা, দাদী। ততক্ষনে অনেক রাত হলেও আমাদের জন্য জেগে আছেন সবাই। বেশ স্মার্ট মনে হলো দাদীটাকে। এবার ফিরতে হবে, পকেটের পয়সা ফুরিয়ে এসেছে সবারই, এখান থেকে আর অন্যকোথাও যাওয়া নয়।
ষ্টেশনে এসে, ভাইয়া রাত দেড়টার ট্রেনে আমাদের তুলে দিলেন। পুরো কামরা খালি। ট্রেন চলছে। জানালা গলিয়ে বাইরে তাকালাম, কিছুটা মৃয়মান হলেও চাঁদের আলোয় সৃষ্ট স্বর্গীয় আবহের প্রকৃতি এক নিমিষেই মুছে দিলো সমস্ত ক্লান্তি। এখনো একটা সমস্যা রয়ে গেছে- যা নিয়ে আপাতত না ভাবলেও চলবে- মেসবাড়ির গেট বন্ধ হয়ে গেছে এতক্ষনে, ভোরে পৌছে বাড়িওলা কে ঘুম থেকে ডেকে তুলে একটা গল্প বানিয়ে বলে, গেট এর চাবি নিতে হবে।
[গল্প বলা যায় একে। তবে, লেখার কোনো চরিত্র কিম্বা ঘটনা কাল্পনিক নয়।
২০০১ সাল এর কথা। শাবিতে পড়ছি তখন। কোনো এক (শবে বরাতে) পূর্ণীমায় উদ্দেশ্যবিহীন ঘর ছেড়েছিলাম আমরা ঘনিষ্টতম চার বন্ধু।
আমার জীবনের সবচে বড় পাওয়া বন্ধুত্ব। এ যাবৎ পাওয়া আমার সকল বন্ধুদের স্বরন করছি। অনেকেই জানে না তাদের আমি কী পরিমান ভালবাসি!]
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০১৫ রাত ৩:৩২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


