ভালো করেই জানি দুজন কেমন আছি।
একটুও রাগ নেই তো আমার তোমার উপর,
বুঝি তো, তাও স্বপ্ন দেখি, ছন্দ মুখর!
দায়ও বুঝি, দায়িত্বটাও, এবং সমাজ
কেন তোমার লাগবে সময়, নিশ্চুপ আজ।
তোমারও তো হতেই হবে দায়িত্বশীল
বিরতি তাই , ভালোবাসায়, কারন জটিল।
বুঝি বলেই রাগ করি না, ভালবাসি
ভীষন প্রেমে ভয় করি না, কাছে আসি
চাইবো না আর, দেবো শুধু, এই অধিকার
নিঠুর হয়ে কেড়ে তুমি নিও না আর।
আমি এখন ভালো আছি, কল্পনাতে!
দেখবে না আর যা দেখেছ নয়ন পাতে
এসিড ঢেলে দিলাম পুড়ে আয়না চোখের
মুখচ্ছবি দিলাম ঢেকে , ক্ষত বুকের
আমাকে আর দেখবে না গো, প্রেমিক রুপে
বন্ধ হলাম আমার আমি মৃত্যুকূপে !
এখন শুধুই কাজের আমি, ভীষন কাজে
আমায় পাবে সবার পাশে নতুন সাজে
বলেছিলে ডাকবে আমায় হুট কোনদিন
নিরবে তাই অপেক্ষাতে কাটুক না দিন!!!!
[ আমরা আমাদের কৃতজ্ঞতা পূর্ণ ভালোবাসার, পিতা মাতার প্রতি দায়িত্ব বোধের, সামাজিক দায়ের , জৈব জীবনের প্রয়োজনের সামনে বড় অসহায়। আর এই সীমাবদ্ধতা গুলোই আমাদের বাধ্য করে ব্যক্তিগত সবচেয়ে সুন্দর স্বপ্ন আর প্রেমকে বার বার বিসর্জন দিতে। আর তারপর প্রচন্ড একাকীত্বকে বরন করে নিতে। কষ্ট হয় , যখন দেখি , এই জাগতিক যুদ্ধে আমার ভূমিকা তোমার সহায়ক হতে পারে । আমি তোমার সম্পূরক হতে পারি, পরিপূরন করতে পারি পরস্পরের শূন্যস্থান।
We complete each other, we both know we do!
তারপরও আসবো না কাছে যদি না ডাকো। দূর থেকেই তোমার মঙ্গল, তোমার সাফল্য, তোমার প্রাচুর্য - স্বাচ্ছন্দ্য লাভের চেষ্টায় সহায়ক হবো । তোমার সমস্যায়, কষ্টে , যুদ্ধে আমাকে পাশেই পাবে। একেবারেই চাহিদা বিহীন।
আমাকে জয়ের জন্য, আমাকে ধারনের জন্য, আমাকে ধরে রাখার জন্য কোন বস্তু গত প্রাচুর্য বা সম্পদের প্রয়োজন নেই। চাই প্রচুর ভালোবাসা, তুমুল , দামাল ভালোবাসা। ওটা পেলে কুঁড়েঘরও স্বর্গ আমার কাছে। আমি চরম দারিদ্্র দেখেছি, যাপন করেছি ভীষন অন্ধকার.............আজকের আলোকিত প্রাচুর্য আমার অর্জন ঠিকই......কিন্তু এর প্রতি আমার কোন লোভ নেই, নেই কোন আকর্ষন । পাঁচতারা হোটেলের লবিতে আমি স্বচ্ছন্দ কিন্তু ঘৃণা বোধ করি।
আমাকে মাটির উঠোন টানে.........বৃষ্টি টানে..........সমুদ্্র টানে। তুচ্ছ করি বলেই হয়তো , অর্থহীন জানি বলেই হয়তো.......অর্থ আমার হাতে আসে , পায়ে পায়ে ঘোরে........আমি ফেলে চলে যাই। আমাকে ভালবাসা টানে............জীবন আমার প্রয়োজন.........কতগুলো কাজ করার জন্য .....লোভ নয়!!!!!]
সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০০৮ বিকাল ৫:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




