উফ! তোমরা থামো না কেন একটু?
ছেলেটা একটু ঘুমাতে চায়।
আর তোমরা ধরো সহস্র জীবনের বায়নাককা,
স্থূল , জল, মল আর উচ্ছিষ্টের লিস্টি!
ছেলেটা একটু ভিজতে চায়।
আর তোমরা অযুত হাহাকারে শুকাও বৃষ্টি!
আমি বুক পেতেছি, প্রিয়ম,
এবার আর কোন ভুল নেই!
নেই কোন দ্বিধান্বিত , অসহ্য সমীকরণ,
কোন গণিত বা মৌনতার ধর্ষন।
আমি বুক পেতেছি, তোমার বিছানা হবো বলে!
তোমার ভোররাতের দায়িত্ব থেকে হবে না বিচ্ছিন্ন।
রাতভর পাহারা শেষে ঠিক উঠিয়ে দেব সিজোফ্রেনিক ভোরে,
তোমার সবকটা নির্বোধ মুখোশ যত্ন করে পরিয়ে দেব
রাতভর সরল বোঝাবুঝির নিশানা মুছে , সহনীয় চায়ের কাপে!
তোমার সন্ধ্যার বারবণিতারাও বাদ যাবে না।
ওদের তুমি নিশ্চিন্তে ডেকো আমাদের উঠোনে!
তোমার শৈশবের আঘাত
তোমার কৈশোরের বিষ
তোমার যৌবনের অলঙ্ঘনীয় প্রেমিকা
তুমি তোমার সবটুকু নিয়েই আমার বুকে এসো।
তুমি তোমার মন্থিত সমুদ্র
তোমার না বলা বানী
তোমার অন্তঃহীন কাব্য
তোমার সবটুকু নির্লিপ্ত গবেষনা
তুমি তোমার সবটুকু একাকীত্ব নিয়ে আমার বুকে এসো।
চাঁদের আলো জ্বেলে বসে আছি।
একটু ঘুমাবে এসো!
কোন প্রশ্ন করবো না। আমি উত্তরের পলিকাদা নিয়ে বসে আছি!
কোন স্বার্থ নেই। নিঃশর্ত প্রেমের শ্রাবণ নিয়ে বসে আছি!
কোন দাবী নেই। প্রতিশ্রুতির খাঁটি রোদ নিয়ে বসে আছি!
তোমার গতিময়তাকে ভালবেসে বসে আছি,
সঙ্গিনী হবো ; আর দেব একটা নিশ্চিন্ত আশ্রয়
গ্রীলের এইপাশের একটি রাত্রিও একলা নয়,
আমার বিশ্বাসী বুকে ঘুমাবে তুমি!
সর্বশেষ এডিট : ১৫ ই মে, ২০০৮ দুপুর ১২:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


