১
নির্বিষ জলঢোঁড়া ঢেঊ গোনে জলের আসরে
সূর্য ঠিকরে পড়ে জ্যামিতিক জলমাখা গায়ে।
জলের ভিতরে জল, বাসা বাঁধে অবসাদ ঢেঊ,
ঢেঊয়ের বিছানা খোঁজে ঐতিহাসিক আঁধারের কেউ।
মিথ্যে শহরে মাছ ,ঢেঊ ভাঙে ঢেঊ গড়ে স্রোতে-
হতাহত কিছু মাছ অশ্লীল মাছরাঙা ঠোঁটে,
এ তবু অনেক ভালো ঢেঊ গুনে ঢেঊ মাখা গায়,
জলঢোঁড়া অপলক চোখে দেয় ঢেঊ আশ্রয়।
২
রাত-বিরেতে সোডিয়াম বাতি রাজপথ জুড়ে মিছিল করে,
চলছে শুধুই তাদের ধাওয়া-পাল্টা ধাওয়া।
শহরতলীর মৃত্যুশোকে দাঁড়কাকেরা শোকসভা করে,
পথের মোড়ে সঙ্গী তাদের পাগলা হাওয়া।
আমি কিন্তু যাইনা ভেসে ওদের সাথে,ওদের স্রোতে,
রাজপথের ঐ নদীতে আর ভাসাইনা নাও।
মিছিল থেকে ওরা যখন ফিরবে ঘরে নতুন ভোরে
তখন ওদের বলবো ডেকে -শহর বাঁচাও।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



