আদিম
প্রেমিকার শরীরে আমি বারুদের গন্ধ পাই।
অতলান্ত ঘুমে যখন বিভোর পৃথিবী,
অগ্নিশিখা জ্বলে ওঠে বুকের ভিতর।
সে আলোয় খোদাই করি প্রেমের চিহ্ণ।
শরীরের গহীনে শরীর কথা বলে ওঠে।
আকন্ঠ পান করি শরীরী শরাব,
নীলকন্ঠ মাতাল আমি-
প্রলয়ের আগুনে করি ছারখার।
যুদ্ধবাজ সৈনিক আমি;
প্রেমিকার উষ্ণ দেহে পাই বারুদের ঝাঁঝালো মিষ্টি সুবাস।
------------------------------------
মেঘবালিকার ঠিকানা
যেখানে যাই না আমি কোনদিনই
সেখানে যাবো ভাবি তাই
যেখানে সে আসেনা কখনো
সেখানে এখনও আমি যাই।
যাওয়া আসার এ গোপন খেলা বলিনা কাউকে
কাউকেই নয়;জানি তবু জানিনা।সব জেনে যায়,
সে তবু আসেনা এ তল্লাটে,কোনদিন নয়।
একদিন এসেছিল ভেবে করিনা এখন আর ভয়।
টানাপোড়েনের খেলা,যাওয়া-আসা পুনরায় যাওয়া,
খেলিনি কখনো আমি;ছুঁইনি এখনো আমি উত্তুরে হাওয়া।
যাওয়া আসার খেলা সাঙ্গ হলে
ভিড়ে যাই নীড়ে ফেরা পাখিদের দলে,
যেখানে যাইনি কোনদিনই
সেইখানে একদিন পৌঁছোবো বলে।
--------------------------------

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



